লাঠি খেলেন রূপন্তী চৌধুরী
১২ বছর ধরে লাঠি খেলছেন। প্রতিপক্ষের হাতে থাকা লাঠি বা তলোয়ার একবারের জন্যও আঘাত হানতে পারেনি রূপন্তী চৌধুরীকে। পোশাকি নাম সাবরিনা চৌধুরী। রূপন্তী মনে করেন, নারীরা অনেক নির্যাতন সহ্য করেছেন। বললেন, ‘পুরুষের হাতে মার খাওয়ার দিন শেষ হয়ে যাবে। শুধু দরকার একটু ইচ্ছাশক্তি। নারীদের মনে সব রকম শক্তি আছে; প্রয়োজন একটু সাহস, মনোবল আর ইচ্ছা। তবেই যেকোনো অপশক্তি ও বাধা দূর করতে পারবেন নারীরা।’
রূপন্তীর বাড়ি কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায়। বাপ-দাদার লাঠিখেলার সূত্র ধরে নারী হয়েও তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। বয়স যখন সাত বছর, তখন বাবার খেলা দেখে হাতে তুলে নেন লাঠি। রপ্ত করতে থাকেন লাঠি ঘোরানোর কৌশল।

রূপন্তীর পরিবারের সবাই লাঠিখেলার সঙ্গে যুক্ত। আছেন নারীরাও। তাঁর ফুফু হাসনা বানু দেশের প্রথম নারী লাঠিয়াল। ফুফাতো বোন শাহিনা সুলতানা ও শারমীন সুলতানাও লাঠিয়াল। রূপন্তীর সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন মঞ্জুরীন আফরিনও লাঠির কসরত শিখছেন।
নারীদের এগিয়ে যাওয়া, নেতৃত্ব দেওয়া আর ক্ষমতায়ন—এসব নিয়ে এক বিকেলে চা-চক্রে কথা হচ্ছিল রূপন্তীর সঙ্গে। তাঁর মধ্যে নেই কোনো জড়তা। গল্পটা এমনই তাঁর। ১২ বছর বয়সে বিকেলবেলায় শহরে কেনাকাটা করতে গেছেন তিনি। দুজন বখাটে আপত্তিকর কথা বলেছিল। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলেন। তা দেখে আশপাশের লোকজন জড়ো হয়েছিল। পরে ওই বখাটেরা ক্ষমা চেয়েছিল রূপন্তীর কাছে। নিজের উদাহরণ টেনে রূপন্তী বললেন, নারীদের বাঁকা চোখে দেখার দিন শেষ। তাঁরা এখন নিজেরা জায়গা করে নিচ্ছেন। নিজের পায়ে দাঁড়াচ্ছেন। নারীরা যথেষ্ট সবল। মন ও মানসিকতায় একটু দুর্বল, সেটাকে দূর করতে হবে।
লাঠিখেলার সময় দৃষ্টি থাকতে হয় প্রখর ও তীক্ষ্ণ। প্রতিপক্ষ কে, সেটা ভাবা ঠিক নয়। ঠিক তেমনি সমাজে নিজেকে তুলে ধরতে প্রতিপক্ষ কে, সেটা ভাবাও ঠিক নয়। লক্ষ্য থাকতে হবে, বাড়াতে হবে মনোবল। থাকতে হবে মনের জোর, তবেই জয় হবে। নিজেই নিজেকে রক্ষা করার মনোবল থাকা উচিত।
রূপন্তী বলেন, ‘পিছিয়ে থাকার দিন শেষ। যেকোনো আঘাতের বিরুদ্ধে একটু হলেও প্রতিবাদ করতে হবে নারীদের। দিন বদলে গেছে। আমি পারব, করবই—সেই শক্তি জোগাতে হবে নারীদের মনে।’
রূপন্তীর ইচ্ছা, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক আমাদের এই লাঠিখেলা। গল্পের শুরুটা যেমন লাঠিখেলা দিয়ে, শেষটাও দেখতে চান লাঠিখেলা দিয়ে পৃথিবী জয়ের মধ্য দিয়ে। ফুটবল, ক্রিকেটের মতো লাঠিখেলাও সর্বত্র ছড়িয়ে যাক।
ঘর থেকে বের হলে নারীকে মনে রাখতে হবে যে আজ তাঁর ঘরে ফেরা না-ও হতে পারে। বিপদ আসতে পারে। সেটাকে মোকাবিলা করার প্রস্তুতি থাকতে হবে। সরকার নারীদের নিয়ে অনেক কাজ করছে, সেগুলো লুফে নিতে হবে। নিজের ইচ্ছাটাই সবকিছু, তবেই একজন নারী জেগে উঠবেন।
নারীরা ভাবেন, স্বপ্ন দেখেন। কিন্তু সেটার বাস্তব রূপ দিতে সাহস পান না। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে। মনোবল, আত্মবিশ্বাস থাকতে হবে। লক্ষ্য থাকবে স্বপ্ন পূরণের। বাড়াতে হবে মনোবল। লক্ষ্য ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এমনটাই মনে করেন রূপন্তী।
পারিবারিক পরিচিতিতে নয়, নিজের যোগ্যতায় লাঠি খেলেন¯রূপন্তী চৌধুরী। একজন খেলোয়াড় হিসেবেই খেলে জায়গা করে নিয়েছেন পুরুষের পাশে। আরও এগিয়ে যেতে চান।