শরতের প্রতীক্ষাগুলোর একটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রকর্ম: সমরজিৎ রায় চৌধূরী
চিত্রকর্ম: সমরজিৎ রায় চৌধূরী

শারদীয় দুর্গোৎসব —কথাটি মনে হতেই মনের আয়নায় ভেসে ওঠে অনেক স্মৃতি, শরৎকালীন ছোটবেলার দুরন্ত দিনগুলো! তবে একই সঙ্গে এ কথাও বলতে হবে, এখন এই বুড়ো বয়সে পৌঁছে দুর্গাপূজা কেন, কোনো উৎসবই ঠিকমতো আর খেয়াল করা হয় না। জীবনযাপনের নানাবিধ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সবকিছুই আজ কেমন যেন ফিকে হয়ে গেছে। মাঝেমধ্যে মনে হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের রংগুলো কি হারাতে শুরু করে, নাকি শৈশব স্মৃতিগুলো জীবনভর মনের মধ্যে অমলিন থাকে বলে ফিকে হয়ে যায় অন্য সবকিছু? জানি না। তবে এটুকু বলতে পারি, বরাবরই শরৎকালের দুর্গাপূজাটা আমার খুব ভালো লাগত, এখনো ভালো লাগে।

বেড়ে উঠেছি রাঢ়বঙ্গে—গ্রামের নাম যবগ্রাম। আমাদের গ্রামটি ছিল হিন্দুপ্রধান। ফলে শরতের প্রথম দিন থেকেই গ্রাম ভরে উঠত উৎসবে, পূজার তোড়জোড়ে। তা ছাড়া শরতের প্রকৃতির মধ্যেও তো উৎসব আছে—নীল আকাশে ননীমাখানো মেঘ, কাশবনের এলোমেলো দোলা, গাছে গাছে শিউলি ফুল—কী যে ভালো লাগত! এর মধ্যে শরতের শুরুতে ঢাক গুড়গুড় ঢাক গুড়গুড়—ঢাকিরা আসতেন বিশাল ঢাক নিয়ে। সেই ঢাকের চারপাশে প্রচুর পালক লাগানো। ঢাকের শব্দই বলে দিত, আর কদিন পরেই পূজা।

পূজাকে ঘিরে সেই ছোটবেলায় আমাদের কী যে উচ্ছ্বাস! গ্রামের বৈঠকখানার এক কোণে প্রতিমার যে খড়ের কাঠামোটি খা খা করত, পড়ে থাকত সারা বছর, এ সময় তার গায়ে মাটি লাগানো হতো—এক মাটি, দুই মাটি, খড়িমাটি—এভাবে সেটি মণ্ডপে উঠত একসময়। শৈশবে পূজার এ প্রতিমা নিয়ে আমার বিস্ময়ের শেষ ছিল না।

অনেক দিন ধরে প্রতিমা গড়া হতো। প্রতিদিন আমরা গিয়ে গিয়ে দেখতাম কতদূর হলো প্রতিমা গড়ার কাজ। আমাদের চোখের সামনে দিনে দিনে একটু একটু করে অপূর্ব অবয়ব পাচ্ছে প্রতিমাটি—এ অনুভূতি ভাষায় প্রকাশের নয়! পূজার শুরু থেকে সমরেশ, গোপেশ্বর, এককড়ি, মনোজ পাল ও আমি—বন্ধুবান্ধব মিলে পূজা দেখার আনন্দই আলাদা। দিন যে তখন কীভাবে কেটে যেত!

আমাদের গ্রামে মোট তিনটি পূজা হতো—দুটো ছিল বারোয়ারি এবং একটি পূজা হতো পুষ্পদি নামে একজনের বাড়িতে। তাঁর ছিল সচ্ছল পরিবার। পূজার যে রূপ আমরা এখন দেখি—চারপাশ আলোতে ঝলমল করে, হরেক জিনিসের মেলা বসে, আমাদের সময় তেমনটি ছিল না। পূজা দেখতে গিয়ে আমরা হয়তো একটু পাঁপড় বা মিষ্টান্ন পেয়েই খুশি থাকতাম, বর্তে যেতাম। বিভিন্ন বাড়িতে এই মৌসুমে তৈরি হতো নারকেলের নাড়ু। নাড়ুর উৎসব চলত চারদিকে—আহা, নাড়ুর সেই স্বাদ কী এ জীবনে ভুলতে পারব!

পূজা উপলক্ষে কলকাতা কিংবা রাচি থেকে লোকজন সবাই গ্রামে ফিরতেন। তাঁদের ভেতর একধরনের শহুরে, বাবুয়ানা ভাব ছিল—সেই ছোট বয়সে এগুলো আমাকে খুব আকর্ষণ করত। অবাক চোখে চেয়ে থাকতাম তাঁদের দিকে।

আমাদের ছোটবেলা তো এখনকার ছেলেমেয়েদের মতো নিয়মবদ্ধ ছিল না—ছিল অবাধ স্বাধীনতা ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’-এর মতো। যে কারণে শরৎ ও শারদীয় পূজার দিনগুলোতে যেন বা বাঁধনহারা হয়ে যেতাম আমরা। আমাদের বাঁধনহারা মন আরও বল্গাহীন হয়ে উঠত স্কুল ছুটির কারণে। যেন সবখানে বাজত ছুটির বাঁশি, পূজার বাঁশি।

তবে রাঢ়বঙ্গ ছেড়ে আমি যখন এখানে চলে এলাম, মনে হয়, আমার চোখে পূজা উৎসবের রং ক্ষীণ হতে শুরু করল তখন থেকেই। এখানকার পূজার সঙ্গে ওখানকার পূজার কিছু পার্থক্য লক্ষ করলাম—সেটা মূর্তি নির্মাণে। এখানে দুর্গা বা অসুরের মূর্তি একেক স্থানে একেক রকম। এ ছাড়া আছে আরও কিছু পার্থক্য। স্থানভেদে কৃত্য-আচার ও সংস্কৃতি যে পরিবর্তিত হয়—এ সত্যটি আমি আরেকবার বুঝতে পেরেছি দুই বাংলার পূজা উৎসবের তারতম্য দেখে।

শরতের প্রতীক্ষাগুলোর একটি হলো দুর্গাপূজা। এখনো পূজার সময় আমার ছোটবেলা ডেকে ডেকে ফিরে যায় আমাকে। আর সেই ডাক শুনে মনের চোখে আমি দেখি, যবগ্রামের নিবিড় প্রকৃতির মধ্যে ছুটে চলেছে ছোট্ট এক কিশোর—অবারিত সবুজ মাঠ পেরিয়ে পুষ্পদির বাড়িতে গিয়ে সে দেখছে, কতদূর গড়া হলো প্রতিমা!