শারদ উৎসবে মা, দুর্গা ও আমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানের কোলে মায়ের ভাসানযাত্রা
সন্তানের কোলে মায়ের ভাসানযাত্রা

যে গাঁয়ে আমি জন্মেছি, তার সাত-আট গ্রাম উত্তরের এক গাঁয়ে আমার মামাবাড়ি। গাঁয়ের নাম উত্তর কাট্টলি। ওই গাঁয়ের জেলেপাড়াটি স্বাভাবিক নিয়মে এবং প্রয়োজনে বঙ্গোপসাগরের গায়ে গায়ে। এ পাড়ার মানুষজন অন্য দশটি জেলেপল্লির মতো দরিদ্র, ভীষণ দরিদ্র। দিন এনে দিন খাওয়া বা নুন আনতে পান্তা ফুরানো সংসার যাকে বলে। অধিকাংশ জেলের ঘরবাড়ি জীর্ণ, এধার ভাঙা, ওধার জোড়াতালি দেওয়া। শীতে আর বর্ষায় তাদের কষ্টের সীমা থাকে না। শীতের কনকনে শৈত্য আর বর্ষার বাদল তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। ওদের ঘরবাড়ি, জীবনব্যবস্থা জীর্ণ-নড়বড়ে হলে কী হবে, ওপাড়ার দেবী অনেক শানশওকতের মধ্যে পূজিত। দেবী মানে কালী। মামাবাড়ির পশ্চিম পাশ ঘেঁষে একটি ছোট্ট খাল বয়ে গেছে, উত্তর-দক্ষিণে। ওই খালের পশ্চিম পাড়ঘেঁষে একটা কালীমন্দির তৈরি করেছে ওপাড়ার জেলেরা। অনেক বড় জায়গা নিয়ে কালীমন্দিরটি। কী করে কী করে যেন কালীমন্দিরটি পাকাও করে ফেলেছে ওরা। নিজেদের ঘরবাড়ি কাঁচা হলে কী হবে, দেবীমন্দির পাকা করতে কোনো কার্পণ্য দেখায়নি তারা। মাধুকরীবৃত্তি অবলম্বন করে, এর-ওর কাছে হাত পেতে, ইলেকশনের আগমুহূর্তে ভোটপ্রার্থী চেয়ারম্যান-মেম্বারদের কাছে দাবিদাওয়া দিয়ে মন্দিরটিকে দেখার মতো রূপ দিতে পেরেছে উত্তর কাট্টলির জেলেপাড়ার মানুষগুলো। ওই মন্দিরে স্থায়ী কালীমূর্তি; পাথুরে, ভীষণাকৃতি, ভয়জাগানিয়া। তার চারপাশে দাঁড়ানো চেলা-চামুণ্ডাদের চেহারা-আকার ত্রাস—সৃষ্টিকারী। শৈশবে ১২-১৩ মাইল পায়ে দলে মামাবাড়ি যেতাম আমরা। গরুর গাড়ি ছাড়া অন্য গাড়ি ছিল না আজ থেকে ৫০ বছর আগে। গরুর গাড়িতে করে স্ত্রী-সন্তানদের শ্বশুরবাড়ি পাঠানোর মতো পকেটজোরও ছিল না বাবার। ওই কালীমন্দিরের সামনে দিয়েই মামাবাড়িতে ঢুকতে হতো আমাদের। মামাবাড়ি ঢোকার আগে মা তার আধা ডজন সন্তান নিয়ে ওই কালীমন্দিরে ঢুকত। মা বলত, ‘প্রণাম কর, প্রণাম কর, মা কালীকে উপুড় হয়ে প্রণাম কর।’ অন্যান্য ভাইবোন দিব্যি এপাশ-ওপাশ তাকাতে তাকাতে, মা-কালীর জিহবা ও পরিধেয় নরহস্তের বর্ণনা দিতে দিতে, কালীহস্তে ধৃত রক্তস্নাত মনুষ্য মুণ্ডুকে গভীরভাবে দেখতে দেখতে হেসে-খেলে মা-কালীর চরণে প্রণাম জানাত। চোখ বন্ধ করে বুকে ত্রাস নিয়ে কোনো রকমে প্রণাম সেরে মন্দির থেকে বেরিয়ে আসতাম আমি। মা-কালীকে ভীষণ ভয় আমার। তাঁর চেহারা, গায়ের রং, পদতলে মহাদেব, তাঁর চারদিকে ছড়িয়ে থাকা সঙ্গীদের আকৃতি আমার বুকে ত্রাস জাগাত।

