সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীরা, ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ের ৫০ নম্বরের প্রশ্ন যোগ্যতাভিত্তিক হবে, যা প্রশ্নপত্রের আবশ্যিক অংশ।
অভিভাবকদের প্রতি প্রথমে অনুরোধ জানাচ্ছি, ‘যোগ্যতাভিত্তিক প্রশ্ন’ কথাটি বারবার শিক্ষার্থীদের কাছে না বলাই ভালো। এতে শিক্ষার্থীদের কোমল মনে একধরনের ভয়ের সঞ্চার হতে পারে। আপনার সন্তানকে সমাপনী পরীক্ষা নিয়ে চাপমুক্ত রাখুন, উত্সাহ দিন। পড়াশোনা ও পরীক্ষা নিয়ে শিশুদের চাপ দেওয়া থেকে বিরত থাকুন। প্রতিটি পাঠ্য বিষয়ের তত্ত্ব ও তথ্যগুলো বুঝে পড়তে সহায়তা করুন। প্রতিটি তথ্যপূর্ণ শব্দ বা বাক্যের যুক্তিনির্ভর ব্যাখ্যা দিন। তত্ত্ব ও তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনার চারপাশের পরিবেশের আরও দু-একটি বিষয় সম্পর্কে যুক্তিনির্ভর ব্যাখ্যা করতে বলুন ও প্রয়োজনীয় সহায়তা করুন।
আপনার আন্তরিক সহযোগিতা প্রাথমিক শিক্ষার জন্য নির্ধারিত—প্রণীত জ্ঞানমূলক প্রশ্নের সঙ্গে সঙ্গে অনুধাবন ও প্রয়োগমূলক প্রশ্নের যথাযথ উত্তর দিতে সক্ষম হবে আমাদের শিশুরা। মনে রাখতে হবে, প্রাথমিক শিক্ষার বুনিয়াদ যত সুদৃঢ় হবে, তত দক্ষ ও সুশিক্ষিতভাবে গড়ে উঠবে আমাদের আগামী প্রজন্ম। শুধু নিজ দেশে নয়, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আগামী প্রজন্ম। প্রয়োজন শুধু পাঠ্যবইয়ে পড়া জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ ঘটানোর দক্ষতা অর্জন করা।
প্রিয় শিক্ষার্থীরা, ‘যোগ্যতাভিত্তিক প্রশ্ন’ প্রণয়ন হবে, এ বাক্যটি মনে রেখো না। বরং এসো, কয়েকটি উদাহরণের মাধ্যমে কীভাবে পাঠ্যবইয়ের বিষয়গুলো আত্মস্থ করবে, তা জেনে নেওয়া যাক। মনে করো, শ্রেণিকক্ষের একটি ঘড়ির মাধ্যমে শিক্ষক তোমাকে ‘সময় নির্ণয়’ সম্পর্কে ধারণা দিয়েছেন। সময় নির্ণয়-সম্পর্কিত যোগ্যতা তোমার তখনই পুরোপুরি অর্জিত হবে, যখন যেকোনো ঘড়ি দেখে তুমি সঠিক সময় নির্ণয় করতে পারবে।
মনে করো, শ্রেণিকক্ষে তুমি ‘গড়’ সম্পর্কে ধারণা লাভ করলে এবং এ-সম্পর্কিত পাঠ্যবইয়ের সমস্যাগুলো সমাধান করলে। কিন্তু তখনই তোমার ‘গড়’ নির্ণয়-সম্পর্কিত যোগ্যতা পুরোপুরি অর্জিত হবে, যখন তুমি তোমার শ্রেণির সহপাঠীদের গড় বয়স বা তোমার পরিবারের সদস্যদের গড় আয় সঠিকভাবে নির্ণয় করতে পারবে।
মনে করো, তুমি পাঠ্যবই পড়ে শিখেছ, সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। পাঠ্যবই থেকে শেখা বা মুখস্থ করা এই জ্ঞান থেকে যখন তুমি অপরিচিত জায়গায় দাঁড়িয়ে দিনের যেকোনো সময়ে সূর্য দেখে সঠিক দিক নির্ণয় করতে পারবে, তখন বুঝবে, তোমার পুরোপুরি যোগ্যতা অর্জিত হয়েছে।
আবার তুমি পাঠ্যবই পড়ে শিখেছ, ১০ বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়। এই হিসাবে যদি তুমি পরবর্তী একাধিক আদমশুমারি অনুষ্ঠিত হওয়ার সঠিক সাল নির্ণয় করতে পারো, তবে এ-সম্পর্কিত যোগ্যতা তোমার পুরোপুরি অর্জিত হয়েছে বলে প্রতীয়মান হবে। ওপরের উদাহরণের মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে পাঠ্যবইয়ের প্রতিটি তত্ত্ব, তথ্য বা বিষয়বস্তু বুঝে আত্মস্থ করতে হবে। তোমার বাসা, স্কুল, এলাকা বা কাজের পরিবেশের সামঞ্জস্যপূর্ণ বিষয়ের যুক্তিনির্ভর ব্যাখ্যা করার চেষ্টা করবে। প্রয়োজনীয় সমস্যার সমাধান খুঁজবে। প্রয়োজনে শিক্ষক বা অভিভাবকের সহায়তা নেবে।
# নিচে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্ন কেমন তা বোঝার জন্য নমুনা প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:
১. সরকারের স্বাস্থ্যকর্মী এসে তোমাদের বাড়ির নলকূপে লাল রং করে দিয়েছে। তথাপিও তোমাদের বাড়ির লোকজন ওই নলকূপের পানি পান করছে। তুমি তাদের কী পরামর্শ দেবে?
ক) পানি পান করতে নিষেধ করব খ) ইচ্ছেমতো পানি পান করতে বলব গ) অল্প পরিমাণ পানি পান করতে বলব
ঘ) কেবল গবাদিপশুকে পানি পান করাতে বলব
উত্তর: ক) পানি পান করতে নিষেধ করব।
২. তোমাদের বিদ্যালয়টি মহাসড়কের পাশে অবস্থিত। বিদ্যালয় ছুটির পর তুমি এবং তোমার বন্ধুরা কীভাবে রাস্তা পার হবে?
ক) একাকী দৌড়ে খ) সবাই একযোগে হেঁটে গ) সবাই একযোগে দৌড়ে ঘ) সবাই ডানে ও বাঁমে তাকিয়ে সাবধানে
উত্তর: ঘ) সবাই ডানে ও বাঁমে তাকিয়ে সাবধানে।
# নিচে ‘প্রাথমিক বিজ্ঞান’ বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্ন কেমন তা বোঝার জন্য এ ধরনের কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো:
১. বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ থেকে কী দিয়ে তুমি লোহার গুঁড়াকে আলাদা করবে?
ক) লোহার দণ্ড খ) দস্তার দণ্ড গ) কপার দণ্ড ঘ) চুম্বক দণ্ড
উত্তর: ঘ) চুম্বক দণ্ড
২. বেশি ভিটামিন ও মিনারেল পাওয়ার জন্য তুমি নিচের কোন সারির খাদ্যগুলো বেশি খাবে?
ক) ফল ও সবজি খ) দুধ ও রুটি গ) রুটি ও ভাত ঘ) মাছ ও মাংস
উত্তর: ক) ফল ও সবজি
৩. তুমি তোমার এলাকার মানুষকে নিচের কোন রঙের নলকূপের পানি পান করতে নিষেধ করবে?
ক) সবুজ খ) লাল গ) নীল ঘ) আকাশী।
উত্তর: খ) লাল
# নিচে ‘গণিত’ বিষয়ের একটি যোগ্যতাভিত্তিক সমস্যার নমুনা প্রশ্ন ও সমাধান দেওয়া হলো—
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৭ সে.মি. ও প্রস্থ ৩ সে.মি. ৫ মি.মি.
(ক) আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মি.মি.?
(খ) আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মি.মি.?
(গ) আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
(ঘ) আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কীভাবে পাওয়া গেছে?
সমাধান:
(ক)
আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য = ৭ সে.মি.
= (৭ ┤ ১০) মি.মি.
= ৭০ মি.মি.
(খ)
আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ = ৩ সে.মি. ৫ মি.মি.
= (৩ ┤ ১০) মি.মি. + ৫ মি.মি.
= ৩০ মি.মি. + ৫ মি.মি.
= ৩৫ মি.মি.
(গ)
আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য ┤ প্রস্থ
= ৭০ মি.মি. ┤ ৩৫ মি.মি.
= ২৪৫০ বর্গ মি.মি.
= ২৪.৫০ বর্গ সে.মি.
[যেহেতু, ১০০ বর্গ মি.মি. = ১ বর্গ সে.মি.]
(ঘ)
দৈর্ঘ্যের পরিমাপকে প্রস্থের পরিমাপ দিয়ে গুণ করে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া গেছে।
প্রধান শিক্ষক, মিরপুর সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা