
প্রিয় পরীক্ষার্থী, জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ। পাঠ্যবইয়ের ওপর জোর বেশি দিতে হবে। সে জন্য পরীক্ষাপূর্ব বাকি সময়টুকু পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালো করে পড়বে। পাশাপাশি যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলো বুঝে গুছিয়ে উত্তর লিখবে।
অনেক অভিভাবক শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ দিয়ে থাকেন। এটা ঠিক নয়। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানকে পড়াশোনা নিয়ে বেশি চাপ দেবেন না। ওদের পাশে থাকুন, ওদের সহায়তা করুন, ওদের উত্সাহ দিন।
প্রিয় পরীক্ষার্থী, পরীক্ষা নিয়ে তোমরা কোনো ধরনের টেনশন করবে না। পরীক্ষা দেবে নিজের বিদ্যালয়ের মতো স্বাভাবিকভাবে। কারণ, পুরো সিলেবাস তোমার ঠিকভাবে পড়া আছে। তাই পরীক্ষার কোনো বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্ন পড়ে, বুঝে লেখা শুরু করবে। নিজের জানা, বোঝা বিষয়গুলো প্রশ্নের নির্দেশনা ও চাহিদা অনুসারে খাতায় সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। তাহলেই পরীক্ষায় ভালো ফল করতে পারবে।
প্রধান শিক্ষক
আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা