রাজশাহীর দুঃসাহসী পুলিশেরা

১৯৭১ সালের মার্চে শুরু হওয়া অসহযোগ আন্দোলন পুলিশ বাহিনীর সদস্যদেরও প্রভাবিত করেছিল। তাঁদের বুঝতে বাকি ছিল না যে পাকিস্তানিরা আলোচনার নামে ভাঁওতাবাজি করছে। আসলে তারা প্রস্তুতি নিচ্ছে বাঙালির ন্যায্য আন্দোলন ধ্বংস করতে। রাজশাহী পুলিশ লাইন আক্রান্ত হতে পারে—এমন আশঙ্কায় রাজশাহীর পুলিশ সদস্যরা মার্চ মাসের প্রথম থেকেই সতর্ক থাকেন। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যেকোনো আক্রমণ প্রতিহত করার জন্য পুলিশ লাইনের পূর্ব ও উত্তর দিকে তাঁরা কয়েকটি বাংকারসহ পরিখা খনন করেন। এ ছাড়া পুলিশ লাইনের পূর্ব দিকের সীমান্ত বরাবর শুকিয়ে যাওয়া ড্রেনকেও তাঁরা পরিখা হিসেবে উন্নত করেন।
২৫ মার্চ দিনের বেলা রাজশাহী শহরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে পুলিশের হাবিলদার আবুল কাশেমসহ কয়েকজন পুলিশ কনস্টেবল টহল দিচ্ছিলেন। একপর্যায়ে সেনাসদস্যের সঙ্গে হাবিলদার আবুল কাশেমের বাগ্বিতণ্ডা হলে সেনাবাহিনীর অবাঙালি হাবিলদার তাঁকে বেত্রাঘাত করে। হাবিলদার আবুল কাশেমের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা জানাজানি হলে পুলিশ লাইন উত্তেজনায় ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাইনের অবাঙালি রিজার্ভ ইন্সপেক্টর মাজহার খানকে তাৎক্ষণিকভাবে সারদা পুলিশ একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়।
২৫ মার্চ রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্তানি বাহিনীর আক্রমণের সংবাদ মুহূর্তের মধ্যে সারা দেশের পুলিশ বাহিনী জেনে যায়। রাজশাহীর পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নেন। রাতে পুলিশ সদস্যরা লাইনের চারপাশে সারা রাত বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রেখে পালাক্রমে পাহারা দেন। পাকিস্তানি বাহিনী ওই রাতে রাজশাহী শহরের বেশ কয়েকজনকে নির্দয়ভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের খবর ২৬ মার্চ সকালেই শহরময় ছড়িয়ে পড়ে। শহরবাসীর মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার হয়। সকাল থেকেই ছাত্র-জনতা শহরের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিতে শুরু করেন। এ কাজে পুলিশ সদস্যরাও সাদাপোশাকে অংশ নেন।
রাজশাহী পুলিশ লাইনের অবস্থান ছিল শহরের পশ্চিম দিকে এবং কিছুটা বিচ্ছিন্ন। এর পশ্চিম দিকে লোকালয় থাকলেও উত্তর ও পূর্ব দিক ছিল খোলা। আর দক্ষিণে পদ্মা নদী। পুলিশ লাইনে অবাঙালি পুলিশ ছিল অল্প কিছু, অধিকাংশই ছিল বাঙালি। অবাঙালিদের কয়েকজন নেতৃস্থানীয় অবস্থানে থাকলেও সংখ্যাগরিষ্ঠতার কারণে পুলিশ লাইনের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল বাঙালিদের হাতে। তদুপরি পুলিশ লাইনের পাঞ্জাবি আর্মড এসআই সুবেদার এনায়েত খান বাঙালিদের পক্ষ নেন। বাঙালি পুলিশের নেতৃত্বে থাকেন হাবিলদার আতিয়ার রহমান। হাবিলদার রমজান আলী পুলিশ লাইন অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন। ২৬ মার্চ সকালে হাবিলদার আতিয়ার অস্ত্রাগারের অস্ত্র ও গোলাবারুদ পুলিশ সদস্যদের হাতে তুলে দিয়ে প্রতিরোধ যুদ্ধের আহ্বান জানান। হাবিলদার আতিয়ার রহমান সবার উপস্থিতিতে পুলিশ লাইনে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন।
