যেতে চাই বহুদূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশফিয়া নেহরীন ছবি: খালেদ সরকার
কাশফিয়া নেহরীন ছবি: খালেদ সরকার

চার বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আমার সাংস্কৃতিক জীবনের শুরু। স্কুলে ঢোকার পরপরই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এক প্রতিযোগিতায় অংশ নিই। সেখানে নাচ, ছড়াগান, আবৃত্তি, অভিনয়, গল্প বলা—এই বিষয়গুলোতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্তমান রাষ্ট্রপতি, তৎকালীন ডেপুটি স্পিকার আবদুল হামিদ। তিনি এত ছোট অংশগ্রহণকারীর গলায় এত মেডেল দেখে অনেক আদর নিয়ে বহু উৎসাহভরা কথা বলেন। সেসব শুনে তখন থেকেই কেমন এক দায়বদ্ধতার শুরু।
নাচ শেখার শুরু সুরঙ্গমা একাডেমী থেকে। এরপর বাংলাদেশ শিশু একাডেমী, বুলবুল ললিতকলা একাডেমী পর্যন্ত সবখানেই নাচকে নিজের জীবনের সঙ্গে এক করে ফেলেছি। কত্থক, ভরতনাট্যম, ওডিশি নাচের ওপর প্রশিক্ষণ নিয়েছি। পড়াশোনায় ছিল সর্বোচ্চ মনোযোগ, কিন্তু মা সব সময় বলতেন পড়াশোনায় শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, সংস্কৃতিচর্চার কাজেও যাতে সব সময় অংশগ্রহণ থাকে। তাই ক্লাস ফাইভে ট্যালেন্টপুলে বৃত্তি যেমন পাওয়া হয়, তেমনি পরীক্ষার আগের দিন বিটিভিতে ছোটদের নাচের অনুষ্ঠানে রেকর্ডিংয়েও যাওয়া হয়। এমনকি হলিক্রস স্কুলের ছাত্রী থাকার সময়ে কঠোর নিয়মানুবর্তিতায় থাকার পরও একের পর এক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিই বিভিন্ন বিষয়ে। জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার, জাতীয় শিশু পুরস্কার—এসবে নাচ, আবৃত্তি, অভিনয়ে প্রথম স্থান একাধিকবার অর্জন করার সৌভাগ্য হয়। সব মিলিয়ে ৭৮টি পুরস্কারপ্রাপ্তি ঘটে। ক্লাস এইটে জুনিয়র বৃত্তি লাভ আর তখনকার মূল্যায়ন পরীক্ষায় এ প্লাস অর্জন হয়। সেই সঙ্গে হলিক্রস স্কুল আমার মধ্যে নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে হলিক্রস কলেজেই ভর্তি হই। হলিক্রস কলেজজীবনের মূল্যবোধ শিক্ষা আমাদের প্রত্যেক ছাত্রীর মানসপটে ভূমিকা রাখে, একাধিক অনুষ্ঠান আয়োজন ও অংশগ্রহণ তো ছিলই।
এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ালেখা করার সুযোগ পাই। এখানকার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্রী হিসেবে নতুন এক অধ্যায় শুরু হয়। বুয়েট জীবনের শুরু যেদিন থেকে, সেদিনই ‘মূর্ছনা: বুয়েট’ (সাংস্কৃতিক সংগঠন) এবং ‘কণ্ঠ: বুয়েট’-এর সদস্য হিসেবে যাত্রা শুরু। এ দুই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এখনো কাজ করছি। এই তো কয়েক দিন আগেই মূর্ছনার পক্ষ থেকে আমরা আয়োজন করলাম ‘প্রথম আলো-শেলটেক আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব’। বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতেই একাধিক সংগঠনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করি। নগর ও অঞ্চল পরিকল্পনার পড়াশোনার দরুন মাঠপর্যায়ে নিরীক্ষাকাজের অভিজ্ঞতা হয়; সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়। বিভিন্ন বস্তিতে, শহরের অলিতে-গলিতে, গ্রামের পথে-প্রান্তরে ছুটে বেড়িয়েছি নানা রকম জীবনমুখী কাজে।
দ্বিতীয় বর্ষে এসে সহপাঠী তাসনিম আর তাসফিয়ার সঙ্গে ২০১৩ সালে ফ্রান্সের স্টুডিকা, প্রখ্যাত বহুজাতিক কোম্পানি সেইন্ট গোবেইন, এইফাজ কন্সট্রাকশন ও ইউরোপের পরিবেশবাদী সংগঠন অ্যাডভান্সিটি, ফরাসি গণপরিবহন সংস্থা আরএটিপি কর্তৃক আয়োজিত ‘সিটি অব টুমরো, ইমপ্রুভিং আ পাবলিক প্লেস’ শিরোনামের এক প্রতিযোগিতায় অংশ নিই। এই প্রতিযোগিতায় চূড়ান্ত ছয়টি দলের মধ্যে একটি নির্বাচিত হওয়ার পর দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে আমি ফ্রান্সের প্যারিসে যাই। চূড়ান্ত পর্বে বুয়েটের ক্যাম্পাসকে পরিবেশবান্ধব করে তোলা যায় কীভাবে, সে-সংক্রান্ত প্রকল্পটিকে বিচারকদের সামনে পরিবেশন করি। বিশ্বের ১৭০টি দলকে হারিয়ে আমরা বাংলাদেশ ও এশিয়ার একমাত্র প্রতিনিধিত্বকারী দল হিসেবে দ্বিতীয় পুরস্কার লাভ করি। এই পরিবেশনা বিচারকদের এতটাই মন ছুঁয়ে যায় যে তারা বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তি ও উদ্যমের ভূয়সী প্রশংসা করেন। বাংলা মায়ের পতাকা সুদূর প্যারিসেও উন্নত রাখতে পেরে মনটা গর্বে ভরে গিয়েছিল।
এরপর দেশে ফেরার কিছুদিনের মধ্যেই সড়ক দুর্ঘটনার কবলে পড়ি। পরিবেশ-সচেতন একজন নাগরিক হিসেবে আমার পছন্দের চলাচলের পদ্ধতি সাইকেল। সাইকেল চালিয়ে সবখানে যেতাম। মেয়ে হয়ে চালানোর কারণে রাস্তায় নানাবিধ কটূক্তি শোনা; আরও অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও চালানো থামাইনি। কিন্তু ‘মেয়ে’ হয়ে চালানোর ‘অপরাধে’ পলাশীর মোড়ে এক লেগুনাচালক ইচ্ছাকৃতভাবে সাইকেলে ধাক্কা দেন, কটু কথা বলেন। ছিটকে পড়ে আমার ডান হাতের রেডিও-আলনা দুটি হাড়ই ভেঙে যায়। পরবর্তী সময়ে অস্ত্রোপচারের মাধ্যমে হাতে ধাতব প্লেট সংযুক্ত করে ঠিক করা হয়। ভাঙা হাতেই পড়াশোনা, ক্যাম্পাসের সাংগঠনিক কাজ, স্বেচ্ছাসেবার কাজ সব চলতে থাকে।

ভবিষ্যতে নিজেকে একজন নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ ও পরিবেশবাদী কর্মী হিসেবে দেখতে চাই। নিজ উদ্যোগেও কিছু করতে চাই। আমি এ দেশের তরুণ শক্তির ওপর আস্থা রাখি

