যোগ্য উপাচার্য পাওয়াটা বেশ কঠিন : অধ্যাপক আবদুল মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে কারা নিয়োগ পান, কীভাবে নিয়োগ পান এবং অতীতে কারা পেয়েছেন—এসব নিয়ে দুই পর্বের প্রতিবেদনের শেষ পর্ব ছাপা হলো আজ। প্রতিবেদনগুচ্ছ তৈরি করেছেন শরিফুজ্জামান
অধ্যাপক আবদুল মান্নান
অধ্যাপক আবদুল মান্নান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান মনে করেন, উপাচার্য হিসেবে এখনকার সফলতা আর রমেশ চন্দ্র বা আশুতোষ মুখার্জির সফলতা এক কথা নয়। সময়ের কারণে সৃষ্টি হয়েছে নানা উপসর্গ। আর দক্ষতা, যোগ্যতা ও পাণ্ডিত্য নিয়ে আগের সঙ্গে এখনকার পার্থক্যও অনেক।
তা ছাড়া দেশের এতগুলো বিশ্ববিদ্যালয়ে যোগ্য উপাচার্য বা অধ্যাপক পাওয়াটা বেশ কঠিন। আবার এখনকার একজন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নানামুখী চাপ সহ্য করতে হয়। এমন মন্তব্য করে ইউজিসির চেয়ারম্যান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অনেককে সন্তুষ্ট রাখার কাজটাও কঠিন। আবার সরকারের সঙ্গে কাজ করতে হয় বলে তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে হয়। আরেকটি সমস্যা হলো, যোগ্য কাউকে উপাচার্য করতে চাইলেও অনেক সময় তিনি ঢাকার বাইরে যেতে চান না।
অধ্যাপক মান্নান জানালেন, আশুতোষ বাবুর সঙ্গে ব্রিটিশ সরকারের নানা বিষয়ে মতপার্থক্য হয়েছিল। একপর্যায়ে ব্রিটিশ সরকার বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। জবাবে স্যার আশুতোষ বলেছিলেন, বিশ্ববিদ্যালয় চালাতে প্রয়োজনে তিনি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইবেন। কিন্তু অনৈতিক দাবির কাছে মাথা নত করবেন না। আজকের দিনে পরিবেশ-পরিস্থিতির কারণে এটা সম্ভব নয়।
ইউজিসির চেয়ারম্যানের মতে, সবকিছুর মধ্যেও উপাচার্য পদে নিয়োগের বেলায় পাণ্ডিত্য, প্রশাসনিক দক্ষতা ও নৈতিকতার বিষয়টি মাথায় রাখতে হবে। পাণ্ডিত্য মানে যে আইনস্টাইন হতে হবে, এমনটি নয়। প্রশাসনিক দক্ষতা মানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে তথা ডিন, সিন্ডিকেট, সিনেটসহ বিভিন্ন কাজে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। আর শক্ত নৈতিক অবস্থান থাকতে হবে। পাশাপাশি দুঃসাহসী হওয়ার দরকার নেই, সাহস থাকলেই চলবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য মনে করেন, কারও অনুগ্রহে উপাচার্য হওয়ার দরকার নেই। রাজনৈতিক ও ছাত্রসংগঠনের আনুকূল্যে কেউ উপাচার্য হলে শুরুতেই হোঁচট খাবেন। অনেক ক্ষেত্রে তা-ই হচ্ছে। তাঁর মতে, যিনি উপাচার্য হবেন, তাঁকে মনে রাখতে হবে যে, তিনি নিজের যোগ্যতা ও দক্ষতায় এই পদ নিচ্ছেন। তিনি যে পদে যাচ্ছেন তার আলাদা মর্যাদা আছে। একজন ব্যক্তি হয়ে তিনি যেন সেই পদটির মর্যাদা বজায় রাখেন।
উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠাটা স্পর্শকাতর ও দুঃখজনক বলে মনে করেন অধ্যাপক মান্নান। এ ধরনের অভিযোগ নিয়ে যাঁরা পদ ছাড়েন বা ছাড়তে বাধ্য হন, তাঁদের ছাত্র-শিক্ষক বা সমাজের কেউ ভালো চোখে দেখে বলে মনে হয় না। তবে সরকার চাইলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে সাবেক রাষ্ট্রপতিরও জেল হওয়ার নজির আছে। সেখানে একজন উপাচার্যের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে কেন শাস্তি হবে না।