সিরিয়ায় রক্ত ঝরছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধ মানে মানবিক বিপর্যয়
যুদ্ধ মানে মানবিক বিপর্যয়

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ ২০১৩ সালেও অব্যাহত থাকে। প্রাণহানির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি তীব্রতর হয়। বিদ্রোহীদের মধ্যে কট্টর ইসলামপন্থীদের অনুপ্রবেশ ঘটার কারণে তাদের অস্ত্র সরবরাহের ক্ষেত্রে দোটানা ছিল আন্তর্জাতিক মহলে।

বাশার সরকারের পেছনে পুরোনো মিত্র রাশিয়ার সমর্থন অব্যাহত থাকে। যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক চেষ্টা নানা প্রতিবন্ধকতার কারণে সফল হতে পারেনি। বাশারবিরোধীদের মধ্যে বিভক্তি নতুন দফা আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন ঝুলে থাকার অন্যতম প্রধান কারণ। বাশারবিরোধীদের প্রথম থেকেই সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ অস্ত্র দিয়ে সহায়তা করেছে। মার্চে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ‘অসামরিক’ সহায়তার অঙ্গীকার করে। ইইউ সিরিয়ার ওপর আরোপিত অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। এতে অন্যদের জন্য সিরীয় বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করার পথ উন্মুক্ত হয়।

তবে এ বছরের সবচেয়ে নাটকীয় ঘটনা হচ্ছে, জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সিরিয়ায় প্রবেশ করতে দিতে প্রেসিডেন্ট বাশারের সম্মতি। আগস্টে দামেস্কে সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ওবামা আগেই বলেছিলেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার হবে সিরিয়ার জন্য সীমারেখা লঙ্ঘন। ওই সীমারেখা লঙ্ঘন করলে ইরাক না হোক, লিবিয়া ধরনের সামরিক অভিযানের মুখে পড়তে হবে সিরিয়াকে। জাতিসংঘের পর্যবেক্ষকেরা সরেজমিন তদন্ত করে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করলেও কাজটি সরকার না বিদ্রোহী বাহিনীর, তা স্পষ্ট করে বলেননি।

সিরিয়ার মিত্র রাশিয়া সে দেশে বিদেশি অভিযান ঠেকাতে বরাবরই তৎপর ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে বসে তারা বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্র ধ্বংসের একটি কর্মকৌশলে পৌঁছাতে সক্ষম হয়। এর ভিত্তিতে গত অক্টোবর মাসে আসাদ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তাঁর রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংসে সম্মতি দেন। এ কাজ অনেক দূর এগিয়েছেও। এর মাধ্যমে সাময়িকভাবে হলেও পাশ্চাত্যের সামরিক হামলা এড়াতে সক্ষম হয় সিরিয়া। আর সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস কার্যক্রম এ বছরের নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছে রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ওপিসিডব্লিউকে।

সুমন কায়সার