শুরু হলো প্রদর্শনী আত্ম/পরিচয়

‘আত্ম/পরিচয়’ শুরু হলো। প্রথম আলোর ১৮ বছর পূর্তি উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে দেশের নবীন শিল্পীদের এই দৃশ্যশিল্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো গতকাল শনিবার বিকেলে। প্রদর্শনীটি নিবেদন করা হয়েছে হলি আর্টিজান বেকারিতে ফারাজ, অবিন্তা, তারিশি, ইশরাতসহ নিহত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশে।
প্রদর্শনীর উদ্বোধক ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ফারাজের আত্মদানের মধ্য দিয়ে একটি গণজাগরণের ডাক উঠেছে। জনগণের মধ্যে এ ধরনের নৃশংসতার প্রতি ঘৃণার সৃষ্টি হয়েছে। সরকারের ভেতরে এবং বাইরেও সবাই বলছেন এই রক্তাক্ত ঘটনাই বাংলাদেশ নয়। মানবতা, নৈতিকতা, বন্ধুত্বের জন্য ফারাজদের মতো সাহসী তরুণদের আত্মদানের ঘটনার ভেতরেই রয়েছে প্রকৃত বাংলাদেশের পরিচয়। তিনি বলেন, ‘ফারাজের আত্মদানের ঘটনা আমাদের পরিবারের জন্য গভীর বেদনাদায়ক। তবে ফারাজ দেশের তরুণদের সামনে যে দৃষ্টান্ত রেখে গেছে, তা আমাদের গর্বেরও।’
অনুষ্ঠানে শিল্পী নিসার হোসেন বলেন, এটি একটি মুগ্ধ করার মতো প্রদর্শনী। নতুন প্রজন্মের শিল্পীরা প্রচলিত রীতির বাইরে গিয়ে নিরীক্ষাধর্মী কাজ করছেন। প্রথার বাইরে যাওয়াই সৃজনশীলার গুণ। এর প্রকাশ এই প্রদর্শনীর কাজগুলোতে রয়েছে।

প্রদর্শনীর কিউরেটর ছিলেন শিল্পী ওয়াকিলুর রহমান ও কেহ্কাশা সাবাহ। ওয়াকিলুর রহমান প্রদর্শনীর মূল ভাবনা ব্যাখ্যা করে বলেন, সারা পৃথিবীতেই এখন মানুষের আত্মপরিচয় নিয়ে বহুমাত্রিক জটিলতা ও উগ্রপন্থার মতো সংকটের সৃষ্টি হয়েছে। নতুন শিল্পীরা দেশীয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটে তাঁদের নান্দনিক ভাবনার ভেতর দিয়ে এই সংকটের স্বরূপ অনুসন্ধানের চেষ্টা করেছেন।
স্বাগত বক্তব্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ প্রদর্শনীর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘তারুণ্য বরাবরই স্বপ্ন দেখায়, এগিয়ে নেয়। আমাদের তরুণ শিল্পীরা কী ভাবছেন, তাঁদের আত্ম অনুসন্ধানের প্রক্রিয়াটা কেমন তা জানতে ও জানাতেই এই প্রদর্শনীর আয়োজন।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। নিজের লেখা ও সুর করা দুটি গান গেয়ে শোনান শিল্পী সায়ান।
‘আত্ম/পরিচয়’ নামের এই প্রদর্শনীতে চিত্রকলা, আলোকচিত্র, ভাস্কর্য, ভিডিও চিত্র, আলো ও শব্দ, স্থাপনা মিলিয়ে বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম রয়েছে। এ ছাড়া প্রতিদিন বিকেলে থাকবে পারফরম্যান্স আর্ট। সব মিলিয়ে ৪৩ জন শিল্পী সংশ্লিষ্ট রয়েছেন এতে। প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি, চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।