সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ২০১২ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র ধাপে ধাপে প্রণীত হচ্ছে। যা ধারাবাহিকভাবে ২০১৬ সালে শতভাগে রূপ নেবে। তারই অংশ হিসেবে ২০১৩ সালে প্রতিটি বিষয়ের ২৫ নম্বরের প্রশ্ন যোগ্যতাভিত্তিক হবে, যা আবশ্যিক প্রশ্নপত্র।
অভিভাবকদের প্রতি প্রথমে অনুরোধ জানাচ্ছি, ‘যোগ্যতাভিত্তিক প্রশ্ন’ কথাটি বারবার শিক্ষার্থীদের কাছে না বলাই ভালো। এতে শিক্ষার্থীদের কোমল মনে এক ধরনের ভয়ের সঞ্চার হতে পারে। আপনার সন্তানদের সমাপনী পরীক্ষা নিয়ে চাপমুক্ত রাখুন, উৎসাহ দিন, স্বতঃস্ফূর্তভাবে বেড়ে উঠতে সহায়তা করুন। পড়াশোনা ও পরীক্ষা নিয়ে শিশুদের চাপ দেওয়া থেকে বিরত থাকুন। প্রতিটি পাঠ্য বিষয়ের তত্ত্ব ও তথ্যগুলো বুঝে পড়তে সহায়তা করুন। প্রতিটি তথ্যপূর্ণ শব্দ বা বাক্যের যুক্তিনির্ভর ব্যাখ্যা দিন। তত্ত্ব ও তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনার চারপাশের পরিবেশের আরও দু-একটি বিষয় সম্পর্কে যুক্তিনির্ভর ব্যাখ্যা করতে বলুন ও প্রয়োজনীয় সহায়তা করুন।
আপনার আন্তরিক সহযোগিতা প্রাথমিক শিক্ষার জন্য নির্ধারিত—প্রণীত জ্ঞানমূলক প্রশ্নের সঙ্গে সঙ্গে অনুধাবন ও প্রয়োগমূলক প্রশ্নের যথাযথ উত্তর দিতে সক্ষম হবে আমাদের শিশুরা। কারণ এটা নিশ্চিত করে বলা যায়, বাংলা ও ইংরেজির পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ ব্যতীত এমন কোনো প্রশ্ন থাকবে না যার বিষয়বস্তু পাঠ্যবই সংশ্লিষ্ট নয়। অর্থাৎ বাংলা ও ইংরেজি পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ ছাড়া আর কোন প্রশ্নই পাঠ্য বইয়ের বাইরে থেকে হবে না, বাকি সব প্রশ্নই পুরোপুরি পাঠ্যবইয়ের ভেতর থেকেই হবে। প্রাথমিক শিক্ষার বুনিয়াদ যত সুদৃঢ় হবে, তত দক্ষ ও সুশিক্ষিতভাবে গড়ে উঠবে আমাদের আগামী প্রজন্ম। শুধু নিজ দেশমাতৃকায় নয়, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আগামী প্রজন্ম। প্রয়োজন শুধু পাঠ্যবইয়ে পড়া জ্ঞানকে বাস্তবজীবনে প্রয়োগ ঘটানোর দক্ষতা অর্জন করা।
প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ‘যোগ্যতাভিত্তিক প্রশ্ন’ প্রণয়ন হবে, এ বাক্যটি মনে রেখো না। বরং এসো কয়েকটি বিশ্লেষণাত্মক উদাহরণের মাধ্যমে কীভাবে পাঠ্যবইয়ের বিষয়গুলো আত্মস্থ করবে তা জেনে নেওয়া যাক। মনে করো শ্রেণীকক্ষের একটি ঘড়ির মাধ্যমে শিক্ষক তোমাকে ‘সময় নির্ণয়’ সম্পর্কে ধারণা দিয়েছেন। সময় নির্ণয় সম্পর্কিত যোগ্যতা তোমার তখনই পুরোপুরি অর্জিত হবে যখন যেকোনো ঘড়ি দেখে তুমি সঠিক সময় নির্ণয় করতে পারবে।
মনে করো, শ্রেণীকক্ষে তুমি ‘গড়’ সম্পর্কে ধারণা লাভ করলে এবং এ সম্পর্কিত পাঠ্যবইয়ের সমস্যাগুলো সমাধান করলে। কিন্তু তখনই তোমার ‘গড়’ নির্ণয় সম্পর্কিত যোগ্যতা পুরোপুরি অর্জিত হবে, যখন তুমি তোমার শ্রেণীর সহপাঠীদের বা তোমার পরিবারের সদস্যদের গড় সঠিকভাবে নির্ণয় করতে পারবে।
মনে করো, তুমি পাঠ্যবই পড়ে শিখেছ সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। পাঠ্যবই থেকে শেখা বা মুখস্থ করা এই জ্ঞান থেকে যখন তুমি অপরিচিত জায়গায় দাঁড়িয়ে ও দিনের যেকোনো সময়ে সূর্য দেখে সঠিক দিক নির্ণয় করতে পারবে, তখন বুঝবে তোমার পুরোপুরি যোগ্যতা অর্জিত হয়েছে।
আবার তুমি পাঠ্যবই পড়ে শিখেছ ১০ বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়। এই হিসাবে যদি তুমি পরবর্তী একাধিক আদমশুমারি অনুষ্ঠিত হওয়ার সঠিক সাল নির্ণয় করতে পার, তবে এ সম্পর্কিত যোগ্যতা তোমার পুরোপুরি অর্জিত হয়েছে বলে প্রতীয়মান হবে। উপরের উদাহরণের মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে, পাঠ্যবইয়ের প্রতিটি তত্ত্ব, তথ্য বা বিষয়বস্তু বুঝে আত্মস্থ করতে হবে। তোমার বাসা, স্কুল, এলাকা বা কাজের পরিবেশের সামঞ্জস্যপূর্ণ বিষয়ের যুক্তিনির্ভর ব্যাখ্যা করার চেষ্টা করবে। প্রয়োজনীয় সমস্যার সমাধান খুঁজবে। প্রয়োজনে শিক্ষক বা অভিভাবকের সহায়তা নেবে।
# নিচে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্ন কেমন তা বোঝার জন্য কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো:
১. সরকারের স্বাস্থ্যকর্মী এসে তোমাদের বাড়ির নলকূপে লাল রং করে দিয়েছে। তথাপিও তোমাদের বাড়ির লোকজন ওই নলকূপের পানি পান করছে। তুমি তাদেরকে কী পরামর্শ দেবে?
ক) পানি পান করতে নিষেধ করব খ) ইচ্ছেমত পানি পান করতে বলব গ) অল্প পরিমাণ পানি পান করতে বলব
ঘ) কেবল গবাদিপশুকে পানি পান করাতে বলব
উত্তর: ক) পানি পান করতে নিষেধ করব।
২. তোমাদের বিদ্যালয়টি মহাসড়কের পাশে অবস্থিত। বিদ্যালয় ছুটির পর তুমি এবং তোমার বন্ধুরা কীভাবে রাস্তা পার হবে?
ক) একাকী দৌঁড়ে খ) সবাই একযোগে হেঁটে গ) সবাই একযোগে দৌঁড়ে ঘ) সবাই ডানে ও বাঁমে তাকিয়ে সাবধানে
উত্তর: ঘ) সবাই ডানে ও বাঁমে তাকিয়ে সাবধানে।
৩. তোমার বিদ্যালয়ে প্রবেশের রাস্তায় অনেক ছেঁড়া কাগজ ও আবর্জনা পড়ে রয়েছে এবং ছাত্রছাত্রীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে তুমি কী করবে?
ক) আমি একাই ওই আবর্জনা পরিষ্কার করব খ) বড়দের সহায়তার আবর্জনা পরিষ্কার করব গ) বিষয়টি আমার শ্রেণী শিক্ষককে জানাব ঘ) আমি অন্য রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব
উত্তর: খ) বড়দের সহায়তায় আবর্জনা পরিষ্কার করব।
৪. বিদ্যালয়ে যাবার পথে তুমি দেখলে, বিদ্যালয়ের একটি চারাগাছ ছাগলে খাচ্ছে। তখন তুমি কী করবে?
ক) ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করব খ) ছাগলটি তাড়িয়ে দেব গ) বিষয়টি বন্ধুদের জানাব ঘ) বিষয়টি শিক্ষককে জানাব
উত্তর: খ) ছাগলটি তাড়িয়ে দেব।
# নিচে ‘প্রাথমিক বিজ্ঞান’ বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্ন কেমন তা বোঝার জন্য এ ধরনের কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো:
১. বালি ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে কী দিয়ে তুমি লোহার গুঁড়োকে আলাদা করবে?
ক) লোহার দণ্ড খ) দস্তার দণ্ড গ) কপার দণ্ড ঘ) চুম্বক দণ্ড
উত্তর: ঘ) চুম্বক দণ্ড।
২. বেশি ভিটামিন ও মিনারেল পাওয়ার জন্য তুমি নিচের কোন সারির খাদ্যগুলো বেশি খাবে?
ক) ফল ও সবজি খ) দুধ গ) রুটি ও ভাত ঘ) মাছ ও মাংস
উত্তর: ক) ফল ও সবজি।
৩. তুমি তোমার এলাকার মানুষকে নিচের কোনো রং এর নলকূপের পানি পান করতে নিষেধ করবে?
ক) সবুজ খ) লাল গ) নীল ঘ) আকাশী। উত্তর: খ) লাল।
পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা