সুসাংবাদিকতা দিয়েই চাপ মোকাবিলা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

দেশি-বিদেশি সাংবাদিকদের অংশগ্রহণে গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সেমিনারের আয়োজন করে প্রথম আলো l ছবি: প্রথম আলো
দেশি-বিদেশি সাংবাদিকদের অংশগ্রহণে গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সেমিনারের আয়োজন করে প্রথম আলো l ছবি: প্রথম আলো

জনগণের ভাষা বুঝতে হবে, লিখতে হবে; নারী ও প্রান্তিক জনগোষ্ঠী উপেক্ষিত থেকে যাচ্ছে; বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন করা যাবে না

চেহারা, গায়ের রং, পোশাক, ভাষা কিংবা জাতীয়তা ভিন্ন হলেও তাঁদের সবাইকে একত্র করেছে সাংবাদিকতা। তাঁদের কেউ এসেছেন পাশের দেশ ভারত, নেপাল ও ভুটান থেকে, কেউবা ইউরোপ বা যুক্তরাষ্ট্র থেকে। তবে তাঁরা একটি বিষয়ে একমত, সাংবাদিকতার সামনে যে চ্যালেঞ্জ, চাপ বা হুমকি, তার সবই মোকাবিলা করতে হবে সুসাংবাদিকতা দিয়ে।

গতকাল শনিবার প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সেমিনারে বাংলাদেশসহ ১০টি দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তি মিলে অর্ধশতাধিক প্রতিনিধি যোগ দেন। সেমিনারের আলোচ্যসূচি ছিল ‘সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’। কিন্তু বক্তারা বুঝিয়ে দেন, এই চ্যালেঞ্জ নিছক সাংবাদিক বা সাংবাদিকতার নয়, একই সঙ্গে আধুনিক রাষ্ট্রব্যবস্থা, রাজনীতি, গণতন্ত্রেরও চ্যালেঞ্জ।

এ কারণে সেমিনারে অংশীজনেরা সৎ ও সাহসী সাংবাদিকতার ওপর যেমন, তেমনি জনগণের কথা জনগণের ভাষায় বলার ওপর জোর দিয়েছেন। আলোচনায় এসেছে বাংলাদেশের গণমাধ্যমের ওপর চাপ থেকে শুরু করে মার্কিন নির্বাচনে মূলধারার গণমাধ্যমের উপলব্ধির ঘাটতিও। সম্পাদক, সাংবাদিক কিংবা সংবাদ প্রতিষ্ঠানের নেতারা সমস্বরে বলেছেন, সুসাংবাদিকতা দিয়েই এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। যত হুমকি বা চাপই আসুক না কেন, পেশাগত নীতি ও মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। গণমাধ্যম যত বেশি গণমানুষের কাছে যাবে, তত জনপ্রিয় হবে এবং তাদের আস্থা অর্জনে সক্ষম হবে।

ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের সঞ্চালনায় আলোচনার সূচনা করেন ভারতের দৈনিক দ্য হিন্দুর সম্পাদক মুকুন্দ পদ্মনাভন। তিনি বিশ্বব্যাপী সাংবাদিকতার ওপর যে হুমকি ও চাপ রয়েছে, তা সততা ও সাহসের সঙ্গে মোকাবিলার আহ্বান জানান। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের স্থানীয় প্রশাসনের হুমকির মুখে থাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায় থেকেই কাজটি শুরু করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রধান সম্পাদক রাজ কমল ঝা বলেন, এখন রাজনীতিকেরা এই মাধ্যম ব্যবহার করে নিজেদের পক্ষে প্রচার চালান; তাঁরা দলের ও নিজের কথা প্রচার করেন। ফলে সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়‌ে। তাঁর মতে, গণমাধ্যমের প্রতি জনগণের যে আস্থাহীনতা দেখা দিয়েছে, সেটি ভালো সাংবাদিকতা দিয়েই মোকাবিলা করতে হবে।

দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেন, মুদ্রিত সংবাদপত্রের জন্য এখন অর্থনৈতিক ঝুঁকি বেড়েছে। অনলাইনে বিনা মূল্যে খবর পাওয়া যায় বলে অনেকেই পত্রিকা কিনে পড়ছেন না। মার্কিন নির্বাচনের উদাহরণ টেনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা অনেক কমে গেছে। এটি পুনরুদ্ধারই আমাদের বড় চ্যালেঞ্জ।’

ফিনল্যান্ডের দৈনিক হেলসিঙ্গিন সানোমাত-এর কূটনৈতিক সংবাদদাতা কারি হুতা মুদ্রিত পত্রিকার প্রচারসংখ্যা হ্রাস পাওয়ার কথা স্বীকার করে বলেন, মানসম্মত সাংবাদিকতা দিয়েই এই সংকট কাটানো যেতে পারে।

আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের জ্যেষ্ঠ সহকারী সম্পাদক স্বাতী ভট্টাচার্য জনগণের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব থাকার কথা উল্লেখ করে বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ কিংবা তরুণেরা যে ভাষায় পড়তে চায়, পত্রিকা এখনো সেই ভাষায় লিখছে না। নারী ও প্রান্তিক জনগোষ্ঠী উপেক্ষিত থেকে যাচ্ছে। মফস্বলে প্রশিক্ষিত সাংবাদিকের অভাব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শিলং টাইমস-এর সম্পাদক প্যাট্রিসিয়া মুখিম ছোট পত্রিকার সমস্যা তুলে ধরে বলেন, সরকারি বিজ্ঞাপন ও খবরের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। নেপালের কান্তিপুর পত্রিকার সম্পাদক সুধীর শর্মার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম মূলধারার সাংবাদিকতার প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, মফস্বল পত্রিকার সম্পাদক হিসেবে জাতীয় পত্রিকার সঙ্গে তাঁকে প্রতিযোগিতা করতে হয়। তাঁর পত্রিকার অনলাইনে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচিত্র খবর থাকে—এই তথ্য জানিয়ে তিনি এই আশা প্রকাশ করেন যে প্রতি হিটে এক পেন্স ফি ধরা হলেও আয় বাড়বে।

ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।’ আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত গণমাধ্যমের প্রতি ক্ষমতাসীনদের হুমকি রয়েছে।

ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালিদ মুহিউদ্দীন গণমাধ্যমের উন্নয়নের জন্য সাংবাদিকদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, সংবাদ পরিবেশন ও বিশ্লেষণ আরও তথ্যনির্ভর হওয়া উচিত। ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান বলেন, ‘আমরা আশা করতে চাই, ভালো সাংবাদিকতা ভালো ব্যবসা করবে। কিন্তু লন্ডনের দৈনিক গার্ডিয়ান-এর ক্রমাগত লোকসান সেটি সমর্থন করে না।’

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) দক্ষিণ এশিয়ার সংবাদ পরিচালক বার্নাত আরমাঙগে বলেন, সংবাদকক্ষের কর্মীদের মান ও সংবাদের মান একই সঙ্গে উন্নত করা জরুরি। এএফপি বাংলাদেশ ব্যুরোর প্রধান শফিক আলম সংবাদ পরিবেশনে বৈচিত্র্য আনার ওপর জোর দেন। জ্যেষ্ঠ সাংবাদিক শামসুদ্দীন আহমেদ বলেন, ‘জনগণ কোন ভাষায় খবর পড়তে ও শুনতে চায়, তা আমরা এখনো রপ্ত করতে পারিনি।’

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী সেলফ সেন্সর বা স্বনিয়ন্ত্রণ স্বাধীন সাংবাদিকতার পথে অন্যতম বাধা বলে মন্তব্য করেন। রয়টার্সের ব্যুরোপ্রধান সিরাজুল ইসলাম কাদির সংবাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নানামুখী বাধার কথা উল্লেখ করেন।

টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান সুসাংবাদিকতার ক্ষেত্রে রাজনৈতিক চাপকেই বড় বাধা বলে মন্তব্য করেন। ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত বলেন, যেসব দেশে গণতন্ত্র সুসংহত নয়, সেসব দেশেই সাংবাদিকদের বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

বিবিসি স্কটল্যান্ডের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলীয় দ্বীপ-বিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক স্যান্ডি ব্রেমনার গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় গতানুগতিকতা থেকে বেরিয়ে আসার ওপর জোর দেন। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নির্বাহী পরিচালক বারবারা ত্রিয়োনফি বলেন, গণমাধ্যমের ওপর সরকার ও রাজনৈতিক মহলের চাপ থাকবে। তারা কখনো কখনো আইনি ব্যবস্থা নেবে, অর্থনৈতিক চাপ প্রয়োগ করবে। কিন্তু তাতে দমে গেলে চলবে না। এসব চাপ মোকাবিলা করেই সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে। ভুটানের কুয়েনসেল পত্রিকার সম্পাদক রিনঝিন ওয়াংচুক বলেন, সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল হওয়ার কারণে তাঁদের স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার সুযোগ কম। একই পত্রিকার প্রকাশনা বিভাগের সম্পাদক উগেন পেনজর গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অসত্য খবর সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। ভারতের বিশিষ্ট সাংবাদিক জ্যোতি মালহোত্রা সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ নিবিড় করার ওপর জোর দেন।

ভারতের দৈনিক ভাস্কর-এর সম্পাদক প্রকাশ দুবে বলেন, স্বার্থান্বেষী মহল সব সময় প্রশ্ন শুনতে ভয় পায়। কিন্তু সাংবাদিকদের সেই প্রশ্ন করে যেতে হবে। তাঁর মতে, সাংবাদিকদের বাধা কেবল রাজনৈতিক মহল নয়, করপোরেট হাউসও। গণতন্ত্র, নির্বাচন, বিচারব্যবস্থা এমনকি সংবাদপত্রও এখন অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ব্যয় সংকুলানের জন্য বিজ্ঞাপন নিতে হয়। তবে সজাগ থাকতে হবে কোনোভাবেই যেন বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন না হয় এবং নতুন পাঠক ধরতে গিয়ে যেন পুরোনো পাঠক না হারায়।


আলোচনার শেষ পর্যায়ে আইপিআইর বোর্ড চেয়ারম্যান জন ইয়ারউড এই আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের সামনে এখন তিনটি চ্যালেঞ্জ: অর্থনৈতিক, পারস্পরিক সহযোগিতা ও স্বাধীনতা। তিনি বলেন, বিশ্বব্যাপী মুদ্রিত পত্রিকার মুনাফা ও প্রচারসংখ্যাও কমেছে। জাম্বিয়ায় বিরোধী দলের পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। ১২ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। তুরস্কেও অনুরূপ ঘটনা ঘটেছে। এসবের বিরুদ্ধে আইপিআই তার সদস্যদের নিয়ে লড়াই করছে।

সমাপনী ভাষণে মাহ্‌ফুজ আনাম সাংবাদিক ও সংবাদপত্র প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, অন্যান্য সংস্থা সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও সংবাদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে রকম উদ্যোগ নিতে দেখা যায় না। প্রথম আলোর এ উদ্যোগ অন্যান্য সংবাদ প্রতিষ্ঠানও অনুসরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সব শেষে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান অভ্যাগতদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ আয়োজনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, সংবাদ প্রতিদিন-এর সম্পাদক আবেদ খান, নয়া দিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দীন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাংবাদিক হারুন হাবীব, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান, সমকাল-এর উপসম্পাদক মোজাম্মেল হোসেন, ডেইলি স্টার-এর সহযোগী সম্পাদক শাহেদুল আনাম খান, এনটিভির বার্তা প্রধান খায়রুল আনোয়ার, জনকণ্ঠ-এর নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, ভোরের কাগজ-এর ব্যবস্থাপনা পরিচালক তারিক সুজাত, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, একাত্তর টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা, ডিবিসি টেলিভিশনের সম্পাদক প্রণব সাহা, ইত্তেফাক-এর ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, ডেইলি স্টার-এর উপসম্পাদক আশা মেহরিন আমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন, এপির সংবাদদাতা জুলহাস আলম প্রমুখ।