সেই চার হাজার টাকাই আজ অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. নাসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত
মো. নাসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত

সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার রাধানগর গ্রামের এক হতদরিদ্র পরিবারে আমার জন্ম। জীবন নামক কঠিন যুদ্ধের একজন সৈনিক হয়ে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছি। জানি না আমি বিজয়ী হব কিনা, তবে শেষ পর্যন্ত লড়ে যেতে চাই। আমি চট্টগ্রামের রাঙামাটির একটি স্কুল থেকে মাধ‍্যমিক পাশ করেছিলাম। পারিবারিক কারণেই সেখানে যাওয়া। বর্তমানে রাঙামাটি সরকারি কলেজে বিবিএ ২য় বর্ষে পড়ছি। এতটুকু আসার পেছনে আমার মা-বাবার পরে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন আমার প্রিয় শিক্ষক মো. নাসিম উদ্দিন। তিনি সিলেট বিভাগের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজে কর্মরত আছেন।

২০১৪ সালে মাধ‍্যমিক পাশ করে আমি বিশ্বনাথে চলে আসি উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার জন‍্য। অনেক সমস্যার মধ্যে দিন কাটিয়ে অবশেষে কলেজে ভর্তি হই। আর ওই সময়ই পরিচয় হয় শ্রদ্ধেয় নাসিম স‍্যারের সঙ্গে। একজন ম‍্যাডাম তাঁর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি আমার পারিবারিক অবস্থা ম‍্যাডামের কাছ থেকে শুনেছিলেন। আর তখনই যেন তাঁর হৃদয়ের সুপ্ত ভালোবাসা ও উদারতার ফটক আমার জন‍্য খুলে যায়। ভর্তি হয়েছিলাম ঠিকই, কিন্তু বই কেনার সামর্থ্য ছিল না। তাই নাসিম স্যারই আমাকে বই দেন। জায়গাটি সম্পূর্ণ অপরিচিত ও বন্ধু-বান্ধব না থাকায় কলেজে তেমন একটা যাওয়াও হতো না আমার।

কিছুদিন পর আমি প্রাইভেট পড়ার জন‍্য ওনার সঙ্গে কথা বলি। আর তখনই আমাকে চমকে দিয়ে নাসিম স্যার বললেন, ‘আমাকে টাকা দিতে হবে না।’ নিয়মিত পড়তে যেতে বলেন তিনি। জীবনে অনেক শিক্ষকের সঙ্গে পরিচিত হয়েছি, পড়েছি। কিন্তু সে দিনই যেন এক নিঃস্বার্থ, নিরহংকার, আত্মত্যাগী ও মানবতাবাদী শিক্ষকের দেখা পেলাম।

অতঃপর পড়তে যেতে শুরু করলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিয়মিত যেতে পারছিলাম না। সপ্তাহে হয়তো একদিন কি দুই দিন যেতাম। আর এ কারণে স‍্যার আমার ওপর অনেক রাগ করতেন। যদিও কিছু বলতেন না, কিন্তু আমি সেটা বুঝতে পারতাম। কখনো তাকে বলতে পারতাম না যে, আমি কেন নিয়মিত আসতে পারি না। সময় যেতে থাকল। দুই বছরের এক সংগ্রাম শেষে উচ্চমাধ‍্যমিক পরীক্ষা দিলাম। যেদিন ফলাফল প্রকাশিত হলো, সেদিন স‍্যার আমাকে মোবাইল ফোন কল দিয়েছিলেন। সেটি ছিল আমাকে করা তাঁর প্রথম ফোনকল। উনি উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন, আমি ভালো করেছি। কলেজে আমি ও আরেকটি ছেলে ‘এ’ গ্রেড পেয়েছি। আমাদের গ্রুপে আমিই ছিলাম ‘এ’ গ্রেডধারী। যদিও এটি এত ভালো রেজাল্ট নয়, তবুও তিনি ভালো বলেছিলেন। কারণ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে দুজনই ‘এ’ গ্রেড ছিল।

এরপর আর্থিক কারণেই অনেক কিছু করা সম্ভব হয়নি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয় পাওয়ার পরও ভর্তি না হওয়ার আশঙ্কায় পড়েছিলাম। তখনই যেন স্বপ্নগুলো ঝরে পড়তে শুরু করে। কি করব ভেবে পাচ্ছিলাম না। কাউকে বলতেও পারছিলাম না। ভর্তির সময় এগিয়ে আসছিল, আর আমার জীবনের আলো ক্রমেই নিভে যাচ্ছিল। ঠিক তখনই সিদ্ধান্ত নেই, স‍্যারকে বলব। কিন্তু বিবেক বাধা দিচ্ছিল। উনি আমার জন‍্য করেছেন অনেক, এটা বলা কি ঠিক হবে? কিন্তু না বলতে পারলে তো এখানেই শেষ!

চোখ বন্ধ করে স্যারকে একটা খুদেবার্তা পাঠিয়ে দিই আমি। তখন দুশ্চিন্তা যেন আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর উত্তর আসে—‘কত লাগবে?’ স্বস্তির নিশ্বাস ফেলে স্যারের সঙ্গে কথা বলি। তিনি আমাকে আশ্বস্ত করেন এবং নির্দিষ্ট তারিখে কলেজে যেতে বলেন। কলেজে যাওয়ার পর আরও দুজন শিক্ষক ওনার সঙ্গে মিলে আমার হাতে তুলে দেন চার হাজার টাকা।

সেই চার হাজার টাকাই আজ আমার অনুপ্রেরণা। সফলতার উচ্চাসনে পৌঁছানোর হাতিয়ার। আমি জীবনে একটি জিনিস উপলব্ধি করেছি, শুধু পাঠদান করলেই একজন প্রকৃত শিক্ষক হওয়া যায় না, জাতি গঠনের কারিগর হওয়া যায় না। এমন শিক্ষক হাজারটা হয় না, হাজার শিক্ষকের মাঝে একজনকে পাওয়া যায়। আমার স্বপ্নে গড়া এক সৌন্দর্যমণ্ডিত আসনে প্রিয় স‍্যারকে রেখেছি। তাঁর ঋণ শোধ করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু স্বপ্নের সেই আসনটিকে বাস্তব রূপ দিতে চাই। এই অখ্যাত এক শিক্ষকের কথা তুলে ধরতে চাই মানুষের মাঝে। আসন্ন বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স‍্যারকে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা।

লেখক: রাঙামাটি সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী