
প্রথম আলো: আপনি তো দীর্ঘদিন ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতপূর্ণ এলাকায় কাজ করেছেন। আপনার বর্তমান কর্মস্থল ভারত ও দক্ষিণ এশিয়ার সঙ্গে কাজের পরিবেশ ও ঝুঁকির কতটা পার্থক্য?
বার্নাত আর্মেঙ: আসলে আমরা সাংবাদিকেরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কাজ করি। কিন্তু এসব ঝুঁকির ভেতরেও আমরা টিকে থাকি মানুষের কারণে। মানুষ তাদের দরজা আমাদের জন্য খুলে দেয়। আমার আগের কর্মস্থলের তুলনায় ভারত ও এ এলাকার পরিবেশ ও ঝুঁকিতে বিরাট পার্থক্য রয়েছে। সেখানকার মানুষের জীবনধারা, পরিবেশ আর এখানকার পরিবেশ অনেক আলাদা।
প্রথম আলো: সাংবাদিকতায় ঝুঁকির প্রসঙ্গ যখন এলই তখন একটি বিষয়ে জানতে চাই। বর্তমান বিশ্বে সাংবাদিকতার ঝুঁকিটা কেমন?
বার্নাত আর্মেঙ: আসলে আমরা যে পেশায় আছি, সেটার ধরনটাই এমন। ১৬ বছর আগে আমি যখন এ পেশায় আসি তখন জ্যেষ্ঠ অনেকেই আমাকে বলেছিলেন এটি এমন একটি পেশা, যেটাতে মৃত্যুঝুঁকি আছে। আমি তারপরও এতে এসেছি। আমরা প্রায় সবাই এ পেশার ঝুঁকির কথা জেনেই এখানে এসেছি। তারপরও আমরা কাজ করে যাচ্ছি।
আমি মনে করি, প্রতিটি দিনই আমাদের ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সাংবাদিকদের সব সময়ই এ ধরনের পরিবর্তন ও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। ।
প্রথম আলো: এ ক্ষেত্রে সাংবাদিকদের করণীয় কী?
বার্নাত আর্মেঙ: আমাদের উচিত একে অন্যের সহায়তা করা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে। এটা দেশের ভেতরে যেমন হতে পারে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে। বিশ্বের এক দেশের সাংবাদিক অন্য দেশের সাংবাদিকদের সহায়তা করতে পারেন। এ জন্য নিজেদের যোগাযোগ বাড়ানো জরুরি।
প্রথম আলো: নিজেদের যোগাযোগের জন্য কয়েকটি বৈশ্বিক সংগঠন রয়েছে।
বার্নাত আর্মেঙ: সাংগঠনিক যোগাযোগ তো আছে। পাশাপাশি সাংবাদিকদের অনেক নেটওয়ার্কও আছে। কিন্তু আমরা অনেকে জানি না। সাংগঠনিক যোগাযোগের পাশাপাশি ব্যক্তিগত নেটওয়ার্কও বাড়াতে হবে, যেটা আমরা করতে পারছি না। এ ক্ষেত্রে আমাদের প্রযুক্তির নানা দিক কাজে লাগাতে হবে। এটাকে কাজে লাগিয়ে আমরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করতে পারি। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি। তথ্য বিনিময় করতে পারি। তবে আমাদের জানা উচিত, সত্যিকার অর্থে আমরা কী করতে পারি বা আমাদের কী করা উচিত।
প্রথম আলো: প্রযুক্তি আমাদের মিডিয়ার ধরন ও খবরের বিষয়গুলোর ওপর কতটা প্রভাব বিস্তার করছে?
বার্নাত আর্মেঙ: সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের পাঠক খবরগুলো দেখছে, পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো প্রভাব তৈরি করেছে পাঠকদের মধ্যে।
তারপরও বলব, মিডিয়াকে এখনো আলাদা করার সুযোগ নেই। আমরা আমাদের খবর প্রচারের জন্য একেকটা মাধ্যমকে বেছে নিই। পশ্চিমা দেশগুলোতে ইন্টারনেটের বিস্তার ও সুযোগ এবং নানা সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে ডিজিটাল মিডিয়ার বিস্তার ঘটেছে। নানা পরিবর্তন আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে উন্নত দেশগুলো থেকে শিক্ষা নিতে হবে।
প্রথম আলো: সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে নানা বিতর্ক রয়েছে। অনেক ক্ষেত্রে নেতিবাচক খবরের কারণে নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, অস্থিরতা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বার্নাত আর্মেঙ: প্রোপাগান্ডা বা অপপ্রচার সব সময়ই ছিল। কিন্তু সবকিছুর ওপরেই সুসাংবাদিকতা। এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু সত্যি বলতে গেলে, সামাজিক যোগাযোগমাধ্যমে সবকিছুই প্রোপাগান্ডা নয়। ইতিবাচক অনেক কিছুও আছে। সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তির দিকও আমরা দেখেছি। সিরিয়ার বিষয়টিও দেখুন না। কীভাবে পুরো রাষ্ট্রব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করেছিল। সোশ্যাল মিডিয়ার সবকিছুই প্রোপাগান্ডা নয়।
যেকোনো বিষয়েরই একটি ভিন্ন মাত্রা আছে। পাঠক যখন বুঝতে পারবেন তিনি সত্য তথ্য পাচ্ছেন না, তখন তাঁরা মুখ ফিরিয়ে নেবেন। তাই সাংবাদিক হিসেবে আমাদের উচিত আমাদের সংবাদ বা গণমাধ্যমে সঠিক তথ্য দেওয়া। আমাদের মাথায় রাখতে হবে দিন শেষে সাংবাদিকতাই এগিয়ে থাকবে।
প্রথম আলো: তাহলে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে গণমাধ্যমের কী করা উচিত?
বার্নাত আর্মেঙ: আসলে সামাজিক যোগাযোগমাধ্যমকে আমরা কীভাবে ব্যবহার করব কিংবা সেখানে আমাদের খবরগুলো কীভাবে প্রকাশ করব সে বিষয়ে অভিজ্ঞ লোক দরকার। অনেক সংবাদমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ভীত, কারণ তাদের প্রশিক্ষিত কর্মী নেই। নিয়ত পরিবর্তনশীল এ সময়ে আমাদের সর্বশেষ প্রযুক্তিগত উৎকর্ষ ও দক্ষতা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
প্রথম আলো: সাংবাদিকতায় ভবিষ্যতের চ্যালেঞ্জ কী?
বার্নাত আর্মেঙ: অনেক চ্যালেঞ্জ আমাদের জন্য। আমার মতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দক্ষতা বাড়ানো। ভবিষ্যতের যেকোনো বিষয়ের জন্য নিজেদের তৈরি রাখতে হবে। সব ধরনের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, ভুল থেকে শিক্ষা নেওয়া আর প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর সক্ষমতা অর্জন করতে হবে। প্রতিনিয়তই নিজেদের দক্ষতা বাড়ানো এবং সেটাকে শাণিত করার চেষ্টা থাকতে হবে।
প্রথম আলো: ঢাকায় কেমন লেগেছে?
বার্নাত আর্মেঙ: ঢাকায় আমার এবারই প্রথম নয়। এর আগেও এসেছি। এখানকার মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করে। কিছুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম। দুটি দেশের বাঙালিদের মধ্যে অনেক মিল আছে। ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিতেও মিল রয়েছে। আমার খুবই ভালো লেগেছে।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
বার্নাত আর্মেঙ : প্রথম আলোকেও ধন্যবাদ।