সাহসী শারমিনদের কথা

বিয়েবাড়িতে হট্টগোল হচ্ছে। দশ-বিশজন জড়ো হয়েছেন; দুইটা পক্ষ রয়েছে। গোলমালটা বড় মারামারিতে না গড়ালে খবর হওয়ার মতো কিছু নয়। কিন্তু এই গোলমালটা বরপক্ষ-কনেপক্ষের নয়। বরং ওই পক্ষ দুটির সঙ্গে স্কুলের কিছু মেয়ের। এই বিষয়টাই মাথায় ক্লিক করেছিল আমাদের নান্দাইল প্রতিনিধি রমেশ কুমারের সাংবাদিক মনে।
মুঠোফোনে খবরটা যখন পেলেন, একটা বিশেষ প্রতিবেদন লিখছিলেন। তড়িঘড়ি করে ছুটলেন গন্তব্যে। পৌঁছে দেখলেন, স্কুলের পোশাক পরা সাতটি মেয়ে। তারা কনের মাকে বাল্যবিবাহের কুফল বোঝাচ্ছে। ছাত্রীদের দলটি ছিল নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের। তারা ‘ঘাসফুল’ নামের সামাজিক সংগঠনের সদস্য। যেখানে বাল্যবিবাহ, সেখানেই ছুটে যায় তারা। খবরটি লিখে অফিসে পাঠিয়ে দিলেন। অফিস থেকে বলা হলো, এই মেয়েরা কে কী করে, তাদের উদ্দেশ্য কী, কে তাদের উৎসাহ জোগাচ্ছে—এসব জেনে বিশেষ প্রতিবেদন করতে। সেই প্রতিবেদন ছাপা হলো। উপজেলা প্রশাসন ওই সাত সাহসীকে সংবর্ধনা দিল। পরে এই কিশোরীদের নিয়ে ‘সাত সাহসী’ শিরোনামের প্রামাণ্যচিত্র নির্মাণ করে প্রথম আলো। মেয়েগুলো সময়ের প্রয়োজনে এখন ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। কেউ ঢাকায় পড়াশোনা করছে। কেউ ভর্তি হয়েছে বিভিন্ন জেলার কলেজে। তাই বলে তাদের শুরু করা আন্দোলন থমকে যায়নি। তাদের জায়গা নিয়েছে অন্য মেয়েরা। এখনো নান্দাইলে বলিষ্ঠভাবে চলছে বাল্যবিবাহবিরোধী কার্যক্রম।
প্রথম আলো তার ২১ বছরের পথচলায় যেসব সামাজিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে, তার একটি বাল্যবিবাহ প্রতিরোধ। এই কার্যক্রমে সাফল্যের মুকুটে নান্দাইলের ঘটনাটি একটি পালকমাত্র। বাল্যবিবাহ নিয়ে হাজারো প্রতিবেদন করেছি আমরা। এই ইস্যুতে আমরা অন্য সবার আগে থাকার চেষ্টা করি। সাংবাদিক হিসেবে আমরা অন্য সব ক্ষেত্রে পেশাগত দায়িত্বটাই পালন করি। কিন্তু কিছু কাজ করি একেবারে ভেতরের তাগিদ থেকে। বাল্যবিবাহ তেমনই একটি ইস্যু।
প্রথম আলোর সব কর্মীর কাছে প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তৃপক্ষের নির্দেশনা আছে নারীর প্রতি ‘ইতিবাচক পক্ষপাতিত্ব’ করার। বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের কর্মতৎপরতা ওই পক্ষপাতিত্বেরই একটা অংশ। অন্য সব ক্ষেত্রে আমরা সংবাদের পেছনে ছুটি। বাল্যবিবাহের ঘটনার ক্ষেত্রে ছুটি সংবাদের আগে। বাল্যবিবাহ নিয়ে আমাদের তুলে আনা অনেক কাহিনি ইতিমধ্যে দেশে-বিদেশে আলোড়ন তুলেছে। নরসিংদীর হাওয়া আক্তারের (জুঁই) কথা হয়তো ভুলে গেছেন। সে–ও বাল্যবিবাহের শিকার হয়েছিল। তবু পড়াশোনা চালাবেই। স্বামীর অমত সত্ত্বেও এগিয়ে চলেছিল। শেষমেশ স্বামীর চাপাতির কোপে ডান হাতের চারটি আঙুল হারায়। পরীক্ষার খাতায় লিখবে, কিন্তু কলম ধরবে কীভাবে? তবু দমে যাওয়ার নয় হাওয়া। শ্রুতলেখক নিয়ে পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছিল। আমাদের সাংবাদিক সেই কাহিনি তুলে এনেছিলেন।
আমরা হাওয়ার মতো অদম্য সাহসী মেয়ে চাই। তবে তার মতো পরিণতি আর কারও হোক, তা চাই না। আমরা চাই শারমিন আক্তারের মতো পরিণতি। ঝালকাঠির সেই সাহসী মেয়েটি। নিজের বাল্যবিবাহ নিজেই ঠেকিয়েছিল।
হঠাৎ একদিন একটা ছেলেকে দেখিয়ে মা শারমিনকে বললেন, ‘এই ছেলে তোর স্বামী। এখন থেকে পড়াশোনা বন্ধ। ওর সঙ্গে ঘর-সংসার করতে হবে!’ নিছক কৌতুক ছিল না সেটা। শারমিনের বিয়ের বয়সই হয়নি। আবার বিয়ে দেওয়াও হয়নি। বয়স কম হলেও এসব যে অন্যায়, তা ঠিকই বুঝতে পারছিল শারমিন। ঘটনাটা ২০১৫ সালের জুলাই মাসের। ওই কিশোরী তখন রাজাপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শারমিন একবার ভেবেছিল, আত্মহনন করে এই নরকযন্ত্রণা থেকে মুক্ত হবে। আবার ভাবে, এটা হবে হেরে যাওয়া। হেরে গেলে তো চলবে না। নিজে থেকেই সাহসী হলো। একদিন পালিয়ে গিয়ে এক সহপাঠীকে বিষয়টি জানাল। দুজনে মিলে হাজির হলো সরাসরি থানায়। মা আর ওই ছেলের বিরুদ্ধে মামলা দিল। পুলিশ শারমিনের মা ও কথিত স্বামীকে গ্রেপ্তার করল।
এই সাহসিকতার জন্য স্বর্ণকিশোরী ফাউন্ডেশন ২০১৫ সালে শারমিনকে স্বর্ণকিশোরী পুরস্কার দেয়। এসব কাহিনি তুলে আনেন বরিশালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দিন। ২০১৬ সালের ৮ নভেম্বর প্রথম আলোয় ছাপা হয় ‘সাহসী এক শারমিনের কথা’। এরপর শারমিনকে ‘সাহসী নারী’র পুরস্কার দেয় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে সে ২০১৭ সালের এপ্রিলে পুরস্কার গ্রহণ করে।
আবার আমাদের হতাশ করে রাষ্ট্রের নীতিনির্ধারকদের কিছু ভুল সিদ্ধান্ত। কিশোরী মেয়েকে বিয়ে দেওয়ার আইনগত স্বীকৃতি কীভাবে দেওয়া হলো? ক্ষোভ জানাচ্ছিলেন আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন। সাংবাদিকদের মধ্যে তিনিই প্রথম ঘটনাটা বের করেছিলেন। শোনাচ্ছিলেন সেই কাহিনি। সূত্র তাঁকে জানাল, মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার চিন্তাভাবনা চলছে। তলে তলে বিষয়টা অনেক দূর গড়িয়েছে। কিন্তু শক্ত কোনো তথ্যপ্রমাণ পাচ্ছিলেন না মানসুরা। আইন মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্রকে নাড়া দিলেন। তিনি বিষয়টা নিশ্চিত করলেনও। তবে নথিপত্র দিতে নারাজ। শেষমেশ কম্পিউটারে পড়ে দেখা ও নোট নেওয়ার সুযোগ মিলল। অনুমতি নিয়ে কম্পিউটার স্ক্রিনের একটা ছবি তুলে রাখলেন প্রমাণ হিসেবে। সেই খবর যখন ছাপা হলো, দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় উঠল। শেষ পর্যন্ত সরকার পিছু হটল বটে কিন্তু কৌশল করে ‘বিশেষ ক্ষেত্রে’ ১৬ বছরে বিয়ের বিধান রেখে দিল।
সুতরাং আমাদের হাঁটতে হবে আরও অনেক পথ। সাংবাদিক হিসেবে আমাদের অনেক দায় আছে। পাঠক হিসেবে আপনারও দায় আছে। আপনি সোচ্চার থাকবেন। বাল্যবিবাহ দেখলে আশপাশের লোকজনকে নিয়ে প্রতিবাদ করবেন। খবরটা দ্রুত প্রশাসন ও গণমাধ্যমের কাছে পৌঁছে দেবেন। উপযুক্ত নীতিমালা প্রণয়নে রাষ্ট্রের নীতিনির্ধারকদের আমরা সবাই মিলে চাপ দেব। সবাই সোচ্চার হলে বাল্যবিবাহ নামের সামাজিক ব্যাধি দূর হবেই হবে।