শূন্য থেকে বহুদূর

আমার বাবা নজিমউদ্দিন যখন মারা যান, আমি তখন চতুর্থ শ্রেণির ছাত্র। বাবা ছিলেন দিনমজুর। সারা দিন অন্যের জমিতে খেটে যে মজুরি পেতেন, তাতে কোনো রকমে দুই বেলা খাবার জুটত। ১৯৯৪ সালে বাবা মারা যাওয়ার পর দুই ভাই, দুই বোন ও মাকে নিয়ে বিরাট অভাবের সংসার চালানোটাই দায় হয়ে পড়ল। আমার লেখাপড়া চলার তো কোনো কথাই নেই। অভাবের তাড়নায় বাধ্য হয়ে ভাইয়ের সঙ্গে অন্যের জমিতে কাজ করতে শুরু করলাম। বয়সে ছোট বলে সেই কাজটাও ঠিকমতো করতে পারতাম না। মায়ের বকুনি খেয়ে দিন কাটত। অন্য কিছু করার চিন্তা মাথায় ঘুরপাক খেত। কিন্তু বয়স কম। কীভাবে কী করব? এভাবেই দিন কাটছিল।
নয় বছর আগে ২০০৬ সালে একদিন বগুড়া জেলার সান্তাহারের শাওল বাজারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। সেই আত্মীয় গার্মেন্টসের ঝুট ও পুরোনো কাপড় থেকে সুতা বের করে রশি তৈরি করেন। নিজ শহর সান্তাহার ছাড়াও ঢাকা, কুষ্টিয়া, নওগাঁ থেকে ক্রেতারা এসে সেসব রশি কিনে নিয়ে যান। পাট বা নাইলনের রশির মতো এই রশিও ঘর-গৃহস্থালির বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।দেখতে পেলাম, ওই এলাকার গৃহিণীরা বাড়ির কাজের পাশাপাশি বাড়তি আয়ের জন্য সুতা তোলার কাজও করেন। ফলে সস্তায় শ্রম পেতে অসুবিধা হয় না। সহজ ও লাভজনক বাজার দেখে মনে মনে সিদ্ধান্ত নিলাম, বাড়ি ফিরে রশি তৈরির কাজ শুরু করব। সেখানে থেকে তাই কাজটি ভালোভাবে রপ্ত করে নিলাম।
কাজ শিখে ফিরে এলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়নে আমার নিজের গ্রাম চাপড়ায়। গ্রামে কাজটি শুরু করতে চাইলে পরিবার ও এলাকাবাসী প্রথমে পাত্তা দিতে চাইলেন না। তাঁরা আশঙ্কা প্রকাশ করে বললেন, এই অজপাড়াগাঁয় এ কাজে কোনো সফলতা আসবে না। প্রথম প্রথম কারও কাছ থেকেই কোনো সহযোগিতা পেলাম না। হতাশায় একেবারে দিশেহারা হয়ে পড়লাম। পরে বড় ভাই আবদুর রাজ্জাক ও ভগ্নিপতি সাইফুলকে অনেক বোঝানোর পর তাঁরা রাজি হলেন। ছোট্ট পরিসরে তাঁদের নিয়ে কাজ শুরু হলো।
২০০৭ সালে নিজের বাড়ির আঙিনায় একটি চরকা বসালাম। সোয়েটার থেকে উলের সুতা যেভাবে খোলা হয়, ঠিক তেমন করে ঝুট বা পুরোনো কাপড় থেকেও সুতা তুলে কাজটি শুরু করি। বড় ভাই ও ভগ্নিপতিকে এ কাজে পারদর্শী করে তুলি।
আমার তৈরি রশি এখন ঢাকা, কুষ্টিয়া, বগুড়াসহ সারা দেশেই যাচ্ছে। চাহিদা প্রচুর, কিন্তু আমরা জোগান দিতে পারছি না। উন্নত মেশিন বসাতে পারলে আরও বেশি রশি আমরা তৈরি করতে পারতাম। তাতে এলাকায় আরও কর্মসংস্থানের সুযোগ হতো
পরের বছরই আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। শ্বশুরের কোনো ছেলে না থাকায় তাঁদের অনুরোধে বিয়ের পর চলে এলাম শ্বশুরবাড়ি জোতবানী আলীপুর গ্রামে। এখানেই বসবাস করতে শুরু করলাম। কিন্তু বসে বসে তো খাওয়া যায় না। ভাবলাম, এখানেই রশি তৈরি শুরু করি। তবে শ্বশুরবাড়িতে কাজটি শুরু করতে বেশ বেগ পেতে হয়েছে। শ্বশুরকে কাজটি সম্পর্কে বুঝিয়ে বলে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাইলাম। কাজটি অচেনা হওয়ায় শ্বশুর শঙ্কিত বোধ করলেন। তবে আমার শাশুড়ি আমাকে ৫০ হাজার টাকা দিলেন।
নতুন করে আবার পুরোনো কাপড় থেকে সুতা তুলে রশি তৈরির কাজ শুরু করলাম। নতুন উদ্যমে শুরু হলো যন্ত্রাংশ ও কাঁচামাল সংগ্রহের কাজ। কিন্তু এ কাজটি যাঁদের ওপর ভরসা করে করব, সেই গৃহবধূরা আদৌ তাঁদের মজুরি পাবেন কি না, এ নিয়ে দ্বিধায় পড়ে গেলেন। প্রথম দিকে বেশি নারী এ কাজটি করতে চাননি। তাঁদের আমি নানাভাবে বোঝালাম। এরপর আস্তে আস্তে একজন-দুজন করে কাজ করতে এগিয়ে আসতে লাগলেন। কাজ করার কিছুদিনের মধ্যেই তাঁদের আর্থিক উন্নতি হতে শুরু করল। তাঁদের দেখাদেখি তখন অন্য এলাকার মেয়েরাও এ কাজে এগিয়ে এলেন। এভাবে ধীরে ধীরে গ্রামের বহু মেয়ে এ কাজে জড়িয়ে গেলেন।
ঢাকা ও সান্তাহার থেকে আমরা পুরোনো গার্মেন্টসের ছাঁট কাপড় কিনি। প্রতি মণ ছাঁট কাপড়ের দাম ১ হাজার ৬০০ টাকা। এখানে পাঁচ-ছয় ধরনের রশি তৈরি হয়। প্রতি মণ রশি ২ হাজার ৪০০ থেকে শুরু করে ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হয়।
যা হোক, একটি পর্যায়ে কাজে গতি আনার জন্য বিদ্যুচ্চালিত উন্নত মেশিনের প্রয়োজন হয়ে পড়ল। কিন্তু বিদ্যুৎ তো সে সময়ে সোনার হরিণ। দীর্ঘ কয়েক বছর ঘোরাঘুরি করে ২০১৩ সালে পেলাম বিদ্যুৎ। এখন জোতবানী আলীপুর গ্রামে আমি আর চাপড়া গ্রামে আমার বড় ভাই ও ভগ্নিপতি রশি বানানোর কাজটি করছি।
যে-কেউ মাত্র ১০০ টাকা মূলধন দিয়ে কাজটি শুরু করতে পারেন। ওই টাকা দিয়ে শুধু কাঠের একটি চরকা কিনতে হয়, ব্যস। যাঁদের কাছে চরকা আছে, তাঁদের সবাইকে বিনা পয়সায় পুরোনো কাপড় দিই। সেই কাপড় থেকে সুতা তুলে জমা দিলেই টাকা। এক কেজি সুতা তোলার জন্য গৃহিণীরা পান ১৫ টাকা করে। প্রতিদিন তাঁরা তিনি থেকে চার কেজি সুতা তোলেন। এই সুতা তোলার কাজ করে বিরামপুর উপজেলার বিনাইল, জোতবানী ও কাটলা ইউনিয়নের অনেক নারীই এখন স্বাবলম্বী। তাঁদের পরিবারে এসেছে সচ্ছলতা।
প্রতিদিন গড়ে প্রায় ৩০০ থেকে ৪০০ কেজি সুতা আমার কাছে জমা হয়। এসব সুতা দিয়ে আমার বাসায় আমি ও আরও পাঁচজন রশি তৈরি করি। চিকন রশি দিনে ১০০ কেজি ও মোটা রশি দিনে ২০০ থেকে ৩০০ কেজি তৈরি হয়। এসব রশি বিক্রি করে প্রতি মাসে আমার আয় হয় ২০ থেকে ২৫ হাজার টাকা।
আমার তৈরি রশি এখন ঢাকা, কুষ্টিয়া, বগুড়াসহ সারা দেশেই যাচ্ছে। চাহিদা প্রচুর, কিন্তু আমরা জোগান দিতে পারছি না। উন্নত মেশিন বসাতে পারলে আরও বেশি রশি আমরা তৈরি করতে পারতাম। তাতে এলাকায় আরও কর্মসংস্থানের সুযোগ হতো।
আমার মতো যাঁরা লেখাপড়া করার সুযোগ পাননি, তাঁদের আমি হতাশ হওয়ার কোনো কারণ দেখি না। তাঁরা চাইলে এই ব্যবসাও করতে পারেন। এতে নিজের উপার্জন যেমন হয়, অন্যরাও কাজ পায়। আনন্দটা সবাই মিলে ভাগ করে নেওয়া যায়।
মোহাম্মদ জুয়েল: গ্রামীণ উদ্যোক্তা, বিরামপুর উপজেলা, দিনাজপুর