পুলিশ লাইনে প্রতিরোধের প্রস্তুতির সংবাদ পাকিস্তানি বাহিনীর কাছে পৌঁছে যায়। তারা রাজশাহী রেঞ্জের ডিআইজি মামুন মাহমুদকে পুলিশ সদস্যদের আত্মসমর্পণের এবং অস্ত্রাগারের চাবি হস্তান্তরের আদেশ দেয়। তিনি অসম্মতি জানান। ২৬ মার্চ সন্ধ্যায় পাকিস্তানি সেনারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ লাইনের কাছাকাছি এসে কয়েকটি গুলি ছোড়ে। প্রত্যুত্তরে পুলিশ লাইন থেকেও গুলি ছোড়া হয়। কিছুক্ষণের মধ্যে পাকিস্তানি সেনারা উপশহরের সেনানিবাসে ফিরে যায়। উভয় পক্ষের গোলাগুলিতে কয়েকজন নিরীহ লোক প্রাণ হারান। ২৬ মার্চ রাত প্রায় ১২টা ৫ মিনিটে পাকিস্তানি বাহিনী পূর্ব দিকের ফাঁকা জায়গা দিয়ে পুলিশ লাইনের দিকে এগোতে থাকে। কিন্তু প্রচণ্ড প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছিয়ে যেতে বাধ্য হয়। তারা অবস্থান নেয় পদ্মার পাড়ে, লক্ষ্মীপুর মোড়ে, ইপিআর লাইনের পাশে ও রেডিও সেন্টারে। পুলিশ লাইন থেকে সারা রাত বিক্ষিপ্তভাবে গুলিবর্ষণ হতে থাকে।
২৭ মার্চ সকাল থেকে আবারও পাকিস্তানি বাহিনীর তৎপরতা বাড়ে। পুলিশ লাইনকে ঘিরে তারা রেডিও সেন্টার, গির্জা, বোয়ালিয়া ক্লাব, নদীর ধারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ও ভারী অস্ত্র স্থাপন করে। পরিপূর্ণ যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি তারা কূটকৌশলেরও আশ্রয় নেয়। সকাল আনুমানিক ১০টায় পাকিস্তানি বাহিনীর এক কর্মকর্তা মাইকের মাধ্যমে ভাইয়ে ভাইয়ে আত্মঘাতী যুদ্ধ বন্ধের অনুরোধ জানান। পাশাপাশি আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন করতে বলেন।
রাজশাহী জেলার পুলিশ সুপার শাহ আবদুল মজিদ পিএসপি পাকিস্তানি বাহিনীর সঙ্গে আলোচনার বিষয়ে পুলিশ লাইনে অবস্থানরত পুলিশ সদস্যদের মত জানতে চাইলে তাঁরা আলোচনার বিপক্ষে মত দেন। তিনি পুলিশ লাইন ছাড়ার আগে পুলিশ সদস্যদের দেশের জন্য কিছু করার আহ্বান জানান। পাকিস্তানি বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিনি একটি আপসরফায় আসেন। সমঝোতা হয় যে উভয় পক্ষের কেউ কাউকে আক্রমণ করবে না। কিন্তু পাকিস্তানি বাহিনী তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে। বেলা আনুমানিক তিনটার দিকে পাকিস্তানি সেনারা যুদ্ধসাজে সজ্জিত হয়ে সেনানিবাস থেকে পুলিশ লাইনের উদ্দেশে রওনা হয়। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি নেন। কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তানি সেনারা উত্তর ও পূর্ব দিক থেকে পুলিশ লাইন ঘিরে অবস্থান নিয়ে পুলিশ বাহিনীকে আত্মসমর্পণের জন্য চাপ দিতে থাকে।
অনন্যোপায় হয়ে আবদুল মজিদ নওগাঁর ইপিআর-এর ৭ উইং-এর ক্যাপ্টেন গিয়াসউদ্দীন আহমেদ চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি পুলিশকে সাহায্য করার আহ্বান জানান। রাজশাহীর জেলা প্রশাসক শামিম আহসানও পুলিশের ওয়্যারলেসে নওগাঁর ইপিআরকে একই আহ্বান জানান। নওগাঁর সঙ্গে রাজশাহীর যোগাযোগ তখন ভালো ছিল না। প্রায় ৭০ কিলোমিটার কাঁচা রাস্তা ধরে ইপিআরের পক্ষে রাজশাহী পুলিশ লাইনে পৌঁছানো কঠিন ছিল। তাই বাহিনী রওনা দিলেও সময়মতো রাজশাহী পৌঁছাতে পারেনি।
বিকেলে পাকিস্তানি সেনারা পূর্ব দিক থেকে নিয়োজিত আধুনিক ও ভারী অস্ত্র থেকে গুলি ছুড়তে শুরু করে। হাবিলদার আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরাও তখন রাইফেলের সাহায্যে জবাব দিতে শুরু করেন। গোলাগুলি চলে সারা রাত। পুলিশ সদস্যরা সুরক্ষিত অবস্থানে থাকায় পাকিস্তানি বাহিনী পুলিশ লাইনের দিকে এগোতে পারে না। রাতের যুদ্ধে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত হয়। তাদের দুটি গাড়িও উল্টে যায়।