এই ত্রাস জাগানো কালীমন্দিরের চত্বরে এক বছর শারদোৎসবের আয়োজন করল মামাবাড়ির লোকজন। আমার বয়স তখন ১১-১২। আমার জন্মভূমি উত্তর পতেঙ্গার জেলেপাড়ায় দুর্গাপুজো হতো না। বাপের পাড়ায় প্রথম দুর্গাপুজোর খবর পেয়ে মায়ের আনন্দ দেখে কে! পুজো শুরুর এক দিন আগে মা তার এক-দুজন সন্তানকে স্বামীর কাছে রেখে আর দু-চারজনকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে গেল। সেবার ওই কালীমন্দির চত্বরে ঢুকতে গিয়ে ভয়ে আমার বুক কাঁপেনি। ঢুকেই দুর্গার মুখোমুখি হয়েছি আমি। শান্ত-সৌম্য, অভয়-প্রদানকারী মুখ দুর্গাদেবীর। দুই দিকে দাঁড়ানো তাঁর চার সন্তান। একজন ছাড়া সব সন্তানই দৃষ্টিনন্দন। গণেশঠাকুরের মুখমণ্ডল প্রশ্ন-জাগানিয়া। হস্তিমুখো মোটাপেটের গণেশই সে সময়ের বালক হরিশংকরকে বেশি আকর্ষণ করেছিলেন। গণেশের চেহারা নিয়ে বাবা-মা এবং অন্যরা নানা রকম পৌরাণিক কথাবার্তা শুনিয়েছিল আমাকে সেই বয়সে। পরবর্তীকালে বুঝেছি পশুত্ব আর মানবতার সমন্বয় করার জন্যই পুরাকালে গণেশের এ ধরনের মূর্তির কল্পনা করা হয়েছে। মানুষ যে আসলেই পশুত্বমুক্ত নয় বা তার ভেতরে কোনো না কোনো রূপে পশু লুকিয়ে আছে, তারই দৃষ্টান্তস্বরূপ গণেশের ওই রকম রূপের কল্পনা করেছেন শাস্ত্রকারেরা।

সেবার মা বলেছিল, ‘তুমি যে কালিমাকে দেখে ভয় পাও, এই দুর্গা কিন্তু তারই অন্য রূপ। আসলে দুজনেই একজন।’ আমি বলেছিলাম, ‘তা কী করে হয় মা? মা-কালীর পায়ের নিচে দেখো তাঁর স্বামী অসহায়ভাবে পিষ্ঠ হচ্ছেন। লোলজিহবা মা-কালীর, হিংস্র-কালো রূপ তাঁর। আর দুর্গার কী সৌম্য-সুন্দর চেহারা! দুর্গা আর কালী একজন হন কী করে?’ ওই বয়সে হয়তো মাকে আমি ওভাবে গুছিয়ে বলতে পারিনি। কিন্তু আমি যা বলতে চেয়েছিলাম, তা এ রকমই।

আনপড় মা আমার যুক্তি দিয়ে তেমন করে সেদিন বোঝাতে পারেনি যে আসলে কালী আর দুর্গা এক দেবীর দুটো রূপ। দুজনেই অসুর শ্রেণীকে হত্যায় উদ্যত। দুজনেরই আবির্ভাব মানবতার সংকটকালে; মানুষ এবং মনুষ্যত্বকে লাঞ্ছনার হাত থেকে বাঁচানোর জন্যই একজন দেবী দুই রকম সময়ে দুটি ভিন্ন রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। রূপ ভিন্ন হলে কী হবে, দুজনের উদ্দেশ্য একটাই—পৃথিবীকে পাপাচারমুক্ত করা। বড় হয়ে আমি এসব কথা ভেবেছি।

বাল্যবয়সের সেই উন্মেষকাল থেকে আমি দুর্গাকে ভালোবেসে ফেলেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও দুর্গাকে ভীষণ ভালোবাসতেন। নইলে কেন তাঁর সৃষ্ট সবচেয়ে আকর্ষণীয় নারী চরিত্রটির নাম হয় দুর্গা! পথের পাঁচালীর দুর্গা কোন পাঠককে ব্যাকুল করেনি?

দুর্গার ১০টি হাতের মধ্যে অভয়দানের হাতটি আমাকে আকর্ষণ করে বেশি। অন্য নয়টি হাত অস্ত্রসজ্জিত, অসুর নিধনে ব্যস্ত। কিন্তু একটি হাত সাধারণ মানুষের জন্য। অভয়দানরত হাতটি জানিয়ে দিচ্ছে, তোমরা নির্ভয় থাকো। আমাদের জন্য অন্নপূর্ণার একটি হাতের অভয়বাণীই যথেষ্ট। একটি হাতের স্পর্শে সাধারণ মানুষের মুক্তি ঘটবে—দারিদ্র্যের বেড়াজাল থেকে, অশিক্ষার অন্ধকার থেকে, করালগ্রাসী বিপদ থেকে।

এই বয়সে পৌঁছাতে পৌঁছাতে আমি অনেককে জিজ্ঞেস করেছি—আমরা মূর্তিপুজো করি কেন? মাটি-খড়-কাঠ-রং দিয়ে তৈরি দুর্গাপ্রতিমার পুজো করার মাহাত্ম্যই বা কী? কেউ কেউ শাস্ত্রের বড় বড় শ্লোক আউড়ে চর্যাপদীয় ভাষায় আমাকে বোঝাতে চেয়েছেন যে এটাই নিয়ম। শাস্ত্রলিখিত প্রথা এবং সংস্কার অমান্য করার অধিকার কারও নেই। কেউ কেউ বলেছেন, পুজোটুজোর কথা বাদ দিয়ে উৎসবের কথা ভাবা যেতে পারে। দুর্গাপুজো উপলক্ষে চার দিন ধরে কত মানুষের সম্মিলন হয় মন্দিরচত্বরে! কত কুশল বিনিময়, কত আলাপচারিতা! ভেতরের এবং চারদিকের কষ্টকে ঝেঁটিয়ে দিয়ে পুজোর চারটা দিন মানুষ স্বাচ্ছন্দ্যময়, সুষম জীবনযাপন করে, দেখেননি? উৎসব এবং সম্মিলনের মাহাত্ম্যকে বাদ দেবেন কেন? আসল দুর্গোৎসব মানে তো ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত, কূট-সরল, কৃপণ-উদার, নারী-পুরুষ, বিচক্ষণ-বোকা মানুষের মিলনমেলা। এই মেলা মানুষের অন্তরের কলুষতা দূর করে, ভ্রাতৃত্বভাব জাগায়, অপরের প্রতি দরদি করে তোলে।

তাদের কথা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। কিন্তু উৎসবে মূর্তিপুজো কেন? ওরা আমতা আমতা করে বলেছেন—এটা প্রথা, এটা সংস্কার, শাস্ত্রলগ্ন ধর্মাশ্রিত সংস্কার।

উত্তরটা আমার কাছে যথাযথ মনে হয়নি। আমি যথার্থ উত্তর খুঁজে বেড়িয়েছি। একসময় শাস্ত্রাশ্রিত, ধর্মসম্পৃক্ত মূর্তিপুজোর মর্মার্থ আমার কাছে স্পট হয়ে গেছে। হিন্দুরা আসলে মূর্তিপুজোর আড়ালে মৃত্তিকা আর বৃক্ষেরই পুজো করে। পুজো মানে বন্দনা, বন্দনার ভেতরে সকল প্রশংসা লুকিয়ে আছে। মন্ত্রগুলোর অর্থ খোলাসা করলে ব্যাপারটি আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। মূর্তিপুজোর প্রতীকে হিন্দুরা তাদের জীবনদায়িনী উপাদানের প্রশংসাই করে।

প্রতিমা তৈরিতে লাগে মাটি, খড় ও কাঠ। মাটি আমাদের জীবনধারণের সব বস্তু উৎপাদনের একমাত্র আধার। অন্ন আসে ধান থেকে। ধান আর খড় একসূত্রে গাঁথা। কাঠ হয় বৃক্ষ থেকে। মানুষের নয় শুধু, সব প্রাণীর জীবিত থাকার সব উপাদান সরবরাহ করে এই মৃত্তিকা, খড় আর বৃক্ষ। হিন্দুরা মূলত দুর্গাসহ নানা দেবদেবীর মূর্তির আড়ালে ওসব জীবনদায়িনী সঞ্জীবনী উপাদানগুলোরই পুজো মানে বন্দনা, মানে প্রশংসা করে।

শারদোৎসব যখন আসত, বাল্যবয়সে বড় আনন্দ লাগত। নতুন জামাকাপড়, পরিচিত-অপরিচিতদের সঙ্গে সাক্ষাৎ, কথোপকথন—কতই না আনন্দের ছিল! যথাপ্রথায় ধূপ-মোমবাতি জ্বালিয়ে বাদ্যবাজনা করে পুজো হচ্ছে, মানুষেরা উপুড় হয়ে দুর্গাকে প্রণাম জানাচ্ছে! অল্প ভিড়ে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে সবাই!

এখন শারদোৎসবে তেমন আনন্দ আসে না মনে। তেমন করে মন্দিরচত্বরে যেতেও ইচ্ছে করে না। কারণ প্রৌঢ়ত্ব, কারণ অগণন মানুষের বিশৃঙ্খল উপস্থিতি, কারণ নষ্ট ব্রেক ডান্স। যতই দিন যাচ্ছে, মানুষ বাড়ছে হু হু করে। পুজোমণ্ডপে মণ্ডপে অজস্র মানুষের উপস্থিতিতে মন্দিরাঙ্গন সরগরম হয় বটে, কিন্তু স্বল্পসময়ের জন্যও অবস্থান-যোগ্যতা হারায়। ইদানীং আরেক নগরযন্ত্রণায় বিদ্ধ হচ্ছে পুজোমণ্ডপগুলো। মায়ের তরুণ, তেজি, উপযুক্ত সন্তানরা জিনসের প্যান্ট, টাইট গেঞ্জি পরে সকাল-সন্ধ্যা মায়ের সামনে ব্রেক ডান্স দেয়। তাদের অঙ্গবিকৃতি আমাকে ক্লান্ত, অবসন্ন, বিপর্যস্ত করে তোলে। মায়ের চোখ বুজে থাকার উপায় নেই। প্রতিমা নির্মাণকারী সে পথ বন্ধ করে দিয়েছে। মা চোখ না বুজলেও আমি চোখ বুজি—লজ্জায় আর অপমানে।

জিজ্ঞেস করতে ইচ্ছে করে—সত্যিই দুর্গাকে আমরা মায়ের মর্যাদা দিই? যদি দিই, তাহলে এই বেলেল্লাপনা কেন, কেন মায়ের এই অপমান?

অপমান কোথায় দেখলেন মশাই? শক্তিপ্রদায়িনীর সামনে তাঁর যোগ্য সন্তানেরা শক্তির পরিচয় দেবে না?

আমি মৃদু হাসি। বলি নিজের মা আর মা-দুর্গা যদি সমান মর্যাদার হয়, তাহলে মা-দুর্গার আসনে নিজের মাকে বসিয়ে তাঁর সামনে এই অশোভন ব্রেক ডান্স দিলে জননী খুশি হবেন? লজ্জায়-অপমানে আঁচল দিয়ে চোখ ঢাকবেন না তিনি? নিজের লজ্জাকে ঢাকার জন্য মায়ের অপমানের স্থানে যাই না আজকাল। তাই বলে কি বন্দনা বন্ধ করেছি? না। অন্তরের ভেতর থেকে প্রতিনিয়ত বরাভয়দায়িনী শক্তিরূপিণী মা-দুর্গার জন্য শ্রদ্ধা ঝরে ঝরে পড়ে।