
‘চিনিকল থেকে বেরিয়ে ঘন গাছপালা আর ছায়াঘেরা রাস্তা। সেই রাস্তা বেয়ে অনেক দূর বাবার সাথে সাইকেলে ঘণ্টি বাজিয়ে স্কুলে যওয়ার সময় প্রতিদিন চোখে পড়ত ওদের বাড়িটা। উঁচু পাঁচিল দেওয়া ব্রিটিশ আমলের বাড়ি। সামনে সুন্দর ছিমছাম বাগান, লোহার গেটের সামনে সশস্ত্র পাহারায় পুলিশ। কখনো ও বাড়ি থেকে জিপগাড়ি ভোঁ করে বেরিয়ে যাওয়ার সময় তারা সটান হয়ে স্যালুট দিত। আমি যতটা ঘাড় বাঁকা করে দেখা যায় দেখে যেতাম আর অবাক হয়ে ভাবতাম, এইসব বাড়িতে কারা থাকে? তারা দেখতে কেমন?’—এই পর্যন্ত বলে শওকত আলী থামলেন। তাঁর সবুজ কৃত্রিম ঘাসের কার্পেটে মোড়া লনে চমৎকার শরতের হাওয়া বইছে। একটা প্রজাপতিকেও উড়তে দেখল রায়হান। কিন্তু এসব কথা তাকে কেনই বা বলছেন—তা নিয়ে সে এখনো কনফিউজড। তবে কিনা, যাঁরা গরিব থেকে ধনবান হন এ দেশে, তাঁরা তাঁদের ছেলেবেলার সুমধুর দারিদ্র্যের কথা অন্যকে বলতে পছন্দ করেন। শওকত আলীও হয়তো তা-ই করছেন। কিন্তু বেছে বেছে তাকেই কেন?
শহরের অভিজাত ও নিশ্ছিদ্র নিরাপত্তাঘেরা এই এলাকায় আজকাল তার মতো ছা পোষা মানুষের প্রবেশই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। শওকত আলী তাকে আনার জন্য গাড়ি পাঠিয়েছিলেন বলে রক্ষা। শিল্পপতি, ব্যাংক মালিক ও প্রাইভেট এয়ারলাইনসের কর্ণধার ভদ্রলোকের সাথে দেখা করতে নাকি কমপক্ষে সাত দিন অপেক্ষা করতে হয়।
উর্দি পরা বাবুর্চি চা-নাশতা দিয়ে গেলে তুলে নিতে অনুরোধ করলেন শওকত আলী। তারপর আবার শুরু করলেন, ‘বাবাকে জিজ্ঞেস করলে বলতেন, “ওটা ডিসি সাহেবের বাসা রে। ডিসি মানে বুঝিস? জেলার প্রধান, হর্তাকর্তা। তুই কিন্তু বড় হলে এ রকম অফিসার হবি, বল?” বাবার কথা কানে ঢুকত না আমার, আমি চেয়েই থাকতাম। রাজশাহী শহরের রাস্তায় তখন ঘোড়ার মলের তীব্র গন্ধ, এখানে-ওখানে পড়ে থাকা ঘোড়ার মলমূত্র, কিন্তু ওই বাড়িটার চারপাশ ঘিরে এক অদ্ভুত প্রশান্তি ছিল। আর হ্যাঁ, মাঝেমাঝেই বাড়িটার লম্বা টানা বারান্দা, লন কিংবা ছাদে এক ঝলক দেখা যেত মেয়েটাকে। স্কার্ট পরা, কাঁধ পর্যন্ত ছাঁটা চুল। ব্যাডমিন্টন খেলছে। সেই সময় মফস্বল শহরে এত বড় মেয়েরা স্কার্ট পরত না কখনোই। ব্যাডমিন্টনও খেলত না। কিন্তু এসব বাড়ির লোকেদের ব্যাপার-স্যাপারই আলাদা।’
রায়হান বিদেশি চিজ কেকে কামড় দিয়ে নড়েচড়ে বসে, ও তাহলে এই ব্যাপার! শওকত আলী বিয়ে করেননি বলে শুনেছে। আজ তবে তাঁর রহস্য জানা যাবে।
‘একটু বড় ক্লাসে ওঠার পর বাবা একটা সাইকেল কিনে দিলেন। নিজের সাইকেলেই রাজশাহী কলেজিয়েট কলেজে যেতাম। একটু ঘুরপথ হলেও সেই বাড়িটার সামনে দিয়ে তো অবশ্যই। তত দিনে দেখি মেয়েটাও একটা সাইকেল পেয়েছে। মফস্বল শহরের জন্য অভিনব ঘটনাই বটে। মেয়েটা একটা গোলাপি সাইকেল নিয়ে বের হলে তার পিছু পিছু আরেকটা সাইকেল নিয়ে আসত তার বডিগার্ড। একদিন বাঁশঝাড়, সুপুরিগাছ আর নারকেলগাছঘেরা পথে মুখোমুখি হয়ে গেলাম। মেয়েটা আনাড়ি, তাই টাল সামলাতে না পেরে এক্কেবারে বাঁশঝাড়ের মধ্যে। গা কেটে গিয়ে রক্ত বের হলো কয়েক জায়গায়। দোষ আমার কি না বুঝে ওঠার আগেই মার খাওয়ার ভয়ে দ্রুত পালিয়ে এলাম। ঘুম হলো না সারা রাত। আহা, কত জায়গায় কেটেছে। জ্বলুনি হচ্ছে নিশ্চয়। নিশ্চয় আমাকে গালাগাল করছে।’
কফির কাপ রেখে রায়হান বলে, ‘আপনার প্রথম প্রেম?’
‘প্রথম? প্রেম?’—বিচলিত হয়ে উঠলেন শওকত আলী, ‘জানি না। তবে মেয়েটার সাথে আমার এ পর্যন্ত কথা হয়েছে মোট তিনবার।’
রায়হান এবার আগ্রহ বোধ করে। বাহ, গল্পটা বেশ জমে উঠেছে। ভদ্রলোক কি তাকে দিয়ে আত্মজীবনী লেখাতে চান নাকি? কিন্তু সাংবাদিক হিসেবে সে তো একেবারে না গোনাদেরই দলে। অর্থ ও বাণিজ্যসংক্রান্ত একটা পত্রিকার সাথে আছে বটে, কিন্তু পত্রিকার নিজের অবস্থাই খারাপ। কখন তাড়িয়ে দেয়, কে জানে?
‘অন্য সব সরকারি অফিসারের মতো ওর বাবাও এ শহর ছেড়ে চলে যায় অন্য কোথাও। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে পড়তে আসি তার দু বছর পর। তারও আড়াই বছর পর একদিন ডিপার্টমেন্টের সামনে মেয়েটাকে দেখে একেবারে মূর্তি হয়ে গেলাম। ও এখানে কেন? সে কি এই বিভাগে পড়ে? কোন ইয়ারে? ঠিক আগের মতোই তো দেখাচ্ছে। এখনো ছোট চুল। কেবল স্কার্ট-টপসের বদলে পরনে ধবধবে সাদা সালোয়ার-কামিজ। কয়েকটা ছেলেমেয়ের সাথে প্রাণখুলে আড্ডা দিচ্ছে, হা হা করে হাসছে। আমি কয়েকবার সামনে দিয়ে হেঁটে গেলাম। কেউ পাত্তা দিল না। ওর তো আমাকে চেনার প্রশ্নই আসে না। একবারই আমাকে দেখেছে কি দেখেনি, পালিয়েই তো গেছি সামনে থেকে।’
রায়হান বলল, ‘এগিয়ে গিয়ে একটু আলাপ করলেই পারতেন! ইউনিভার্সিটিতে তো আর এসবে কেউ কিছু মনে করে না।’
শওকত আলী হাসলেন, ‘মাই বয়, আমি মফস্বলের চিনিকলের সুপারভাইজারের ছেলে, আমার বংশে কেউ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেনি আগে। মুহসীন হলে থাকি, বাবা কিছু টাকা পাঠায়, আমি দুটো টিউশনি করি। এই ধরনের ছেলেমেয়েদের সামনে আমাদের মতো ছেলেরা সব সময় কুঁকড়ে থাকতাম। পরে খোঁজ নিয়ে জেনেছি, সে পড়ে ইংরেজি বিভাগে। কিন্তু মার্কেটিং বিভাগে তার বেশ কয়েকজন বন্ধু আছে। আর সে একজন তুখোড় বিতার্কিক, ভালো গান করে। একটি ইংরেজি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। খুবই জনপ্রিয় চরিত্র বিশ্ববিদ্যালয়ে। স্মার্ট, গাড়িওয়ালা, ফ্যাশনেবল ছেলেরাও ওর সান্নিধ্য পাওয়ার আশায় ব্যাকুল। মেয়েরাও ওর সাথে বন্ধুত্ব করতে খুবই আগ্রহী, কিন্তু আড়ালে ঈর্ষা করে। আর হ্যাঁ, নামটাও জেনেছি—লাবণ্য।
লাবণ্য—রায়হানের কণ্ঠেও এবার একটু মুগ্ধতা আসে, ‘জি স্যার, তারপর?’
‘আমি জেদ ধরলাম, আমাকে দাঁড়াতে হবে। হলে সিট সমস্যা, রাজনীতি, বড় ভাইদের অত্যাচার, বাড়িতে নিত্য সমস্যা—এসবের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে যেতে থাকলাম উঠে দাঁড়ানোর। প্রতিটি পরীক্ষায় ভালো ফল করতে থাকলাম। শিক্ষকদের সুনজরে পড়তে শুরু করলাম। পড়া বোঝা বা নোটস নেওয়ার আশায় দু-চারটা মেয়ে আমার সাথেও বন্ধুত্ব করার আগ্রহ দেখাল। এ রকম এক বান্ধবীই একদিন হঠাৎ ওর সাথে আমার আলাপ করিয়ে দিল, “শওকত, ও হলো লাবণ্য, ইংলিশে পড়ে। আমাদের ডিবেট টিমের মেম্বার, চিনিস না?”—এই ছিল ওর সাথে আমার দ্বিতীয় কথোপকথন।
রায়হান আগ্রহ চেপে রাখতে পারে না, ‘কী কথা হলো, স্যার?’
‘বললাম, আমি তো ওকে অনেক আগে থেকেই চিনি। এবার লাবণ্যর অবাক হওয়ার পালা, সত্যি? কীভাবে?
: আপনি রাজশাহীতে থাকতেন না?
