সাইদুল স্যার: আপনাকে খুঁজছি

ছোট বেলায় বাসায় আমাকে পড়াতেন সাইদুল স্যার। তিনি পাঠ্য বই পড়ানোর থেকে পৃথিবীর তাবত হাবিজাবির গল্প বলতে পছন্দ করতেন। আমিও সুযোগ পেয়ে পড়ার বাইরে বিভিন্ন বিষয় তুলতাম। আর হা হয়ে তার গল্পগুলো গিলতাম। মনে মনে দীর্ঘ সময় একটি প্রতীতী ধারন করতাম যে, সাইদ স্যার বেশী পড়াশুনা পারেন না এজন্য এতো গল্প করতেন।
যাই হোক, মানুষের অজস্র ভিড়ে যাতে হারিয়ে না যাই সেজন্য সাইদ সার কাঁধে করে পুজায় দূর্গা বিসর্জন দেখতে নিয়ে যেতেন। প্রথম কাশবন দেখেছি স্যারের হাত ধরে। শহর থেকে দূরে প্রথম নদী দেখা তার সঙ্গেই। নদীর নাম পুনর্ভবা। নদীও যে দেখতে সুন্দর হয় তা তাঁর কাছেই প্রথম শোনা। ১৯৯২ সালে তিনি শোনালেন হট ডগের গল্প। জানলাম হট ডগ একটি বিদেশি খাবারের নাম। এরও অনেক পরে সম্ভবত ২০০০ সালে এসে প্রথম হট ডগ খেয়েছি। আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুপরবর্তী ইচ্ছাগুলো যখন শুনতাম খুব অবাক হতাম। ফিউজ বাল্বের মুখ আলতো টোকা দিয়ে ভেঙে তার ভেতর পুরনো ইকনো কলম কেটে নীচে থেকে তাপ দিলে যে গ্যাস তৈরী হয়, সেই প্রথম জানলাম। সেই গ্যাসে আগুনও ধরানো যেত। দারুন, দারুন ছিল সেই সব দিন। পাঠ্য বইও অল্প বিস্তর পড়াতেন স্যার। তবে সিলেবাসের ধারেকাছে বা বইয়ের কোনো প্রশ্ন পড়াতেন না। এ সময়টা খুব বিরক্ত লাগতো। একবার সম্ভবত ক্লাস ফোরে হবে, বাংলা পরীক্ষায় একটি প্রশ্ন এলো এমন ‘বুদ্ধিমতী গল্পের মেয়েটিকে কেনো বুদ্ধিমতী বলা হয়েছে? তোমার ভাষায় বর্ণনা দাও।’ পাঠ্যবইয়ে কোথাও প্রশ্নটি ছিল না। আমি কিন্তু সুন্দর উত্তর লিখেছিলাম, কারণ সাইদ স্যার। স্যার আগেই পড়িয়েছিলেন গল্পটির প্রতিটি বিশ্লেষণ। তিনি কখনওই পাঠ্যপুস্তকের কোনো প্রশ্ন সরাসরি পড়াতেন না। দিনাজপুর জিলা স্কুলের বাংলার মিজানুর রহমান স্যার উত্তরটির জন্য আমাকে ডেকে অনেক প্রশংসা করেছিলেন। সেই প্রথম মনে মনে সাইদ স্যারকে একটা স্যালুট করেছিলাম। স্যার প্রথম আমাকে অভিনয় করে দেখিয়েছিলেন ‘কাঠবিড়ালী কাঠবিড়ালী পেয়ারা তুমি খাও?’ সেই যে কি ভালোলাগার দিনগুলো কেটেছে। কিন্তু ফলাফল? তথৈবচ।
উন্নতির কোনো লক্ষণ নেই। সবকিছু আগায়, রোল নাম্বার আগায় না। যথারীতি বাবা মার চিন্তা। সাইদ স্যার কিছু বলেন না, শুধু হাঁসেন। বলেন আমাদের তামিম অনেক মেধাবী, ওকে নিয়ে চিন্তার কিছু নেই।
তারপর হঠাৎ একদিন থেকে দেখি স্যার আর আসেন না। স্যার যে মেসে থাকতেন সেখানেও কেউ বলতে পারলেন না তিনি কোথায়? তারপর থেকে আজ অবধি স্যারকে খুঁজে ফিরছি। প্রতিটি বাসে, প্রতিটি রাস্তাঘাটে, প্রতিটি জায়গায় মনের অজান্তে দুটি চোখ সেই লিকলিকে গড়নের মানুষটিকে খুঁজে ফেরে। কখনো কখনো মরিচিকা দেখার মতো বিভ্রান্ত হই।
স্যারকে আমার আজো পাওয়া হয়নি। স্যারের পা ছুঁয়েও সালাম করা হয়নি। স্যারকে বুকে জড়িয়ে ধরতে পারিনি। স্যারকে আমার এখনও বলা হয়নি আপনিই আমার সবচেয়ে প্রিয় শিক্ষক। আর যে যাই বলুক না কেন, আপনিই পৃথিবীর সেরা শিক্ষক, সেরা শিক্ষক, সেরা শিক্ষক।
*লেখক: সরকারি চাকরিজীবি