প্রিয় সমাপনী শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রশ্নকাঠামো অনুযায়ী মোট প্রশ্ন থাকবে ৪টি।
১ নম্বর প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৪০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। নম্বর থাকবে ১x৪০=৪০। প্রতিটি প্রশ্নে চারটি উত্তর থাকবে। তার মধ্যে থেকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক প্রণীত নমুনা উত্তরপত্র অনুযায়ী সঠিক উত্তরের ক্রমনম্বরটি লিখলেই পূর্ণ নম্বর পাবে। তাই সঠিক ক্রমনম্বরের সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখাই সবচেয়ে ভালো। এতে তোমার রিভিশনে সুবিধা হবে। যেমন—
১. দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?
ক) সৎ ও যোগ্য ব্যক্তি
খ) ধনী ও নামকরা ব্যক্তি
গ) নিজ দলের লোক
ঘ) প্রভাবশালী ব্যক্তি
উত্তর: ১. ক) সৎ ও যোগ্য ব্যক্তি।
১ নম্বর প্রশ্নে ৪০টি বহুনির্বাচনির মধ্যে ১৫টি হবে যোগ্যতাভিত্তিক। যোগ্যতাভিত্তিক প্রশ্নের জন্য আলাদা প্রস্তুতির দরকার নেই। প্রতিটি অধ্যায় শেষে অনুশীলনীতে প্রদত্ত ‘বহুনির্বাচনি প্রশ্ন’ এবং পাঠ্যবইয়ের প্রতিটি তথ্যপূর্ণ বাক্য বুঝে পড়তে হবে। তবেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে।
২ নম্বর প্রশ্ন: শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলোর উত্তর লেখো। এখানে ১০টি খালিঘর সংবলিত বাক্য থাকবে। নম্বর থাকবে (১x১০) =১০। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী কেবল প্রশ্ন ক্রমিক লিখে তার পাশে প্রযোজ্য শব্দ/শব্দসমূহ লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। যেমন—
প্রশ্ন: ২ (খ) আমাদের — দিয়ে রাস্তা পার হওয়া উচিত।
উত্তর: (খ) জেব্রাক্রসিং
শূন্যস্থানে পুরো বাক্যটি উত্তরপত্রে তুলে প্রযোজ্য ‘শব্দ বা শব্দসমূহ’ লিখে তার নিচে আন্ডারলাইন করে দিলেও হবে। যেমন—
প্রশ্ন: (ক) মানুষ হিসেবে সবার—বেঁচে থাকার অধিকার আছে।
উত্তর: ক) মানুষ হিসেবে সবার সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে।
শূন্যস্থান পূরণে পূর্ণ নম্বর পেতে হলে পাঠ্যবইয়ের অনুশীলনীতে দেওয়া শূন্যস্থান ছাড়াও প্রতিটি অধ্যায় থেকে উপযুক্ত বাক্য বাছাই করে পড়তে হবে।
৩ নম্বর প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। নম্বর থাকবে ১x১০=১০। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে কেবল প্রাসঙ্গিক সঠিক তথ্য/তত্ত্ব বাক্যে উত্তর লিখবে। যেহেতু প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর ১। সুতরাং শুধু দু-একটি বাক্যে সঠিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কিছু লিখে উত্তর বড় করবে না। পাঠ্যবইয়ের অনুশীলনীতে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ার পাশাপাশি অধ্যায়ের ভেতর থেকে প্রশ্ন বাছাই করে, সেগুলোর সঠিক উত্তর পড়বে।
৪ নম্বর প্রশ্ন: ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখতে হবে। বর্ণনামূলক প্রশ্নে মোট ১০টি প্রশ্ন থাকবে। নম্বর থাকবে (৫x৮)=৪০। ক ও খ কাঠামোবদ্ধ প্রশ্ন, যার উত্তর প্রদান বাধ্যতামূলক। যেহেতু কাঠামোবদ্ধ প্রশ্ন দুটি যোগ্যতাভিত্তিক। সুতরাং পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু বুঝে নিয়ে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিকট পরিবেশের একাধিক বিষয়ের যুক্তিনির্ভর ব্যাখ্যা করার চেষ্টা করবে। কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরে ভূমিকা বা উপসংহার লেখার প্রয়োজন নেই। শুধু প্রশ্নের চাহিদা অনুসারে কারণ/পার্থক্য/ তথ্য/তত্ত্ব/যুক্তি উপযুক্ত বাক্যে লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক বিষয় লিখবে না।
অন্যান্য ছয়টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর লিখতে হবে। বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে পাঠ্যবইয়ের দেওয়া তত্ত্ব/তথ্য ছাড়াও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক একাধিক তথ্য বা তত্ত্ব উল্লেখ করা যাবে। যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, সেহেতু প্রতিটি উত্তরের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে প্রশ্নের চাহিদা অনুসারে বিস্তারিত বিবরণ দেবে।
ভূমিকা, উপসংহার প্রয়োজন নেই।
যা মনে রাখবে: ১. ব্যক্তির নাম, ঘটনার নাম, ঘটনার সাল নির্ভুল হতে হবে। ২. স্থানের নাম, কৃষিজাত দ্রব্যের নাম ও পরিমাণ বুঝে পড়বে। ৩. ক্ষুদ্র জাতিসত্তা, বাংলাদেশ ও বর্হিবিশ্ব অধ্যায় ভালো করে পড়বে। ৪. প্রতিটি অধ্যায়ের শেষে ‘আবার পড়ি’ অংশটি ভালো করে চোখ বুলিয়ে নাও।
হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা