রাজা কংসনারায়ণ এবং বাংলার প্রথম দুর্গোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজশাহী জেলার তাহিরপুরের প্রসিদ্ধ রায় বংশ। কামদেব ভট্ট মনুসংহিতার বিখ্যাত টিকাকার কুল্লুক ভট্ট তাহিরপুরের রায় বংশের আদি পুরুষ। এই বংশের বিখ্যাত সন্তান কংসনারায়ণ। তাঁর সময়ই বাংলার শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির শুভ্র আকাশ আচ্ছন্ন হয় ঘন কালো মেঘে। নিদারুণ ঝঞ্ঝায় আক্রান্ত হয় অসাম্প্রদায়িক দেশ। বাংলার মসনদে অধিষ্ঠিত নবাব সুলেমান কররানির কুখ্যাত সেনাপতি কালাপাহাড়ের বর্বর আঘাতে, নিষ্ঠুর অত্যাচারে হিন্দু সম্প্রদায় নিমজ্জিত হয় রক্তগঙ্গায়। তাদের ধন, প্রাণ, ধর্মবিশ্বাস বিপন্ন হয়, জর্জরিত হয়, ভূলুণ্ঠিত হয়—ধ্বংস হয় দেববিগ্রহ, দেবালয়।

তরুণ কংসনারায়ণ তখন নবাব সরকারের অধীনে ফৌজদারের পদে অধিষ্ঠিত। তিনি কালাপাহাড়ের অত্যাচারের প্রতিবাদ করলেন। প্রতিকার প্রার্থনা করলেন নবাব সুলেমান কররানির কাছে। কিন্তু নবাব কংসনারায়ণের প্রার্থনায় কর্ণপাত করলেন না।

পাঠান নবাবের এমন আচরণে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হলেন বাঙালি জমিদার কংসনারায়ণ। নবাব সরকারের সংসর্গ সঙ্গে সঙ্গেই পরিত্যাগ করলেন তিনি। বাংলাকে কালাপাহাড়ের অত্যাচার থেকে মুক্ত করতে এবং হূত সাম্প্রদায়িক সম্প্রীতির পুনঃপ্রতিষ্ঠাড সিন্দুরীর জমিদার ঠাকুর কালীদাস রায়, সাঁতোরের জমিদারপুত্র গদাধর সান্ন্যাল ও দিনাজপুরের রাজভ্রাতা গোপীকান্ত রায়ের সঙ্গে বৈঠক করলেন কংসনারায়ণ। অতিশয় সংগোপনে ও পূর্ণ সতর্কতা বজায় রেখে তাঁরা উপস্থিত হলেন দিল্লিতে।

দিল্লির সম্রাট আকবর তখন নবীন বাদশাহ। নিখিল ভারতে মোগলের একচ্ছত্র আধিপত্য স্থাপনের স্বপ্ন তাঁর দুই চোখে। কংসনারায়ণ সম্রাট আকবরকে জানালেন, বাংলাদেশে রাজত্ব করা প্রতিটি রাজবংশই এ পর্যন্ত হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়কে সমদৃষ্টিতে দেখেছে। তারা কখনো কারও ধর্মবিশ্বাসে আঘাত করেনি। হিন্দুর মন্দির ও মুসলমানের মসজিদ বাংলায় অদ্যাবধি কোনো বিদ্বেষ সৃষ্টি করেনি। কিন্তু পাঠান শাসনামল সম্প্রীতির সেই নীতি থেকে বিচ্যুত করছে বাংলাকে। নবাবের সেনাপতি কালাপাহাড় মেতে উঠেছেন বিনষ্টের হোলিখেলায়। হে মোগল সম্রাট, আপনি বাংলা ও বাঙালিকে সাম্প্রদায়িক অনাচার ও অত্যাচার থেকে রক্ষা করুন!

মিষ্টিভাষী বাকপটু বাঙালি যুবক কংসনারায়ণের আবেদন স্পর্শ করল নবীন বাদশাহর অন্তর। তিনি সমাদরে কংসনারায়ণ ও তাঁর সঙ্গীত্রয়কে জানালেন, বাংলার বিপন্ন মানুষকে কালাপাহাড়ের অত্যাচার থেকে তিনি অবশ্যই রক্ষা করবেন, তাঁর শাসনামলে তিনি সমদৃষ্টিতেই দেখবেন প্রতিটি ধর্মমতকে।

সম্রাট আকবর বাংলা অভিযানের জন্য প্রস্তুত হলেন। সুলেমান কররানির মৃত্যু হলো ইতিমধ্যে। বাংলার মসনদে আরোহণ করলেন সুলেমান কররানির পুত্র দাউদ খাঁ। মোগল-পাঠান যুদ্ধ শুরু হলো। বাঙালি কংসনারায়ণের সক্রিয় সহায়তায় পতন হলো কালাপাহাড়ের। ১৫৭৫ খ্রিষ্টাব্দে রাজমহলের কাছে যুদ্ধে মোগলদের কাছে সম্পূর্ণভাবে পরাস্ত ও নিহত হলেন দাউদ খাঁ। সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরায় প্রতিষ্ঠিত হলো বাংলায়।

মোগল সম্রাট আকবর নববিজিত রাজ্যের জমিজমার বন্দোবস্ত করার কাজে নিযুক্ত করলেন রাজা টোডরমলকে। চিরস্মরণীয় এই কাজে টোডরমলকে ভীষণভাবে সাহায্য করলেন কংসনারায়ণ। কংসনারায়ণের সুদক্ষ সহযোগিতায় সুবে বাংলার জমিজমার জরিপ ও বন্দোবস্ত যখন পুরোদমে চলছিল, তখন এক বিশেষ প্রয়োজনে রাজা টোডরমলকে ডেকে পাঠালেন সম্রাট। রাজা টোডরমল এই গুরুতর দায়িত্বপূর্ণ অসমাপ্ত কাজ কংসনারায়ণের ওপর অর্পণ করে চলে গেলেন আগ্রায়। কংসনারায়ণ অবশিষ্ট কাজ সুচারুভাবে শেষ করে সমস্ত হিসাবপত্র, চিঠা-পৈঠা ও নকশা পাঠিয়ে দিলেন সম্রাটের কাছে।

সম্রাট আকবর টোডরমলের সহায়তায় সব কাগজপত্র পরীক্ষা করে দেখলেন। সন্তুষ্ট হলেন সার্বিকভাবে। স্বাভাবিকভাবেই বাংলার মানুষ তখন আশা পোষণ করলেন যে বাঙালি যুবক কংসনারায়ণকেই নির্বাচিত করা হবে বাংলার সুবেদার পদে। কিন্তু মোগল সম্রাট আকবর বিশিষ্ট দূত মারফত বাঙালি কংসনারায়ণের জন্য পাঠালেন নানা রকম মূল্যবান উপহার, ‘রাজা’ খেতাব এবং সুবে বাংলার দেওয়ানের পদ। মনঃক্ষুণ্ন কংসনারায়ণ সসম্মানে সম্রাটের উপহার ও খেতাব গ্রহণ করলেন, তবে সুবে বাংলার দেওয়ানের পদ প্রত্যাখ্যান করলেন সবিনয়ে।

তারপর কংসনারায়ণ তাহিরপুরে তাঁর সুবিস্তৃত জমিদারির উন্নতি বিধানের প্রতি পুরোপুরি মনোনিবেশ করলেন। তাহিরপুর জমিদারিতে তিনি স্থান দিলেন বাংলার তৎকালীন বিশিষ্ট পণ্ডিতদের।

একদিন রাজা কংসনারায়ণ পণ্ডিতদের সভায় বিনম্রস্বরে বললেন, ‘আমি একটি মহাযজ্ঞে ব্রতী হতে চাই। আপনারা আমাকে শাস্ত্রানুমোদিত একটি মহাযজ্ঞের নির্দেশ ও ব্যবস্থা দিন।’

বাসুদেবপুরের ভট্টাচার্যরা বংশানুক্রমে তাহিরপুরের ভূস্বামীদের কুলপুরোহিত ছিলেন। এই বংশের বিখ্যাত তান্ত্রিক রমেশ শাস্ত্রী তখন বাংলা, বিহার, ওডিশার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। রাজা কংসনারায়ণের সেই সভায় রমেশ শাস্ত্রীও উপস্থিত ছিলেন।

রাজার প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘শাস্ত্রে বিশ্বজিৎ, রাজসুয়, অশ্বমেধ ও গোমেধ—এই চারটি মহাযজ্ঞের বিধি আছে। কিন্তু প্রথম দুটি যজ্ঞের অধিকারী দেশপতি সার্বভৌম সম্রাট। যেহেতু তুমি সম্রাটের অধীন একজন ভূস্বামী, তাই ওই দুই যজ্ঞের অধিকারী তুমি নও। শেষের দুটি যজ্ঞ অশ্বমেধ ও গোমেধ কলিতে নিষিদ্ধ এবং উভয় যজ্ঞই ক্ষত্রিয়ের করণীয়, ব্রাহ্মণের নয়।’

রাজা বিমর্ষভাবে জিজ্ঞেস করলেন, ‘তবে কি কলিতে এমন কোনো যজ্ঞের ব্যবস্থা নেই, আমি যাতে ব্রতী হতে পারি?’

রমেশ শাস্ত্রী উত্তর দিলেন, ‘আছে। কলিতে একমাত্র মহাযজ্ঞ হচ্ছে দুর্গোৎসব। এই যজ্ঞ সব যুগে সব জাতিই করতে পারে। এই এক যজ্ঞে সব যজ্ঞের ফল লাভ হয়। সত্য যুগে সুরথ রাজা এই যজ্ঞে ব্রতী হয়ে কাম্য লাভ করেন। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রাবণ বধের উদ্দেশ্যে অকালে এই মহাযজ্ঞ করেছিলেন। তদাবধি শাস্ত্রপুরাণের মধ্যেই এই যজ্ঞ আবদ্ধ হয়ে আছে। যদি তোমার সাহস থাকে, রাজসিকভাবে তুমি দুর্গোৎসব যজ্ঞে ব্রতী হতে পারো।’

রাজা কংসনারায়ণ তা-ই করলেন। রাজসিকভাবে শুরু করলেন দুর্গোৎসব যজ্ঞ। তান্ত্রিক রমেশ শাস্ত্রীর বিধানে প্রণীত হলো শাস্ত্রানুমোদিত আধুনিক দুর্গোৎসব পদ্ধতি। পরিবারসমন্বিতা প্রতিমায় বাংলাদেশেই প্রবর্তিত হলো প্রথম শারদীয় দুর্গোৎসব।