স্বপ্ন ছুঁয়েছি

আমার গর্ব হয়—বাংলাদেশ পুলিশের ট্রাফিক সার্জেন্ট হিসেবে প্রথম যে নারী ব্যাচটা নিয়োগ পেয়েছে, আমি সেই ব্যাচেরই একজন। আমার কাজের বয়স খুব বেশি হয়নি, কিন্তু এ কয়েক দিনে জনগণের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পেয়ে পুলিশের ইউনিফর্মের প্রতি ভালোবাসাই বেড়েছে। যে ভালোবাসার শুরু আমার শৈশবে। মফস্বলের আট–দশটি সাদাসিধে পরিবারের সন্তানের মতো বাগেরহাট জেলার রামপাল থানায় আমি জন্মেছি। এ ধরনের জায়গায় আমাদের সময়ে বিনোদন বলতে কেবল সিনেমা দেখার মধ্যে সীমাবদ্ধ ছিল। শৈশবে সিনেমা দেখতে দেখতেই জন্ম নিয়েছিল ইউনিফর্মের প্রতি এই ভালোবাসা। তখন একধরনের ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম, আমিও কাজ করব কোনো একটি বাহিনীতে। মুহূর্তেই বিরাট সমস্যার সমাধান করে ফেলব। জনগণের সেবা করব। এ ধরনের স্বপ্ন শৈশবে অনেকেরই থাকে। তাই আমার মনে হয় এটি একবারে ভিন্ন কোনো স্বপ্ন নয়। তবে স্বপ্নের পথে অবিচল থাকাটাই ছিল আমার মূল লক্ষ্য।

এ জন্য পড়াশোনা চালিয়ে যাই। বাগেরহাটের সরকারি পি সি কলেজে অর্থনীতি বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি। একই বিষয়ে মাস্টার্স করি খুলনার বি এল কলেজে। পড়াশোনা শেষে যখন চাকরি খোঁজার পালা তখনই পত্রিকায় দেখি পুলিশে প্রথমবারের মতো নারী সার্জেন্ট নিয়োগ করা হবে। যেই দেখলাম সঙ্গে সঙ্গেই আবেদন করে ফেলি। গত বছরের ৩১ মে স্বপ্ন পূরণের দিন চলে এল। এ দিনই বাংলাদেশ পুলিশে যোগ দিই আমি। আর সঙ্গে সঙ্গে বনে গেলাম সেই ২৮ জনের একজন, যাঁরা পুলিশের নারী সার্জেন্ট বিভাগে প্রথম যোগ দিয়েছেন। তখন অনুভব করেছিলাম আমি আমার স্বপ্নকে ছুঁয়েছি। এ জন্যই বোধহয় প্রশিক্ষণের সময় এত কষ্ট সহ্য করতে পেরেছি। প্রশিক্ষণের সময়টা যে কারোর জন্যই কষ্টের। মানসিক, শারীরিক উভয় দিক দিয়ে।
ছয় মাসের প্রশিক্ষণ শেষে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কাজে যোগ দিই। প্রথমেই শাহবাগ ট্রাফিক পুলিশ জোন। আমি যখন ডিউটিতে থাকি কখনো অনুভব করিনি এ পেশা নারীদের জন্য নয়। বরং সব সময় মনে হয় এটি একটা চ্যালেঞ্জিং পেশা। নিজের যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। একজন পুরুষও যে কাজ করছে, আমিও তা করছি। সবার কাজই সমান। এখানে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আসলে আমাদের দেশের পুলিশ ব্যবস্থা এমনভাবে সাজানো, যেখানে মানুষের প্রত্যক্ষ সেবা করার সুযোগ রয়েছে। কেউ যদি এ পেশায় আসতে চায় সে ক্ষেত্রে তাদের জন্য আমি বলব, এটি একটি ভালো পেশা। জনগণের সেবা করার উদ্দেশ্যে আসুন। আমরাও চাই পুলিশে আরও অধিক হারে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাক। সে জন্য তো নারীকেই নিজের যোগ্যতা প্রমাণ করে আসতে হবে।
আমার স্বপ্নের পথে হাঁটতে আমার পরিবার সব সময় পাশে ছিল। আমার দুই ভাইও বাংলাদেশ বর্ডার গার্ডে চাকরি করেন। এ জন্য পুরো পরিবারেরই সমর্থনটা প্রতিনিয়ত পাচ্ছি। এটিই আমার কাজের বড় শক্তি। আমিও মনে করি, প্রতিটি পরিবারের উচিত সন্তান যে কাজ করতে আগ্রহী, সে কাজে সমর্থন জানানো। তাতে লক্ষ্য পূরণ করা সহজ হয়।
(অনুলিখিত)