: হ্যাঁ, সে তো অনেক দিন আগে। খুব বোরিং লাইফ ছিল সেটা। কোথাও বের হতে পারতাম না। কারও সাথে মিশতে পারতাম না। কোনো বন্ধু ছিল না আমার।
তড়বড় করে বলল লাবণ্য।
আমি তাকে সাইকেল সংঘর্ষের দিনটা মনে করিয়ে দিলাম। কিন্তু কিছুতেই মনে করতে পারল না সে, তাই? কে জানে? হতেও পারে। আচ্ছা, এখন আসি, কেমন? আমার ক্লাস আছে দুটোয়।
‘সে রাতে আমি গরম ঘর্মাক্ত হলের বোঁটকা তোষকে সারা রাত জেগে ছিলাম। বাঁশঝাড়ের মধ্যে কয়েক ফোঁটা রক্তপাত আমার কত রাত যে নির্ঘুম করেছে তার ইয়ত্তা নেই। এখনো চোখ বন্ধ করলেই ঘটনাটা হুবহু দেখতে পাই। অথচ এই গুরুত্বপূর্ণ ঘটনাটা লাবণ্যর আদৌ মনেই নেই। আমি নিশ্চিত হলাম যে আজকে আমাদের ডিপার্টমেন্টের বারান্দায় এই আলাপের কথাও ওর মনে থাকবে না। লাবণ্যর চোখের ভাষাই তা বলে দিল।’ লনের গার্ডেন চেয়ারে বসে বাংলাদেশের একজন সিআইপি শওকত আলী তারপর এমন উদাস হয়ে গেলেন যে রায়হানের রীতিমতো করুণা হতে লাগল। শওকত আলী উঠে দাঁড়ালেন, ‘চলো হাঁটি। অনেকক্ষণ বসে আছি।’ এ সময় তাঁর প্রাইভেট সেক্রেটারি কাছে এসে কিছু বলে গেলে তিনি তাকে পরে আসতে বললেন। আজ সম্ভবত কাজের মুডে নেই তিনি।
‘তবে কি জানো, আমি মানুষটা সব সময় একটু অন্য ধাঁচের। প্রতিটি বাধা, প্রতিটি উপেক্ষা আমাকে আরও জেদি করে তোলে। প্রাণপণে লাবণ্যর যোগ্য হয়ে উঠতে চাইলাম আমি। অনার্স-মাস্টার্স দুটোতেই পেলাম ফার্স্ট ক্লাস। লাবণ্য তখনো অনার্স পেরোয়নি। আমি পিএইচডির জন্য জোর চেষ্টা চালালাম। শিক্ষকেরা আমাকে পছন্দ করতেন। তাঁরাও গাইড করলেন। স্কলারশিপ হলো আমেরিকার আটলান্টা বিশ্ববিদ্যালয়ে। আমি ছুটলাম সেই বান্ধবীকে খুঁজতে, যে কিনা লাবণ্যরও বন্ধু। এবার মাথা উঁচু করে বলব, লাবণ্য, তুমি জানো না, কতগুলো বছর ধরে তুমি আমার পুরোটা সত্তা দখল করে আছো। আজ আমি এত বছরের তিল তিল করে জমানো কথাগুলো তোমাকে বলতে এসেছি। আর তোমাকে তা শুনতেই হবে।’
গল্পের সাসপেন্সে পৌঁছে রীতিমতো ঘেমে উঠছে রায়হান। শওকত আলী একটু দম নিলেন। হাঁটতে হাঁটতে বিদেশ থেকে আনা অর্কিডের গায়ে হাত বুলোলেন। তারপর শুরু করলেন আবার।
‘আমার বন্ধু তো হেসেই খুন, “তুই এত দিন এসব কথা গোপন করে রেখেছিস? আগে বলিসনি কেন? বোকার হদ্দ? তুই জানিস না, লাবণ্য চারুকলার ওই হতচ্ছাড়াটার সাথে ঘোরে? চালচুলো নেই, জামাকাপড় নোংরা, কী পেয়েছে ওর মধ্যে কে জানে? বাবা বাড়ি থেকে বের করে দেবে বলেছে, তাও নাকি ওকেই বিয়ে করবে। একদম বাজে, চয়েস নেই মেয়েটার!” জুঁই ঠোঁট বাঁকিয়ে বলে।’
একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল শওকত আলীর সাজানো-গোছানো লনে। ওদিকে সন্ধ্যে হয়ে আসছে। চুপচাপ ধীর পায়ে হাঁটছেন তিনি। রায়হানও কোনো কথা বলতে পারছে না। শরতের সন্ধ্যা কেমন হাহাকারময় হয়ে উঠল। অনেকক্ষণ পর কথা বলে উঠলেন শওকত আলীই, ‘বুঝলে রায়হান, জীবনে সবকিছু পাওয়ার পরও ভালোবাসার মানুষটিকে না পাওয়ার বেদনা কেন যেন কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। চেষ্টা যে করিনি তা নয়। পরে দেশে ও বিদেশে অনেক মেয়ের সাথেই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে দেখেছি। পারিনি। যেখানেই গেছি, আইফেল টাওয়ারের সামনে কি ফ্লোরিডার সমুদ্রসৈকতে, টাইমস স্কোয়ার থেকে ট্রাফালগার স্কোয়ারে হঠাৎ কোনো কারণ ছাড়াই মনে হয়েছে এখানে যদি লাবণ্যর সাথে দেখা হয়ে যায়! আর একবার যদি ওর দেখা পেতাম!’
লনের হলুদ বাতিগুলো একে একে জ্বলে উঠলে একটা অদ্ভুত বিষণ্নতা নেমে এল চারদিকে। কয়েকটা পাখি মাথার ওপর ছায়া ফেলে উড়ে গেল কোথায় যেন।
রাতে কাঁঠালবাগানের ঘিঞ্জি গলিতে নিজের মেসে গরমে ঘেমে ঘুম ভেঙে গেলে রায়হানের পুরো ব্যাপারটা কেমন অদ্ভুত লাগে। লোকটা চাইলে দেশের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে পারত, এমনকি চাইলে একাধিক নারীর সান্নিধ্য পাওয়াও তাঁর জন্য কঠিন নয়; তা বলে শৈশবে দূর থেকে দেখা একটি মেয়ের জন্য সারা জীবন ধরে নিজের ভেতর পুড়তে থাকা—সত্যিই এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। উন্মাদ নাকি? কে জানে, জিনিয়াসরা হয়তো এমনই হয়। হঠাৎ একটা কথা মনে হলে উত্তেজনায় উঠে বসে রায়হান। লাবণ্যর সাথে তৃতীয় সাক্ষাতের কথাটা তো বলতে ভুলে গেছেন শওকত আলী।
সকালবেলাই ফোন করে বিরক্ত করা ঠিক হবে কি না বুঝতে পারছিল না। কিন্তু তার আর তর সইল না। শওকত আলীও সঙ্গে সঙ্গে রিসিভ করলেন, যেন এই ফোনের অপেক্ষায়ই ছিলেন, ‘বলো রায়হান।’
: স্যার, আপনার সাথে তাঁর তৃতীয়বার দেখা হলো কোথায়?
একটু নীরব থেকে মুখ খুললেন শওকত আলী, ‘গত মাসের আটাশ তারিখ, সকাল সাড়ে দশটায়। যেদিন তুমি তোমার পত্রিকার হয়ে আমার ইন্টারভিউ নিতে এলে। আমার ইন্টারভিউ ছাপার চাইতে তোমাদের এখন বেশি প্রয়োজন বিজ্ঞাপন, তা আমি বুঝতে পেরেছি। কেননা তোমার বিভাগীয় সম্পাদক, যিনি কার্ডে নিজের নাম পাল্টে ফেলেছেন, লাবণ্য আহমেদের বদলে রেহনুমা আহমেদ—সব শেষে ছোট্ট করে অনুরোধটা জানিয়ে রেখেছিলেন। যথারীতি এবারও তিনি আমায় চিনতে পারেননি।’ একটা দীর্ঘশ্বাস শুনতে পেল রায়হান।
শওকত আলীকে চুপ থাকতে দেখে নার্ভাস বোধ করতে থাকে সে। একটু ঢোঁক গিলে বলে, ‘আপনি কি আমাকে কিছু করতে বলেন, স্যার?’
‘তোমাকে আমি কিছুই করতে বলব না। আমার কেবল মনে হলো, এই প্রথম, গল্পটা তোমাকেই শুধু বলা যেতে পারে।’ শওকত আলী ফোন কেটে দিলেন। রায়হান ঘেমে নেয়ে উঠল, গল্প শেষ হলো, না শুরু—কিছুই বুঝতে না পেরে।