রোদ ছায়া মেঘ বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার প্রতীকের তোলা মায়ের ছবি
সরকার প্রতীকের তোলা মায়ের ছবি

আমার কাজের মূল মাধ্যম মূলত ছবি, কখনো সুর। শব্দ বা বর্ণের মাধ্যমে লিখে কিছু প্রকাশের চর্চা আমার নেই। তাই মা দিবসে মাকে নিয়ে লিখতে যাওয়াটা আমার জন্য দুঃসাহসের কাজ বোধ করি। কারণ, এমন ভাবনা লেখায় প্রকাশের জন্য যে মাপের মেধা আর দক্ষতার প্রয়োজন, তা আমার নেই। তার চেয়েও গুরুত্বপূর্ণ, এমন বিষয় লেখার জন্য একজন মানুষের জীবনে যে অনুধাবনের প্রয়োজন, তা-ও এখনো হয়নি। আর আদৌ কবে হবে, তা-ও চিন্তার বিষয়।

তারপরও লেখার সিদ্ধান্ত নিলাম। এর পেছনে কারণ, ঠিক এই মুহূর্তে যখন আমার মা পত্রিকার পাতা হাতে পেয়ে লেখাটা পড়ছেন এবং মনে যে আনন্দ অনুভব করছেন, তার পরিমাণ কিছুটা আঁচ করতে পারছি (এই লেখার বিষয়ে তিনি অবগত নন, তাই এটা তাঁর জন্য একটা সারপ্রাইজ)। তাই ভেবে দেখলাম, কী আছে জীবনে! লেখা যত খারাপ হোক, তাতে মায়ের কিছু আসবে-যাবে না। মাকে খুশি করা এতই সহজ। সেই সহজ কাজটাও করা হয় কম।

আমাদের খুব ছোট পরিবার। প্রথমে ছিলেন মা আর বাবা। তারপর এলাম আমি। আরও কিছু পরে শুধু থাকলাম আমি আর মা। বাবা চলে যান আলোর দেশে, বছর ১২ আগে। অর্ধেক জীবন বাকি থাকতেই মা তাঁর সঙ্গীকে হারালেন। এরপর, আমার কথা ভেবে আর নতুন করে নিজের জীবন নিয়ে ভাবেননি। তা ছাড়া, আমাদের দেশে সমাজ ও সংস্কৃতি এই শতাব্দীতে এসেও এমন কোনো অবস্থা তৈরি করতে পারেনি, যাতে একজন নারী আবার নতুন করে তাঁর জীবন শুরু করার জন্য উৎসাহিত হবেন। নতুন করে ঘর শুরু করার, এমনকি ‍শুধু সাধারণ বন্ধুত্ব করার সহজ চেষ্টাতেও সমাজের নানা জনের নানা মত থাকে। সামনে না হলেও পেছনে দুটো কথা থাকে।

ফলে এই মায়েদের থাকে শুধু সন্তান। একসময় সন্তানও হয়তো আর থাকে না। শেষ পর্যন্ত তাঁরা জীবনের বাকি দিনগুলো পার করে যান একা বেঁচে থাকার ভয় নিয়ে। আমি আমার মায়ের চোখে সেই ভয় দেখি, সেই একাকিত্ব দেখি।

মা বীণা সরকারের সঙ্গে আলোকচিত্রী সরকার প্রতীক। ছবি: প্রথম আলো
মা বীণা সরকারের সঙ্গে আলোকচিত্রী সরকার প্রতীক। ছবি: প্রথম আলো

কাজের প্রয়োজনে বেশির ভাগ সময় থাকতে হয় শহর বা দেশের বাইরে। যখনও বা দেশে থাকি, বাড়ি ফেরা হয় রাত করে। ফিরেও আবার কাজ নিয়ে বসে পড়ি। তখন মা কিছু সময়ের জন্য আসেন, বসতে চান আমার সঙ্গে, বলতে চান তাঁর কথা। কিংবা শুনতে চান আমার কথা। আমি বলি না বা মন দিয়ে শুনি না। প্রায়ই বিরক্ত প্রকাশ করি।

এরপরও মায়ের মনে ভালোবাসা ও প্রাণশক্তি একটুও কমে না। বরং আরও আমাকে উৎসাহ দিয়ে যান প্রতিনিয়ত। অবাক হই। দিনের বেলা বাচ্চাদের পড়ান প্রাইমারি স্কুলে। তারপর বাকিটা সময় ঘরের সবকিছু দেখভাল করেন নিজ হাতে। এসবের মাঝেই সময় বের করে নিয়ে গান করেন। ছোটবেলা থেকে গান গেয়েছেন নানা জেলায়, নানা অনুষ্ঠানে। একসময় রেডিওতেও গাইতেন। ক্যারিয়ার হিসেবে শেষ পর্যন্ত বেছে না নিলেও গানের প্রতি তাঁর ভালোবাসা এখনো কমেনি। একজন সত্যিকারের শিল্পীর হয়তো এমনই হওয়ার কথা।

মাঝে মাঝে ভাবি, আমি যদি গাছ হই তবে আমার মা হলেন সূর্যের মতো। আলো দিয়ে আবার মেঘ বানিয়ে জল দিয়ে আমার অস্তিত্বকে টিকিয়ে রাখছেন। গাছ হয়ে সূর্যকে কিছু দিতে পারি না।

লেখক: আলোকচিত্রী