যোগ্যরা উপাচার্য হলে এত অভিযোগ উঠত না : অধ্যাপক নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে কারা নিয়োগ পান, কীভাবে নিয়োগ পান এবং অতীতে কারা পেয়েছেন—এসব নিয়ে দুই পর্বের প্রতিবেদনের শেষ পর্ব ছাপা হলো আজ। প্রতিবেদনগুচ্ছ তৈরি করেছেন শরিফুজ্জামান
অধ্যাপক নজরুল ইসলাম
অধ্যাপক নজরুল ইসলাম

যোগ্য ব্যক্তি উপাচার্য হলে এত কথা, এত অভিযোগ, এত প্রশ্ন উঠত না। কিন্তু বাস্তবতা হলো, যাঁরা অযোগ্য বা তুলনামূলক কম যোগ্য, বেশির ভাগ ক্ষেত্রে তাঁরাই উপাচার্য হচ্ছেন। তাঁদের অনেকের মধ্যে নৈতিক শক্তির ঘাটতি দেখা যাচ্ছে। একদিকে দুর্বল ভাবমূর্তি, অন্যদিকে সততার অভাবে কেউ কেউ পদটিকে কলঙ্কিত করে ফেলছেন। আবার এখনকার সামগ্রিক পরিবেশ উপাচার্য খুঁজে পাওয়ার অনুকূলে নয়। যাঁরা নিজের উদ্যোগে উপাচার্য হতে চাচ্ছেন, তাঁরা অতটা যোগ্যও নন। এ মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক নজরুল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কাঠামো আছে, যেখানে সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অনুষদ থাকে। একজন উপাচার্য দুর্বল হলেও তাঁর আশপাশের প্রতিষ্ঠানগুলো শক্ত হলে সেই ঘাটতি দূর হয়ে যায়। কিন্তু আজকাল ওই সব প্রতিষ্ঠানও আর সবল থাকছে না। অনেক ক্ষেত্রে উপাচার্য ওই সব প্রতিষ্ঠানের ওপর খবরদারি করতে যান, নিয়ন্ত্রণ করেন। সাম্প্রতিক সময়ের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, একমাত্র বুয়েটে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে। সেখানে সাবেক একজন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অন্যান্য প্রতিষ্ঠানের চাপে পড়েছিলেন।

নজরুল ইসলাম বলেন, এখনকার সময়ে একজন উপাচার্যকে অস্থির অবস্থার মধ্যে থাকতে হয়। যোগ্য ব্যক্তি উপাচার্য হলেও অনেক সময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে তিনি প্রভাবিত হন। তবে বৈরী পরিবেশে থেকেও অনেকে ভালো কাজ করার চেষ্টা করেন। আর তাঁদের সুনাম থেকে যায় যুগ যুগ ধরে।

নজরুল ইসলাম মনে করেন, বিশ্ববিদ্যালয়ে থেকে যাঁরা দুর্নাম ও দুর্নীতি করেন, তাঁদের অন্য কোথাও নিয়োগ দেওয়া দূরে থাক, বিভাগেও যোগদান করতে দেওয়া উচিত নয়। কারণ, তাঁর নৈতিক শক্তি থাকে না। এ ধরনের ব্যক্তিদের চুপচাপ ঘরের কোনায় বসে থাকা উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপক বলেন, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে অনেক রকম সমস্যা আছে। বহুদিন ধরে এটা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। দেশে এত আইন হচ্ছে, পুরোনো আইনে সংশোধনী আসছে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষতি করছে যে অধ্যাদেশ, সেটিতে হাত দেওয়া হচ্ছে না।

তাঁর মতে, এই অধ্যাদেশ থেকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রাধান্য কমাতে হবে। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের নামে যা হয়, সেটি বন্ধ করা উচিত। ২৫ জনের এই সংখ্যাও কমাতে হবে। আবার স্বায়ত্তশাসিত চারটি ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে অনুসন্ধান কমিটি করতে হবে। উচ্চশিক্ষার মান উন্নয়ন প্রকল্পের (হেকায়েফ‍) মধ্যবর্তী পর্যালোচনায়ও এই সুপারিশ থাকছে।