শিশির নন্দী সবাই হতে পারেন না
গত রমজানে আমার মতো অনেকের পরম শ্রদ্ধেয় শিক্ষক শিশির কুমার নন্দী পৃথিবী ছেড়ে চলে যান। স্যারের মৃত্যুতে আমি খুবই ব্যথিত। তিনি ছিলেন চট্টগ্রামের রাউজান উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। এরও আগে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ছিলেন।
স্যার এমন এক শিক্ষক ছিলেন যার নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নুয়ে আসে, যিনি নিরন্তর পুড়ে পুড়ে শত শত শিক্ষার্থীকে আলোকিত করেছেন। শিক্ষক সব সমাজে শ্রদ্ধাবান, কিন্তু কিছু শিক্ষক প্রকৃত অর্থে বাতিঘর হয়ে ওঠেন, সমাজকে জ্ঞানের আলোয় আলোকিত করেন, শিক্ষার্থীদের স্বপ্নবান করেন, এ সবের মধ্যে দিয়ে তিনি নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হন। নির্লোভ, প্রবল ব্যক্তিত্ববান এবং জ্ঞানের আলোয় বিচ্ছুরিত এমনই একজন শিক্ষক ছিলেন প্রিয় স্যার শিশির কুমার নন্দী। তিনি ছিলেন একজন দক্ষ শিক্ষা প্রশাসক। বর্তমানে অনেক প্রধান শিক্ষক যেখানে পরিচালনা কমিটির সঙ্গে লেজুড়বৃত্তি করে চলে সে ক্ষেত্রে তিনি ছিলেন ব্যতিক্রম। ব্যক্তিত্ব দিয়েই তিনি সব মোকাবিলা করতেন।
হাই স্কুলে ভর্তির প্রথম দিন স্যারকে দেখে ভয় পেয়েছিলাম অনেকের মতো আমিও। গম্ভীর, কম কথা বলা, মোটা ফ্রেমের চশমা সব মিলিয়ে ভয় পাওয়ার মতোই। শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষকেরাও তাঁকে ভয় পেতেন। স্যার যখন অফিস রুম থেকে বের হতেন তখন পুরো স্কুল নীরব হয়ে যেত, ছাত্র-ছাত্রীদের ছোটাছুটি নিমিষে বন্ধ। এ ভয় শ্রদ্ধায় রূপ নেয় যখন স্যারের প্রত্যক্ষ সান্নিধ্যে আসতে পারি। আমরা কয়েকজন অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা দেব, ভাবছিলাম কার কাছে পড়া যায়। স্যার আমাদের ইংরেজি পড়াতেন। ইংরেজিতে স্যার অতুলনীয় এবং সুবিদিত। তখন শিক্ষার এমন বাণিজ্যিকীকরণ না হলেও অনেক শিক্ষক প্রাইভেট পড়াতেন, কিন্তু স্যার ছিলেন ব্যতিক্রম। আমরা ৭-৮ জন একদিন ভয়কে দূর করে স্যারের অফিসে চলে গেলাম আমাদের পড়াতে হবে। স্যার সময়ের অজুহাতে কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক জোরাজুরিতে কি ভেবে পরে রাজি হলেন। শর্ত দিলেন যেদিন যতটুকু সময় পাবেন সেটুকু সময় দেবেন। এতেই আকাশের চাঁদ হাতে পাওয়া। সেদিন নিজেদের খুবই ধন্য মনে হচ্ছিল স্যারের কাছে পড়তে পারব বলে। আমার জানা মতে সেই প্রথম ও শেষ স্যারের প্রাইভেট পড়ানো আর কাউকে পড়াতে দেখিনি। সেই থেকে স্যারের স্নেহের ছাতার তলে নিবিড়ভাবে ঢুকেছিলাম।
স্যার আমাদের স্বপ্ন দেখাতেন বড় কিছু হওয়ার তার চেয়েও নিজের জীবন দিয়ে দেখাতেন মানবিক মানুষ হওয়ার। শিক্ষক হিসেবে নির্লোভ থাকার, জ্ঞানের সাধনায় ধ্যানমগ্ন থাকার। তেমন শিক্ষক এখন কোথায়? নিজে শিক্ষকতা পেশায় আসার পর নিরন্তর স্যারকে ফলো করার চেষ্টা করি। আদৌ কি পারছি? সম্ভব নয়। অনেক ভেবে দেখলাম শিশির কুমার নন্দী সবাই হতে পারে না, যুগান্তরে এদের দেখা মেলে, প্রকৃতিই এদের তৈরি করে সমাজ সংস্কারের জন্য।

কিছু কিছু শিক্ষক দার্শনিক হন। আমার স্যারও ছাত্র-ছাত্রীদের মনোজগতের দার্শনিক হয়ে উঠেছিলেন। আমি কলেজে যোগ দেওয়ার পর একদিন কি এক প্রয়োজনে স্যারের অফিসে যাই। দেখি একটা ছেলে অফিসের কোণায় জড়সড় হয়ে দরখাস্ত নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার আমাকে বললেন, দেখ ছেলেটা ক্লাস টেনে পড়ে, কেমন নির্জীব, এই বয়সে যদি দুরন্তপনা না থাকে তাহলে বুঝতে হবে সে রোগাক্রান্ত। আমরা যখন ছাত্র-ছাত্রীদের দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে বকাঝকা করতে যাই তখন স্যারের কথাটি মনে পড়ে।
ক্ষুদ্র লেখনীতে এ গুণী ক্ষণজন্মা শিক্ষককে তুলে ধরা সম্ভব নয়, কিন্তু স্যারের কাছে আমার আজীবন কৃতজ্ঞতা ও দায়বদ্ধতা প্রকাশ করে তাঁকে স্মরণ করা কর্তব্য মনে করি।
মৃত্যুই সব শেষ নয়—রবীন্দ্রনাথের ভাষায়, ‘যত বড় হও/ তুমি তো মৃত্যুর মতো বড় নও/আমি মৃত্যু-চেয়ে বড়, এই শেষ কথা বলে/যাব আমি চলে।’ নিঃসন্দেহে তিনি মৃত্যুর চেয়ে বড়। মৃত্যু সত্ত্বেও তিনি আমাদের কাছে থাকবেন চির অম্লান, চির ভাস্বর। এই মৃত্যুজিৎ শিক্ষাগুরুর মন্ত্রে অনুদিন আমাদের অন্তরে জাগুক কর্ম ও মানবতার প্রেরণা।
লেখক: চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া সিটি করপোরেশন ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক