সংবাদপত্রকে চাপের মধ্যেই চলতে হবে

মুকুন্দ পদ্মনাভন ভারতের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক দ্য হিন্দুর সম্পাদক। চেন্নাইতে পত্রিকাটির প্রধান দপ্তর। গত মার্চে দ্য হিন্দুর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ওই একই গোষ্ঠীর আরেকটি পত্রিকা দ্য হিন্দু বিজনেসলাইন-এর সম্পাদক ছিলেন। সাক্ষাৎকার নিয়েছেন কামাল আহমেদ
প্রথম আলো: বর্তমান সময়ে গণমাধ্যমের স্বাধীনতার প্রধান চ্যালেঞ্জগুলো কী বলে আপনি মনে করেন?
মুকুন্দ পদ্মনাভন: যেকোনো সমাজেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে। এর মধ্যে কিছু চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি। এ ক্ষেত্রে আমি প্রথাগত চ্যালেঞ্জগুলো রেখে নতুন চ্যালেঞ্জগুলো নিয়েই আগে কথা বলতে চাই। এবং আমি মনে করি এই মুহূর্তে ভারতীয় গণমাধ্যমকে যে প্রশ্নটা তাড়িয়ে বেড়াচ্ছে তা হলো, সংবাদপত্র আর ম্যাগাজিনের বিক্রি কমে যাওয়ার প্রেক্ষাপটে পশ্চিমা গণমাধ্যমের পথ অনুসরণ করে অনলাইন সংস্করণে যাওয়া উচিত কি না, যেখানে আয় খুবই সামান্য। এই বিষয়টা স্বাধীনতার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, কিন্তু স্বাধীনতার সঙ্গে একে সংযুক্ত করতে চাই; কারণ, অনলাইন সম্পর্কে ভারতে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। আমাদের কি যথেষ্ট স্থানীয় বিজ্ঞাপন রয়েছে? যদি তা-ই হয়, তাহলে তার পরিমাণ কত? কাজেই ব্যবসায়িক একটা চাপ রয়েছে বলে আমি মনে করি।
প্রথম আলো: টিকে থাকতে হলে ব্যবসায়িক একটা চাপ থাকবেই এবং যদি টিকে থাকা না যায়, তাহলে স্বাধীনতার প্রশ্নও উঠবে না।
মুকুন্দ পদ্মনাভন: আমাদের সব সময়ই একধরনের ব্যবসায়িক চাপের মধ্যে থাকতে হয়। যদি পঞ্চাশ, ষাট, সত্তর ও আশির দশকের দিকে তাকান, আপনি দেখবেন, সে সময়গুলোতে আদেশমূলক অর্থনীতি বিরাজমান ছিল। আর আদেশমূলক অর্থনীতিতে বিজ্ঞাপন খাতে সরকারই সবচেয়ে বেশি অর্থ খরচ করে। কাজেই নিয়ন্ত্রণেরও বড় ধরনের সুযোগ থেকে যায় সরকারের হাতে। তবে এখন সেটা ভারতের বেশির ভাগ সংবাদমাধ্যমের কাছেই কম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্তত জাতীয় সংবাদমাধ্যমের আয়ের জন্য সরকারের ওপর নির্ভরশীলতা যথেষ্ট কমে এসেছে। একই সময়ে বিজ্ঞাপনের জন্য ব্যবসায়িক সমাজের ওপর নির্ভরশীলতা বেড়েছে। ভারতে এই নির্ভরশীলতা অনেক বেশি, যেহেতু সংবাদপত্রের দাম অনেক অনেক কম। বহু দিন হলো পত্রিকাগুলোর দাম বাড়েনি। যেহেতু সংবাদপত্রের দাম কম, কাজেই এর থেকে আয়ও কম, আর তাই বিজ্ঞাপনের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। কখনো কখনো তো আয়ের ৯০ শতাংশই আসে বিজ্ঞাপন থেকে, যা অত্যন্ত বিপজ্জনক নির্ভরশীলতা। এখন দেখার বিষয়, অনলাইনে কী পরিমাণ নির্ভরতার সৃষ্টি হয়, সেখান থেকে কী ধরনের চাপ আসে। চলার পথে এটা নতুন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি।
প্রথম আলো: ডিজিটাল ফরম্যাটে প্রতিযোগিতার ক্ষেত্রে আপনার পত্রিকা কি অন্য প্রতিযোগীদের তুলনায় একটু পেছনে থেকে যাচ্ছে?
মুকুন্দ পদ্মনাভন: অনলাইনে আমরা তৃতীয় স্থানে রয়েছি। কাজেই অনলাইনে আমরা খুব খারাপ করছি, তা বলা যাবে না। আমরা সবে আমাদের ওয়েবসাইটটা দাঁড় করিয়েছি। নিজেদের অ্যাপ উন্নত করার পরিকল্পনাও আমাদের রয়েছে। কিন্তু আমার দৃষ্টিতে, সামনে বাড়তে আরও সংযোজন-সংশোধন প্রয়োজন। এই মুহূর্তে অনলাইন থেকে কোনো উপার্জনই হচ্ছে না বলা চলে। দ্য হিন্দুর মোট আয়ের মাত্র দেড় শতাংশ আসছে অনলাইন থেকে।
প্রথম আলো: অন্যদের কী অবস্থা?
মুকুন্দ পদ্মনাভন: কারও হয়তো একটু বেশি, কারও একটু কম, তবে কারোরই অনলাইন থেকে নিজ নিজ মোট আয়ের ১০ বা ১৫ শতাংশও আসছে না, ভারতে কারোরই না। কাজেই এ আয় খুবই কম। আর এটা এমন নয় যে আপনার লাখ লাখ ভিজিটর থাকলেই আয় বেড়ে যাবে। কাজেই অনলাইন স্থিতিস্থাপক কোনো জায়গা নয়। যেসব পাঠক অনলাইনে সংবাদ পড়েন, তাঁদের বেশির ভাগই বিজ্ঞাপন পছন্দ করেন না। কিয়দংশে এটাও একটা কারণ। সংবাদপত্রে বিজ্ঞাপন যেখানে তথ্য হিসেবে উপস্থাপিত হয়, অনলাইনে পাঠকের কাছে সেগুলোই অনাহূত। একই ঘটনা চলছে পশ্চিমা সংবাদমাধ্যমেও। ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন থেকে আয় যথেষ্ট নয়। ভারতে আয় তো আরও কম। কাজেই আমার যেটা মনে হয়, আমাদের একটা অবস্থান তৈরি করা প্রয়োজন, যেখানে থাকলে অনলাইনের ক্ষেত্রে নাটকীয় কিছু ঘটে গেলে আমরা ক্ষিপ্র হয়ে উঠতে পারি। কিন্তু আমি মনে করি না, অনলাইনকে ভবিষ্যৎ মনে করে ভারতে এই মুহূর্তে সর্বশক্তি নিয়ে সেদিকেই ঝাঁপিয়ে পড়া ঠিক হবে। আমরা সেটা করবও না। আমরা আরও পরিমার্জিত হব। সংবাদমাধ্যমের প্রকৃতি বুঝতে হবে, বুঝতে হবে পশ্চিমা সংবাদমাধ্যমের মতো নয়, আমরা এখনো বড় হচ্ছি। আমাদের প্রচারসংখ্যা বাড়ছে। ভারতের ইংরেজি ভাষার পত্রিকাগুলোর মধ্যে আমাদেরটা প্রচারসংখ্যায় দ্বিতীয়। এটা অবশ্যই ভালো একটা অবস্থা। উদ্বিগ্ন হওয়ার মতো এখনই কিছু দেখছি না আমি। তবে কোনো বিষয় পশ্চাদ্দিকে ধাবমান হলে কিছু সংশোধন প্রয়োজন বলে আমি মনে করি।
প্রথম আলো: বিজ্ঞাপন থেকে আয়ের জন্য ব্যবসায়িক সমাজের ওপর নির্ভরশীলতা এবং তাদের স্বার্থ নিয়ে কিছু সংশয় রয়েছে। আপনি কি এ ব্যাপারে কোনো সমস্যা দেখতে পান?
মুকুন্দ পদ্মনাভন: হ্যাঁ, আমি দেখতে পাই। প্রথাগত সাধারণ বিজ্ঞাপনগুলোয় আর পোষাচ্ছে না ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর। তারা আরও চায়, তারা নতুনভাবে নিজেদের উপস্থাপন করতে চায়, যদি আপনার সায় থাকে, তাহলে আরও প্রভাব খাটাতে চায়, আর এ কারণে প্রচুর চাপেরও সৃষ্টি হয়। আমার সাধারণ নিয়ম হলো, যদি আপনি নতুন করে নিজেকে উপস্থাপন করতে চান, যতক্ষণ তা বিজ্ঞাপনের পর্যায়ে থাকবে, ততক্ষণ ঠিক আছে। তবে বিজ্ঞাপন আর সংবাদের মধ্যে একটা পার্থক্য থাকতে হবে, যাতে করে বিজ্ঞাপন সংবাদ হয়ে না ওঠে এবং তা যদি হয়েও যায়, তাহলে পরিষ্কারভাবে বলা থাকতে হবে, অনলাইনের ওই কনটেন্ট বা আধেয় কিংবা সংবাদপত্রের ওই সংবাদ আসলে বিজ্ঞাপন, যা সম্পাদিত নয়। এই জায়গাটায় আমরা নিয়ন্ত্রণরেখাটা ধরে রাখি। কারণ, যদি এই রেখা হারিয়ে যায়, তাহলে সংবাদ ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্যটা ধরে রাখতে পারব না আমরা।
প্রথম আলো: রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কী বলবেন?
মুকুন্দ পদ্মনাভন: যদি আমাকে প্রশ্ন করে থাকেন, রাজনৈতিক পরিস্থিতি কোনো ব্যাঘাত ঘটাচ্ছে কি না, তাহলে আমি বলব, এর চেয়ে খারাপ বা ভালো পরিস্থিতি আগেও কখনো ছিল না। ভারতীয় সংবাদপত্রগুলো সোচ্চার, স্বাধীন, লড়াকু, চরম পর্যায়ের সমালোচক। আমি মনে করি, নিম্নস্তর, রাষ্ট্র পর্যায়ে অনেক কিছুই হচ্ছে এবং আমরা তা উপেক্ষাও করছি। আমি এমন একটা সংবাদপত্রে কাজ করি, যার অনেক অনেক জেলা প্রতিনিধি রয়েছেন। মাঝেমধ্যে আমি এই প্রতিনিধিদের জায়গায় নিজেকে বসিয়ে দেখতে চাই, তাঁরা একজন পুলিশ সুপারিনটেনডেন্ট কিংবা একজন কালেক্টরের সঙ্গে বাদানুবাদ বা মতানৈক্যের কোন পর্যায় পর্যন্ত যেতে পারেন। আমার ধারণা, শীতাতপনিয়ন্ত্রিত ঘরে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় বসা আমাদের অনেকে কখনো বাস্তব পরিস্থিতির মুখোমুখিই হইনি। আমি বলব, হ্যাঁ, সমস্যা আছে। প্রচুর পরিমাণে আইনি সমস্যা রয়েছে, আমাদের বিরুদ্ধে প্রচুর মামলা হয়। ভারতে এটা খুব হয়। তাই বলে আমি মনে করি না, আমরা এমন কোনো পরিস্থিতির মধ্যে আছি যা আতঙ্কিত হওয়ার মতো বা বশ্যতা স্বীকার করার মতো। সংবাদপত্রকে এর ভেতর দিয়েই চলতে হবে।
প্রথম আলো: আপনি কি বলতে চাইছেন, সমাজে সহনশীলতার মাত্রা কমে এসেছে?
মুকুন্দ পদ্মনাভন: আমার তা-ই ধারণা। বিগত বহু বছরের তুলনায় ভারতে সামাজিক সহনশীলতার মাত্রা নাটকীয়ভাবে কমে এসেছে। আমরা দেখছি, খুব অল্পতেই সহিংসতার ঘটনা ঘটছে, সংশ্লিষ্ট না হয়েই আমরা চাই ভোজবাজির মতো কাজ হয়ে যাক। কাজেই সরকারই যে সব সময় হয়রানি করে, তা নয়। কিছু স্বার্থান্বেষী মহলও রয়েছে। আপনি যদি নিষ্ঠুরতার শিকার হন, তা বলার অধিকার আমাদের আইন দিয়েছে এবং সে অনুযায়ী আপনি মামলাও করতে পারবেন। এই আইনের যথেচ্ছ ব্যবহার হচ্ছে এবং অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের নিম্ন আদালতগুলো এসব অভিযোগ আমলেও নিচ্ছেন। এরপর আসে বিচারপ্রক্রিয়া। কারও বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত না হয়, তাহলে তাকে ওই মিথ্যে মামলার জন্য অনেক সময় ধরে নাজেহাল হতে হয়।
প্রথম আলো: ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
মুকুন্দ পদ্মনাভন: এটা অনেক বড় একটা প্রশ্ন। এ ক্ষেত্রে আমি নেতিবাচক কিছু দেখি না। আশা করি, এ সম্পর্ক আরও ভালো ও মজবুত হবে। কখনো কখনো বাংলাদেশে কিছু সংবাদ প্রতিবেদন আমাদের চোখে পড়ে, যা ভারতের জনগণকে শঙ্কিত করে তুলতে পারে। একইভাবে আমি নিশ্চিত, ভারতেরও কিছু খবর বাংলাদেশের মানুষ পায়, যা তাদের চিন্তিত করতে পারে। আমি মনে করি, এসব চলতেই থাকবে। তবে এসবের কারণে কোনো বিভক্তির সৃষ্টি হবে বলে আমি মনে করি না।
প্রথম আলো: ভারত প্রসঙ্গ বাংলাদেশি সংবাদমাধ্যমে গুরুত্ব পেলেও ভারতের সংবাদমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গ ততটা গুরুত্ব পায় না।
মুকুন্দ পদ্মনাভন: আমি মনে করি, বিষয়টা একদম ঠিক। বিশ্বজুড়েই এই চিত্র। আপনি যত বড়, আপনার গুরুত্বও তত বেশি। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলো আমাদের ব্যাপারে যতটা আগ্রহী, আমরা তাদের বেলায় ততটা নই। এটা দুঃখের। তবে অকপটেই বলব, সংবাদপত্র হিসেবে বেশির ভাগের তুলনায় এই অঞ্চলে আমরা কাভার করি বেশি। শ্রীলঙ্কায় আমাদের একজন প্রতিনিধি রয়েছেন, ঢাকায়ও রয়েছেন, এমনকি কয়েক বছর আগে পাকিস্তানেও ছিল। কিছু পরিমাণে হলেও এই অঞ্চলে আমরা বিনিয়োগ করেছি, কিন্তু আপনি যদি সার্বিক বিষয়ে জানতে চান, তাহলে আমি আপনার সঙ্গে একমত। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই অসমতা রয়েছে, আমি স্বীকার করি এবং তা দুঃখজনক।
প্রথম আলো: আপনি কি মনে করেন না, এটা বাংলাদেশের অনুভূতি ও দৃষ্টিভঙ্গি বোঝার অন্তরায়?
মুকুন্দ পদ্মনাভন: হ্যাঁ, এটা অন্তরায়। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বাকি প্রতিবেশীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমার মনে হয়, এর পেছনে একধরনের প্রগতিশীলতা কাজ করে। আমি বলছি না, এই প্রগতিশীলতা ন্যায্য। এটা তর্কসাপেক্ষ যে ভারতের মানুষ যতটা যুক্তরাষ্ট্র সম্পর্কে জানে, যুক্তরাষ্ট্রের মানুষ ততটা ভারত সম্পর্কে জানে কি না। ভারত যুক্তরাষ্ট্রের চেয়ে চার গুণ বড়, তারপরও আমি নিশ্চিত, ভারতের নির্বাচনে চোখ রাখা আমেরিকানের চেয়ে আমেরিকার নির্বাচনে চোখ রাখা ভারতীয়ের সংখ্যা অনেক বেশি। এ ক্ষেত্রে একধরনের প্রগতিশীলতা কাজ করে, যা দুঃখজনক। তবে আমি মনে করি না, এটা ইচ্ছাকৃত কিংবা কাউকে ছোট করার মানসেই তা হচ্ছে। যেকোনো প্রকারেই এটা হয়ে যাচ্ছে।
প্রথম আলো: দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে আবার ফেরত যাই। বাংলাদেশে সাধারণ জনগণের মধ্যে বিস্তর অস্বস্তি রয়েছে যে অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে ভারত খানিকটা এদিক-সেদিক করতে চায়। গণতান্ত্রিক বা কার্যকর গণতন্ত্রের তুলনায় তারা বন্ধুসুলভ সরকারই বেশি পছন্দ করে। আপনি কি মনে করেন, আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বড় বিষয়?
মুকুন্দ পদ্মনাভন: আমি খুব সাধারণভাবে এ প্রশ্নের উত্তর দিতে চাই। আমার ধারণা, বড় প্রতিবেশী হওয়ার সুবাদে, উপমহাদেশে বৃহৎ একটি দেশ হওয়ার সুবাদে ভারতের বিরুদ্ধে বড় ভাইসুলভ আচরণের অভিযোগ রয়েছে এবং এই অঞ্চলে যা-ই ঘটুক, তাতে আগ্রহ দেখিয়ে থাকে। কাজেই আপনাদের উচিত, সম্পর্ক এবং চাওয়া বা আকাঙ্ক্ষা প্রকাশের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি করা। আমরা এর আগেও এটা করেছি। আপনি হয়তো দক্ষতার প্রশ্ন তুলে ভিন্ন মত পোষণ করবেন, কিন্তু অন্য পথে গেলে তা হয়তো অনধিকার চর্চা বলে প্রতীয়মান হতো। নেপাল বা মালদ্বীপ—যার ক্ষেত্রেই বলুন, আমি ভারতীয় পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলতে পারি না, আমার কাছে মনে হয়, কত দূর গিয়ে আপনি ব্যাখ্যা করতে পারেন এবং কতটুকু দূরত্ব বজায় রেখে আপনি নিজের স্বার্থ রক্ষা করতে পারেন, তা-ই এই বিতর্ককে প্রভাবিত করবে। আপনার প্রশ্ন যুক্তিসংগত, সমালোচনাটাও হয়তো যুক্তিসংগত, কিন্তু একটা দেশের বিশেষ একটি ক্ষেত্রের চাওয়া অনুযায়ী অন্য একটা দেশের কাজ করা সম্ভব নয়।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
মুকুন্দ পদ্মনাভন: আপনাকে ধন্যবাদ।