২৮ মার্চ সকাল আনুমানিক ১০টায় পাকিস্তানি বাহিনীর একজন মেজর রাজশাহী জেলার এডিসির সাহায্য নিয়ে গোলাগুলি বন্ধ করতে পুলিশ বাহিনীকে মাইকে আহ্বান করেন। দুই পক্ষ থেকে গুলি করা বন্ধ হলে মেজর তাঁর পাঁচ-ছয়জন সঙ্গী নিয়ে নিরস্ত্র অবস্থায় পূর্ব দিক থেকে পুলিশ লাইনে যান। ভবিষ্যতে উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে—এই আশ্বাস দিয়ে তিনি নিজের বাহিনী নিয়ে সেনানিবাসের দিকে চলে যান। পুলিশ সদস্যরা মেজরের কথায় বিভ্রান্ত হয়ে প্রতিরক্ষা সরিয়ে ব্যারাকে ফিরে আসেন। বাংকারে থেকে যান কয়েকজন মাত্র পুলিশ।
২৮ মার্চ বেলা একটায় পুলিশের সদস্যরা খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কেউ খাচ্ছিলেন। এমন সময়ে পাকিস্তানি বাহিনী মর্টার ও ভারী মেশিনগান নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা করে। বোয়ালিয়া ক্লাবের ছাদ থেকে নিক্ষেপ করা মর্টারের প্রথম শেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বর্তমান পুলিশ স্কুলের পশ্চিমে আনুমানিক এক শ-সোয়া শ গজ দূরে মোক্তার গোলাম মোস্তফার বাড়িতে আঘাত করে। গোলাম মোস্তফা, তাঁর ছেলে, ভাগনেসহ মোট পাঁচজন শহীদ হন। পরের শেলটি আঘাত করে পুলিশ লাইনের ওয়্যারলেস টাওয়ারে। সেটি ভেঙে পড়ে। কয়েকটি ব্যারাকে আগুন লেগে যায়। পুলিশ সদস্যরা শুরু থেকেই পুলিশ লাইনের উত্তর ও পূর্ব দিককে বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে পাকিস্তানি বাহিনী সে দিক দিয়ে এগোতে পারেনি। কিন্তু দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক, অর্থাৎ নদী ও বোয়ালিয়া ক্লাব এলাকা প্রায় অরক্ষিতই থেকে গিয়েছিল। এটি ছিল মারাত্মক ভুল। দুর্বলতা টের পেয়ে একদল সেনা এ দিক দিয়ে অতর্কিতে পুলিশ লাইনে ঢুকে আক্রমণ চালায়। ঘটনার আকস্মিকতায় পুলিশের সদস্যরা দিগ্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকেন। যাঁরা বাংকারে ছিলেন, তাঁরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কেউ কেউ অস্ত্র ও গুলি নিয়ে শুকনা ড্রেনে অবস্থান নেন। নেতৃত্বের অভাবে এবং শত্রুর আকস্মিক আক্রমণে আগের দিনগুলোর মতো তাঁরা আক্রমণ প্রতিহত করতে সক্ষম হলেন না। তীব্র আক্রমণের সামনে টিকতে না পেরে বহু পুলিশ সদস্য অস্ত্র ও গুলিসহ লাইনের পশ্চিমে ভেড়িপাড়ার মধ্য দিয়ে বলুনপুর, কোর্ট ও রায়পাড়ার দিকে চলে যেতে বাধ্য হন। পুলিশ লাইনের নিয়ন্ত্রণ নিয়ে পাকিস্তানি সেনারা বাংকারে প্রতিরোধ গড়ে তোলা পুলিশ সদস্যদের পেছন থেকে আক্রমণ চালায়।
সন্ধ্যা হওয়ার আগেই পুলিশ লাইনের প্রতিরক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রাজশাহীর প্রথম প্রতিরোধযুদ্ধের সমাপ্তি ঘটে। ২৮ মার্চের ভয়াবহ যুদ্ধে শহীদ হন ১৯ জন পুলিশ সদস্য। এর আগে ২৬ মার্চ পাকিস্তানি বাহিনী ডিআইজি মামুন মাহমুদকে কৌশলে রংপুর ব্রিগেড সদর দপ্তরে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। পুলিশ সুপার আবদুল মজিদকে তারা হত্যা করে ৩১ মার্চ জেলা প্রশাসকের বাসভবন থেকে ধরে নিয়ে।
২৯ মার্চ পাকিস্তানি বাহিনী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত খানের কাছে ১৮ জন পুলিশ সদস্যের লাশ হস্তান্তর করে। একজনের লাশ পুলিশ লাইনেই থেকে যায়। পুলিশ লাইনের মধ্যেই আম ও বাবলাগাছে ঘেরা বাগানের মধ্যে ১৯ জন শহীদ পুলিশকে সমাহিত করা হয়।
মাহবুব সিদ্দিকী: গবেষক; সাবেক পুলিশ কর্মকর্তা।