
ভোর সাড়ে চারটা। তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়েই দেখি চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিম অঞ্চলে ১৯ হাজার ৪৮৫ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে দাঁড়িয়ে আছে আফ্রিকার সবচেয়ে বড় গেম রিজার্ভ—ক্রুগার ন্যাশনাল পার্ক। সেই পার্কের স্কাকুজা নামক এক ক্যাম্পের ছোট্ট এক বাংলোর দরজায় দাঁড়িয়ে ভাবছি এখন করণীয় কী! হাতে খুব একটা সময় নেই। গাড়ি চালিয়ে পৌনে পাঁচটার মধ্যে হাজির হতে হবে ক্যাম্পের মূল ভবনের সামনে। সেখান থেকেই খোলা জিপে করে শুরু হবে আমাদের ভোরবেলার সাফারি। ন্যাটজিও চ্যানেলে এত দিন যেসব প্রাণী দেখে এসেছি, তাদের দেখতে পাব সামনাসামনি! উত্তেজনায় আর তর সইছে না। সিংহ কি লাফিয়ে পড়বে আমাদের ওপর, নাকি হাতির ধাক্কায় উল্টে যাবে আমাদের জিপ? কোনোমতে জীবন নিয়ে বেঁচে ফিরে সেই গল্প জীবনভর মানুষকে শোনাতে পারব তো?
কিন্তু আটকে গেছি শুরুতেই। গেম রিজার্ভের নির্দেশনাপত্রে পরিষ্কার লেখা আছে, কোনো অবস্থাতেই রাতের বেলা নির্দিষ্ট এলাকার সুরক্ষিত ঘর আর গাড়ির ভেতর ছাড়া এক মুহূর্তও একা বাইরে থাকা যাবে না। চিতা, সিংহ, হায়েনারা রাতের বেলা বাংলোর দিকে চলে আসে। বাগে পেলে ছেড়ে কথা বলবে না।

কী আর করা! মোবাইলের টর্চের আলোতে লম্বা একটা লাঠি হাতে উসাইন বোল্ট সেজে দুই মিনিটের রাস্তা দৌড়ে বিশ সেকেন্ডে পার হয়ে গেলাম।
আফ্রিকায় এখন শীতকাল। গিয়ে দেখি পর্যটকে বোঝাই হয়ে অপেক্ষায় আছে জলপাই রঙের এক বাহন। নাম-ঠিকানা মিলিয়ে আমাদের জিপে ওঠালেন গাইড কাম চালক ইনোক। তিনি মূলত তঙ্গা গোত্রের অধিবাসী। ইনোক মানুষ হিসেবে যথেষ্ট মজার। কোনো তথ্যই সরাসরি দিতে পারেন না। একটা কথার মারপ্যাঁচ তাতে থাকা চাই। তিনি একগাদা নিয়মকানুন বর্ণনা করে জানালেন, এই বিশাল বনে পাখি আছে ৫১৭ প্রজাতির। আর নানা ধরনের পশু আছে ১৪৭ প্রজাতির। জিরাফ সাড়ে ৫ হাজার, লেপার্ড ২ হাজার আর হাতি আছে সাড়ে ১১ হাজার। আমরা এখন মূলত সাফারি ড্রাইভে যাচ্ছি। এর মানে হলো আমরা বনের মধ্যে ঘুরে বেড়ানো নানা ধরনের পশুপাখি পর্যবেক্ষণ করব, তাদের কোনো ক্ষতি করা ছাড়াই। তবে বিগ ফাইভ দেখতে পারাটা এখানে বেশ ভাগ্যের ব্যাপার। বিগ ফাইভ বলতে বোঝায় হাতি, সিংহ, গন্ডার, লেপার্ড আর মহিষ।
জিপের চার কোনায় আমাদের চারজনের হাতে ধরিয়ে দেওয়া হলো চারটি ফ্লাডলাইট। জানানো হলো, জিপ সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলবে। আর এই ফ্লাডলাইটের আলো আমাদের জঙ্গলের মাঝে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে, কোথাও কিছু যেন মিস করে না যাই।
চলতে শুরু করল আমাদের জিপ। সবার মধ্যেই দারুণ উত্তেজনা। তীক্ষ্ণ দৃষ্টি সবার বনের গাছগাছালির ফাঁকে। প্রথম ৫০ কিলোমিটার কাটল কোনো রকম প্রাণী দেখা ছাড়াই। আইস ব্রেকটা হলো আমার দিক থেকেই। ফ্লাডলাইটের আলোতে হঠাৎ বনের মধ্যে টর্চের মতো কী যেন জ্বলে ওঠা দেখে আমি একটা মাঝারি আকারের চিত্কার দিয়ে বসলাম। সঙ্গে সঙ্গে ব্রেক কষে দাঁড়িয়ে গেল গাড়ি। সবার নজর এদিকে। শত শত টর্চ যেন বনকে আলোকিত করে ফেলেছে। গাইড জানালেন, উত্তেজনার কিছু নাই। এক পাল হরিণ এগুলো। অন্যদের উত্তেজনা একটুও না কমলেও আমি একটু হতাশ হলাম। আমাদের সুন্দরবনেই তো কত হরিণ দেখলাম। এত কষ্ট করে এখানে এসেছি হরিণ দেখতে নাকি! গাড়ির অপর পাশ থেকে আরেকজন এবার চিত্কার দিয়ে উঠল, ‘এইটা কী, এইটা কী?’ আমরা তাকিয়ে দেখি এবার দুই জোড়া টর্চ জ্বলছে বনের গাছগাছালির বেশ ওপরে। একটু খেয়াল করতেই বোঝা গেল, এই দুই জোড়ার মালিক দুটি জিরাফ। এত উঁচু একটা বোকা বোকা প্রাণী!

আঠারো শ শতকের শেষ দিকে তৎকালীন দক্ষিণ আফ্রিকান (ট্রান্সভাল) রাষ্ট্রপ্রধান পল ক্রুগারের উদ্যোগে তৈরি এই ক্রুগার গেম রিজার্ভ মূলত লিমপোপো আর এমপুমালাঙ্গা প্রদেশজুড়ে বিস্তৃত। এর উত্তরে জিম্বাবুয়ে আর পূর্বে মোজাম্বিকের সীমান্ত। এই বনে ঢোকার জন্য রয়েছে সাতটি ফটক। ফটকগুলোর আশপাশেই রয়েছে পর্যটকদের থাকার ব্যবস্থা—ক্যাম্প।
আমরা এবার রওনা দিলাম হাতি দেখার উদ্দেশ্যে। এতক্ষণ বনের রাস্তার ধারে প্রচুর হাতির বিষ্ঠা দেখেছি। গাইড জানালেন, এগুলোর দায়ভার শুধু হাতিকে দিলেই হবে না, গন্ডারকেও দিতে হবে। বলতে না-বলতেই আমাদের রাস্তা ফুঁড়ে উদয় হলো এক পাল হাতি। আর বনের মাঝে দুইটি কালো গন্ডার। ছোট ছোট বাচ্চা নিয়ে হাতিগুলো একমনে গাছের ডালপালা ভেঙে পাতা খেয়ে চলছে আর গন্ডারগুলোর যেন কিছুতেই কিছু যায়-আসে না। আমাদের পাত্তাই দিল না। আমরা সেখানে দশ মিনিট থেকে আরেকটু আগে বাড়তেই জিপ আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে গেল। গাইড ফিসফিস করে বললেন, ‘সবাই ডানে তাকান।’ তাকিয়ে আমাদের দম বন্ধ হওয়ার জোগাড়। একটা সিংহী অলস ভঙ্গিতে শুয়ে আছে রাস্তার পাশে! তার ভাব ভঙ্গি দেখে গাইড বললেন, ‘ওই যে অদূরে পাথরের পাহাড় দেখা যাচ্ছে, সেখানে এর বাচ্চা রেখে এসেছে। সে জন্যই সে রাস্তার পাশে এসে তাদের পাহারা দিচ্ছে।’
ততক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে। এর মধ্যে আরও দেখলাম জেব্রা, মহিষ, ইমপালা, কুডো, শূকর, বানর, জলহস্তী, কুমির, সাদা গন্ডার, ধনেশ পাখিসহ নানা ধরনের পাখি। বিগ ফাইভের মধ্যে কেবল বাদ পড়ল লেপার্ড। তবে গাইড জানালেন, এখনই হতাশ হওয়ার কিছু নেই, দিনের বাকিটা পড়েই আছে। নিজেরা গাড়ি চালিয়ে বনের মধ্যে ঢুকে পড়লে চিতা আর লেপার্ড দেখা অসম্ভব কিছু না। সকাল আটটা পর্যন্ত চলল আমাদের জিপ। এরপর ফিরে এলাম ক্যাম্পে। ব্যাগ গুছিয়ে কিছু শুকনো খাবার আর পানি নিয়ে আবার বেরিয়ে পড়লাম।

এবারের লক্ষ্য চিতা আর লেপার্ড দেখা। সেই সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বনের যতটুকু পারলাম ঘুরলাম। চিতা আর লেপার্ডের দেখা না পেলেও সারা দিন কাটল দারুণ উত্তেজনায়। আমাদের অবাক করে দিয়ে একদল জিরাফ আমাদের গাড়ি থামিয়ে দিয়ে রাস্তা পার হলো, কতগুলো উটপাখি দৌড়ে কোথায় জানি চলে গেল। রোদে কাহিল হয়ে এক পাল জেব্রা আমাদের গাড়ি থেকে দুই হাত দূরে গাছের ছাড়ায় চুপচাপ দাঁড়িয়ে থাকল, দুপুরের প্রচণ্ড গরমে এক পাল হাতি নেমে পড়ল বনের ছোট্ট একটা হ্রদে। সেখানে বেশ খেলা জমল লুকিয়ে থাকা কুমির আর পানি খেতে আসা হরিণদের মাঝে।
এসব দেখে দেখে যখন ক্লান্ত, তখন গভীর জঙ্গলের জনমানবহীন এক জায়গায় গাড়ি রেখে আমরা চুপচাপ অপেক্ষা করতে লাগলাম চিতা দেখার জন্য। কখন যে নিজেরাই গাড়িতে ঘুমিয়ে গিয়েছিলাম, টের পাইনি। কে জানে, হয়তোবা চিতারা ক্লান্ত-ঘুমন্ত আমাদের দেখে আর ঘুম থেকে জাগায়নি।
উঠে দেখি বেলা গড়িয়ে বিকেল। এবার ফেরার পথ ধরতে হয়। রাতেই বিমানে করে যেতে হবে আফ্রিকার সর্ব দক্ষিণের শহর কেপ টাউনে।
আফ্রিকার এক গ্রামের পাশ দিয়ে ছুটছে আমাদের গাড়ি। হঠাৎ বাঁয়ে চোখে পড়ল একটা দোকান—বাংলা সুপারমার্কেট। ঘ্যাচ করে ব্রেক করে গাড়ি থামিয়ে ঢুকলাম সেই দোকানে। দেখি ফেনীর তিন তরুণ এখানে মনিহারির দোকান দিয়ে বসেছে। বেশ চালু দোকান। আমরা একে অপরকে দেখে অবাক। কেউ এখানে বাংলাদেশি আশা করেনি। তারা আমাদের হাতে তুলে দিল এক বয়াম আমের আচার। এখানে নাকি প্রচুর আম হয়। তাই আমের আচারও এখানে খুব জনপ্রিয়। আমরাও আর কী করি। ভালোবাসার বয়াম ভরা আচার খেতে খেতে গাড়ি ছোটালাম মাইলের পর মাইল লম্বা জনপদহীন রাস্তা ধরে।