তৃতীয় বর্ষে, ২০১৪ সালে জাতিসংঘ বাংলাদেশের পক্ষ থেকে এক প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইসিওএসওসি যুব ফোরাম ২০১৪-এর (জাতিসংঘের স্থায়ী পরিষদগুলোর একটি হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যার তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়) জন্য সমগ্র বাংলাদেশ থেকে মাত্র দুজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হয়। আমিও ছিলাম তাঁদের একজন। জাতিসংঘে গিয়ে বিভিন্ন সেশনে বক্তব্য দেওয়ার সময় আমাদের দেশের তরুণদের অবস্থা, তাঁদের সাফল্য, চাহিদা, আকাঙ্ক্ষা, স্বপ্নের কথা তুলে ধরি। তরুণদের সংখ্যা যেমন অনেক, তেমনি সম্ভাবনাও অনেক। শহর-গ্রামনির্বিশেষে দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তাঁরা জাতির অগ্রসরতায় ভূমিকা রাখছেন ও রাখবেন। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশরক্ষায় তরুণদের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা করি জাতিসংঘের সদস্যভুক্ত অন্য দেশগুলোর তরুণ প্রতিনিধিদের সঙ্গে।
২০১৪ সালেই জাতিসংঘ যুব উপদেষ্টা পরিষদ, বাংলাদেশের জন্য বাছাই করা ৩০ জন উপদেষ্টার একজন হিসেবে নির্বাচিত হই। সারা দেশের তরুণদের চাহিদাগুলো নীতিনির্ধারণী মহলে তুলে ধরা আমাদের কাজ। কারণ, তরুণদের ক্ষমতায়ন সম্ভব তখনই, যখন মূলনীতিগুলোতে তাঁদের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটবে। জাতিসংঘের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, মুক্ত আলোচনা সমন্বয় ও স্বেচ্ছাসেবামূলক কাজে আমরা জড়িত থাকি।
বুয়েটের ছাত্রদের করা সংগঠন ‘রঙিন’-এর সঙ্গে যোগ ঘটে। মানবসেবামূলক নানা ধরনের উদ্যোগ নিয়ে এবং মানুষের অপচয়গুলোকে কীভাবে কাজে লাগিয়ে সুখ ছড়িয়ে দেওয়া যায়, সংগঠনটি তার জন্য নিরন্তর কাজ করে যায়। সে এক বিরাট অন্য গল্প।
২০১৫ সালে ‘ক্লাইমেট রিয়েলিটি লিডারশিপ কোর ইন্ডিয়া ট্রেনিং’-এ অংশ নিই ভারতের নয়াদিল্লিতে। সেখানে সাবেক আমেরিকান ভাইস প্রেসিডেন্ট আল গোর এসে আমাদের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রশিক্ষণ দেন। ক্লাইমেট লিডার হিসেবে ফেরার পর আমরা এখন জলবায়ু পরিবর্তনের সচেতনতা নিয়ে কাজ করছি।
জাতিসংঘ যুব উপদেষ্টা পরিষদেরই কর্মসংস্থান নিয়ে কাজ করা দলের হয়ে ঢাকার বাইরের জেলাগুলোর উদ্যোক্তাদের বাধাবিপত্তি, সমস্যা-প্রতিবন্ধকতাগুলো নিয়ে এখন কাজ করছি।
আমার প্রিয় শখ এবং অত্যন্ত গুরুত্ব নিয়ে করা কাজ হলো বই পড়া। হাজার কাজে ব্যস্ত থাকলেও এই কাজে আমি বিরতিহীন। আমি এখন ফরাসি ভাষা শিখছি এবং বুয়েটের মেয়েদের আত্মরক্ষার্থে তৈরি করা কারাতে সোসাইটিতে কারাতে শিখছি।
ভবিষ্যতে নিজেকে একজন নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ ও পরিবেশবাদী কর্মী হিসেবে দেখতে চাই। নিজ উদ্যোগেও কিছু করতে চাই। আমি এ দেশের তরুণ শক্তির ওপর আস্থা রাখি। আমি চাই যে তাঁরা মুক্তভাবে চিন্তা করে শিখুন, জ্ঞানের আলোয় আলোকিত হয়ে বহুদূর এগিয়ে যান।
নিজের ব্যাপারে শুধু এটুকুই বলব, আমি সব বাধা পেরিয়ে বহুদূর পথ যেতে চাই।
কাশফিয়া নেহরীন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী