সাত্তার সাহেবের ড্রাইভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

সাত্তার সাহেব শেষ পর্যন্ত একটা গাড়ি কিনলেন। মেঘে মেঘে বেলা তো কম হলো না বাঁচবেনই-বা কদ্দিন। বরং কিছু দিন চলাফেরায় একটু আরাম করা যাক। গাড়ি একবারে নতুন। চৌদ্দ লাখ টাকার ফিল্ডার গাড়ি। গাড়ি তো হলো, এখন দরকার ভালো একজন ড্রাইভার। কোথায় পাওয়া যায়? পরিচিত-অপরিচিত—সবাই ড্রাইভার সম্পর্কে নানা উপদেশ দিচ্ছে। কিন্তু ড্রাইভার কেউ দিচ্ছে না। শেষ পর্যন্ত সাত্তার সাহেব এক লোকের সন্ধান পেলেন, তিনি আবদুল মোতালেব ‘নিখিল বাংলাদেশ অকটেন সমিতি’-এর অ্যাকটিং সভাপতি। তিনি গাড়িবিষয়ক যেকোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন। তার জন্য কোনো সার্ভিস চার্জও নেন না।
‘অকটেন সমিতিটা’ কী?
প্রায় ৫০ জন সদস্য নিয়ে এই সংঘটন। এদের সবারই নিজস্ব গাড়ি আছে এবং এরা সবাই তাদের গাড়ি গ্যাসে নয়, অকটেনে চালায়। কারণ তারা মনে করে—
১. সিএনজি সিলিন্ডার একটা বোমা বিশেষ!
২. সিএনজি গ্যাস ১০০/২০০ টাকায় কিনে দেশের জাতীয় সম্পদ নষ্ট করে লাখ টাকা দামের গাড়ি চালানোর কোনো অর্থ নেই।
৩. অকটেনে গাড়ি চালালে গাড়ির ইঞ্জিন ভালো থাকে...ইত্যাদি ইত্যাদি এ রকম ১০টা পয়েন্ট আছে অকটেন সমিতির।
সবগুলো পড়ার ধৈর্য সাত্তার সাহেবের ছিল না। তাঁর দরকার ড্রাইভার। তবে অকটেন সমিতির সভাপতি মোতালেব সাহেব কাজের লোক। তিনি ফোন দিলেন একদিন—
: কে, সাত্তার সাহেব?
: জি।
: আমি অকটেন সমিতির সভাপতি মোতালেব বলছি।
: জি জি, বলেন।
: তিনজন ড্রাইভার পাঠালাম, সবাইকে দিয়ে গাড়ি চালিয়ে কাকে পছন্দ আমাকে জানান
: জি জি...অনেক মেহেরবানি আপনার।
সত্যি সত্যিই সেদিন বিকেলে তিনজন ড্রাইভার এসে হাজির হলো। তিনজনকে দিয়েই গাড়ি চালিয়ে তাঁর একজনকে পছন্দ হলো, তার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হলো।
এবার সাত্তার সাহেব ফোন দিলেন মোতালেব সাহেবকে—
: মোতালেব ভাই, আমি সাত্তার।
: ড্রাইভার পছন্দ হয়েছে?
: জি, একজনকে পছন্দ হয়েছে।
: সে কি আপনার গাড়ি নিয়ে কোনো কমপ্লেন করেছে?
: না, নতুন গাড়ি তো কোনো কমপ্লেন নেই। তবে...
: তবে?
: তবে সে বলল, গাড়িতে একটা ফ্ল্যাগ স্ট্যান্ড লাগাতে হবে।
: বুঝতে পারছি, ওই ড্রাইভার বাদ। আমি কাল আরও তিনজন নতুন ড্রাইভার পাঠাচ্ছি।
: না না, বাদ কেন? ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো তো কোনো ব্যাপার না। গাড়ির বাম্পার যখন লাগাব তখন একটা ফ্ল্যাগ স্ট্যান্ডও না হয় লাগিয়ে নেব।
: নারে ভাই, যে ড্রাইভার ফ্ল্যাগ স্ট্যান্ড লাগাতে বলে বুঝতে হবে তার সমস্যা আছে।
: কী রকম সমস্যা?
: সেই ড্রাইভার বামে মোড় নিতে গেলে ওই ফ্ল্যাগ স্ট্যান্ড দেখে গাড়ির পজিশন আন্দাজ করে। এমনিতে পারে না। গাড়ি লাগিয়ে দেবে। ওকে দিয়ে হবে না। ও বাদ, কাল আরও তিনজন ড্রাইভার যাবে।

পরদিন সত্যি সত্যি আরও তিন নতুন ড্রাইভার এল। তিনজনকে দিয়েই আগের মতো গাড়ি চালিয়ে একজনকে পছন্দ হলো তাঁর, ওর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হলো। সাত্তার সাহেব আবার ফোন দিলেন আবদুল মোতালেবকে—
: মোতালেব ভাই, আমি সাত্তার।
: ড্রাইভার পছন্দ হয়েছে?
: জি, একজনকে পছন্দ হয়েছে।
: সে কি আপনার গাড়ি নিয়ে কোনো কমপ্লেন করেছে?
: জি না।
: তাহলে কাল তাকে একটা প্রশ্ন করবেন।
: কী প্রশ্ন?
: বলবেন ঢাকা শহরে বৃষ্টি হলে ট্রাফিক জ্যাম লাগে কেন? সে কী উত্তর দেয় জেনে আমাকে জানাবেন।
: জি আচ্ছা।
সাত্তার সাহেব ঠিক বুঝতে পারছেন না ড্রাইভার নিয়ে তিনি এ কোন প্যাঁচে পড়লেন। একটা ড্রাইভার রেখে দিলেই হয়, তা না কত কাহিনি করতে হচ্ছে। তবে মোতালেব সাহেব লোক ভালো সন্দেহ নেই। শেষ পর্যন্ত কী হয় দেখা যাক। পরদিন সাত্তার সাহেব ড্রাইভারের সঙ্গে বৃষ্টি ও জ্যামবিষয়ক প্রশ্ন-উত্তর সেরে ফোন দিলেন মোতালেব সাহেবকে—
: মোতালেব ভাই, আমি সাত্তার।
: প্রশ্নটা করেছিলেন?
: জি, করেছি।
: উত্তর কী দিল?
: বলল বৃষ্টি হলে রাস্তায় পানি জমে তাতেই জ্যাম লেগে যায়...।
: বাদ! এই ড্রাইভার চলবে না। আমি কাল আরও তিনজন নতুন ড্রাইভার পাঠাচ্ছি।
: কিন্তু কেন ও তো ঠিকই বলেছে, বৃষ্টির কারণেই তো...।
: না রে ভাই, আসল কারণ অন্য।
: আসল কারণটা কী?
: আসল কারণ হচ্ছে বৃষ্টি শুরু হওয়া মাত্র ট্রাফিক পুলিশ ছুটে যায় ছাতা আনতে। আর তখনই গাড়িওয়ালারা সব নিয়ম ভেঙে ছুটতে থাকে। তাতেই জ্যামটা লেগে যায়।
: বলেন কী? এ রকম তো ভাবিনি।

পরদিন সত্যি সত্যি আরও তিনজন নতুন ড্রাইভার এল। তিনজনকে দিয়েই আগের মতো গাড়ি চালিয়ে একজনকে তাঁর পছন্দ হলো, তার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হলো। আবদুল মোতালেবকে ফোন দিলেন সাত্তার সাহেব—
: মোতালেব ভাই, আমি সাত্তার।
: ড্রাইভার পছন্দ হয়েছে?
: জি, একজনকে পছন্দ হয়েছে।
: সে কি আপনার গাড়ি নিয়ে কোনো কমপ্লেন করেছে?
: জি না।
: তাকে বৃষ্টিতে জ্যাম লাগার প্রশ্নটা করেছিলেন?
: জি, করেছি। এবং সে সঠিক উত্তর দিয়েছে—মানে কাল যেটা আপনি বললেন সেটাই বলেছে।
: গুড। তাহলে কাল ও যখন যাবে তখন ওকে শেষ এবং ফাইনাল একটা প্রশ্ন করেন।
সাত্তার সাহেব মনে মনে বিরক্ত হলেও বললেন, ‘কী প্রশ্ন?’
: ওকে বলবেন গাড়িতে জানালা খোলা থাকলে সোনাদানা ছিনতাই হয়। এই ছিনতাইয়ের টার্গেট কারা?
: কেন মেয়েরা।
: উফ প্রশ্নটা তো আপনাকে করিনি। আপনি কাল ড্রাইভারকে করবেন। কী বলে আমাকে জানাবেন। বিরক্তি চেপে কোনোমতে সাত্তার সাহেব বললেন, ‘আচ্ছা।’

পরদিন সাত্তার সাহেব ফোন দিলেন মোতালেব সাহেবকে—
: মোতালেব ভাই, আমি সাত্তার।
: প্রশ্নটা করছিলেন?
: জি, করছিলাম।
: কী উত্তর দিল?
: বলল নয়া বিয়া করা মহিলারা টার্গেট।
: গুড, এই ড্রাইভারকেই রাখেন। এ ভালো ড্রাইভার, কোনো সন্দেহ নেই।
সাত্তার সাহেব খুশি হয়ে গেলেন, যাক অবশেষে মোতালেব সাহেব সার্টিফাই করলেন। তবে প্রশ্নটা তিনি না করে পারলেন না, ‘আচ্ছা মোতালেব ভাই, একটা প্রশ্ন ছিল।’
: বলেন।
: নতুন বিয়ে করা নারীরা কেন টার্গেট হবে?
: তা-ও বুঝলেন না?
: জি, না।
: নয়া বিয়া করা নারীরা সব সময় ভারী ভারী সোনার গয়না পরে বের হন। ভালো, সাবধানী ড্রাইভাররা রাস্তায় থেকে চোখ-কান খোলা রাখে বলেই এই তথ্য তারা জানে।
সাত্তার সাহেব তাঁর এগারো শ সিসির নতুন ফিল্ডার গাড়ি নিয়ে ভালোই আছেন। তাঁর নতুন ড্রাইভার আসলেই একজন ভালো চালক। চমৎকার চালায়। চলতি গাড়িতে এসির ঠান্ডা খেতে খেতে তিনি নিখিল বাংলাদেশ অকটেন সমিতির সভাপতি মোতালেব সাহেবের প্রতি কৃতজ্ঞতাবোধ করেন। ভাবছেন অকটেন সমিতির একান্নতম সদস্য হয়ে যাবেন শিগগিরই, আর দেরি করা ঠিক হবে না।