যেখানে এগিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি–টোয়েন্টি মানেই নাকি বাংলাদেশের পিছিয়ে থাকা। পরিসংখ্যানেও তার প্রমাণ। কিন্তু এবার বাংলাদেশ এগিয়ে আছে খুবই গুরুত্বপূর্ণ এক জায়গায়। পরিসংখ্যানকেই সাক্ষী মেনে জানাচ্ছেন মোহাম্মদ সোলায়মান

টেস্ট আঙিনায় বাংলাদেশের পা পড়েছে বড্ড দেরিতে। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ যেদিন প্রথম টেস্ট খেলতে নামল, ক্রিকেটের আদি সংস্করণের বয়স তখন প্রায় ১২৪ ছুঁই ছুঁই। ওয়ানডের সঙ্গেও বাংলাদেশের পরিচয় ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটের আবির্ভাবের ১৫ বছর পর। স্বাভাবিকভাবেই টেস্ট-ওয়ানডের সংখ্যা বিচারে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ।
সংখ্যার হিসাবে বাংলাদেশ পিছিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের নবীনতম সংস্করণ টি-টোয়েন্টিতেও। প্রায় সবার সঙ্গে শুরু করেও ২০০৬ সালে অভিষেকের পর থেকে এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশ খেলেছে মাত্র ৫৫টি ম্যাচ। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়েই শুধু বাংলাদেশের চেয়ে টি-টোয়েন্টি কম খেলেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পাঁচ আসরে বাংলাদেশ খেলেছে মাত্র ১৮টি ম্যাচ। এই হিসাবে ২০ ওভারের ক্রিকেটের ষষ্ঠ বিশ্ব আসরে বাংলাদেশ নবম অভিজ্ঞ দল। কিন্তু সত্যি হলো বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে সবচেয়ে অভিজ্ঞ দল নিয়ে!
অবাক হবেন না, ঠিকই পড়ছেন। অন্তত একটা দিক দিয়ে হলেও এই বিশ্বকাপে অন্য সবার চেয়ে এগিয়ে বাংলাদেশ। ২০০৭ সালের প্রথম আসর থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলা পাঁচজন খেলোয়াড় এবারও আছেন বাংলাদেশ দলে। অন্য ১৫টি দলের চেয়ে বাংলাদেশ এগিয়ে এই দিক দিয়েই।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকা মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল আছেন এবারের দলেও। এঁরা ছিলেন মাঝের চার আসরেও। খেলেছেন প্রতিটি আসরে অন্তত একটি করে ম্যাচ।
সব কটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতায় বাংলাদেশের কাছাকাছি আছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সাবেক দুই চ্যাম্পিয়নদের এবারের দলে আছে সব কয়টা বিশ্বকাপ খেলা তিনজন করে খেলোয়াড়। ভারতীয় দলে আছেন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও যুবরাজ সিং। ধোনি তো টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে ভারতকে নেতৃত্বই দিতে যাচ্ছেন। কজন অধিনায়কের কপালে জোটে ছয় বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য!
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল ও দিনেশ রামদিন। এবার ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের নাথান ম্যাককালাম ও রস টেলর এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি। পাকিস্তান ও অস্ট্রেলিয়া দলে সংখ্যাটা মাত্র এক। পাকিস্তানে শহীদ আফ্রিদি ও অস্ট্রেলিয়ায় শেন ওয়াটসন।
প্রথম পাঁচ আসরেই খেলা একমাত্র ইংলিশ খেলোয়াড় স্টুয়ার্ট ব্রডকে ছাড়াই আসছে ইংল্যান্ড। প্রথম পাঁচ আসরে খেলা কোনো ক্রিকেটার নেই টেস্ট খেলুড়ে অন্য দল জিম্বাবুয়ে দলেও। থাকবেই–বা কীভাবে, জিম্বাবুইয়ানরা যে সব কটি বিশ্বকাপে খেলেইনি। ২০০৯ সালে রাজনৈতিক কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় জিম্বাবুয়ে।
প্রথম পাঁচটি বিশ্বকাপেই খেলেছেন কিন্তু এবার নেই এমন খেলোয়াড়ের সংখ্যা ব্রডসহ আটজন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে বাংলাদেশের আবদুর রাজ্জাক, পাকিস্তানের কামরান আকমল, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও দক্ষিণ আফ্রিকার মরকেল ভাইদের ছাড়া।
এখানে একটি কথা বলে নেওয়া দরকার, সবচেয়ে বেশি আসরে খেললেও বাংলাদেশের ওই পাঁচজন কিন্তু ম্যাচ সংখ্যায় ঢের পিছিয়ে। প্রতিবারই বিশ্বকাপ দ্রুত শেষ হয়ে গেছে বলে মোট ম্যাচ সংখ্যায় বাংলাদেশের কেউ কিন্তু প্রথম ৩৬ জনের মধ্যেও নেই।