স্বপ্ন দেখি, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে
>

বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে উজ্জ্বল একটি নাম। এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) অনূর্ধ্ব-১৬ ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়ন বাংলাদেশের গর্বিত অধিনায়ক তিনি।
ছোটবেলায় আমি দেখতে নাকি শ্রীকৃষ্ণের মতো ছিলাম! তাই মা আমার নাম রেখেছিলেন কৃষ্ণা। বাবা স্বপ্ন দেখতেন, বড় হয়ে আমি যেন চিকিৎসক হই। কিন্তু এখন আর সেই স্বপ্ন দেখি না। এখন আমাকে ফুটবলেই বেশি সময় দিতে হয়। ফুটবল নিয়েই সারা দিন স্বপ্ন দেখি। অনুশীলন ক্যাম্প, ফুটবল ফেডারেশন ভবন, মাঠ, প্রস্তুতি ম্যাচ, আন্তর্জাতিক ম্যাচ—এসব নিয়েই সময় কেটে যাচ্ছে দিব্যি। বাবারও এখন কোনো আক্ষেপ নেই। বাবা চান, আমি যেন ফুটবল খেলেই দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি।
আমরা গত সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠেছি। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিল ওই ম্যাচগুলো। আমরা সেখানে টানা পাঁচ ম্যাচ জিতে পুরো ১৫ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে উঠি। টুর্নামেন্টে এশিয়ার সেরা আট দলের অন্যতম হয় বাংলাদেশ। ব্যাপারটা ভাবতেই ভীষণ ভালো লাগে। আরও বেশি ভালো লাগে যখন ভাবি এই দলের অধিনায়কও আমি। ভালো লাগে এই ভেবে যে ঢাকায় হওয়া বাছাইপর্বের সর্বোচ্চ আটটি গোল করেছি আমি। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী বছরের এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার। থাইল্যান্ডে হবে চূড়ান্ত পর্ব।
আমার বেড়ে ওঠা, খেলাধুলা, এই পর্যায়ে উঠে আসা মোটেও সহজ ছিল না। মেয়ে বলেই প্রতিটি পদক্ষেপে লড়াই করতে হয়েছে। বাবার মুখেই শুনেছি গল্পটা। ছোটবেলায় আমার জন্মের সময় নাকি মায়ের অনেক কষ্ট হয়েছিল। তিন দিন ধরে যমে-মানুষে টানাটানি চলে। আমি বাঁচব কি না তা নিয়েই সংশয়ে ছিলেন সবাই। মেয়ে বলে বাবা বাসুদেব সরকার কখনোই আমাকে অবহেলা করেননি। আমি বাবার অতি আদরের মেয়ে। বাবা বলেন, আমার জন্মের আগে তিনি নাকি মেয়েই চেয়েছিলেন সৃষ্টিকর্তার কাছে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামে আমাদের বাড়ি। অন্যদের মতো আমিও ছোটবেলায় ভীষণ খেলাপাগল ছিলাম। মেয়ে হলেও সারাক্ষণ ফুটবল খেলতাম চাচাতো ভাইদের সঙ্গে। ওরাও আমাকে খেলতে নিত। দিনের বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতাম বলে মা নমিতা রানী সরকার প্রায়ই বকুনি দিতেন। একবার তো আমার হাত থেকে বল কেড়ে নিয়ে বঁটি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলেছিলেন! সেদিন আমার কী যে কষ্ট হয়েছিল! সারা দিন কেঁদেছিলাম। তা দেখে চাচা আমার জন্য একটা বল কিনে নিয়ে এসেছিলেন। এখন মা আমাকে সারাক্ষণ বল হাতে নিয়ে ঘুরতে দেখলেও রাগ করেন না।

শুধু মা-ই নন, পাড়া-প্রতিবেশীদের কাছেও কম গালমন্দ শুনতে হয়নি। অনুশীলনে যাওয়ার সময় এলাকার বখাটে ছেলেরা, পড়শিদের অনেকে বলত, ‘মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, খেলাধুলা করে কী হবে?’ নানা বাজে মন্তব্যও শুনতে হতো। মা প্রায়ই আক্ষেপ করে বলতেন, ‘ফুটবলার হলে দেশ-বিদেশে খেলতে যেতে হবে। ওকে কি আর ভালো ঘরে বিয়ে দিতে পারব!’ মা এখন অনেক সচেতন। এসব কথায় আর কান দেন না। আমিও সেসবে পাত্তা দিইনি। তাহলে কি আজ এখানে আসতে পারতাম? এখন দিন বদলেছে। ওই প্রতিবেশীরাই এসে মায়ের কাছে বলেন, ‘কৃষ্ণা তো আমাদের গর্ব। ও আমাদের এলাকার মুখ উজ্জ্বল করেছে। দেশের মুখ উজ্জ্বল করেছে।’
আমার ফুটবলার হওয়ার পেছনে বড় অবদান চাচার। তিনি আমাকে সকালে ঘুম থেকে তুলে নিয়ে সাত কিলোমিটার দূরে অনুশীলনে নিয়ে যেতেন। বাবার কাছে টাকা থাকত না। আসা-যাওয়ার ভাড়াটা চাচাই দিতেন। এরপর উপজেলা পরিষদ থেকে সাইকেল দেওয়ার পর অনুশীলনে যেতে আর সমস্যা হয়নি।
আমার বাবার একসময় দরজির দোকান ছিল। কাজের চাপ থাকায় বাজার থেকে কিছু কাপড় বাড়িতে নিয়ে আসতেন। সেগুলো আবার দোকানে পৌঁছে দেওয়া এবং নতুন কাপড় আনার দায়িত্ব ছিল আমার। আমি দৌড়াতে দৌড়াতে যেতাম। আবার দৌড়াতে দৌড়াতেই ফিরে আসতাম। আমার মোটেও কষ্ট হতো না। বরং নিজের ফিটনেস ধরে রাখার জন্যই এভাবে দৌড়াতাম। বাবা টাকার অভাবে অনেক আগেই দোকানটা বন্ধ করে দিয়েছেন। এখন অন্যের জমিতে কৃষিকাজ করেন।
ফুটবল খেলায় আমার হাতেখড়ি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে। সেটা ২০১১ সালের ঘটনা। টাঙ্গাইলের সূতি ভিএম উচ্চবিদ্যালয়ের হয়ে খেলি আমি। সেখানে আমার কোচ ও স্যার গোলাম রায়হান অনেক সাহায্য করেছেন। আমাকে শিখিয়েছেন কীভাবে বলে লাথি দিতে হয়। তারপর আমি ২০১২ সালে শ্রীলঙ্কায় যাই এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে। সেবার বাংলাদেশ দল খারাপ খেললেও আমি ছিলাম উজ্জ্বল। ইরানের সঙ্গে ১-৫ গোলে হারের ম্যাচে একমাত্র গোলটি ছিল আমার। এরপর গত বছর নেপালে একই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া দলে খেলেছিলাম। কিন্তু এ বছরের মে মাসে তাজিকিস্তানে হওয়া ওই চ্যাম্পিয়নশিপে বয়সের কারণে সুযোগ পাইনি। এর আগে পাকিস্তানে ২০১৪ মহিলা সাফে জাতীয় দলের হয়ে খেলি। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছিলাম আফগানিস্তানের বিপক্ষে। ভারতে গত দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের সঙ্গে যখন কেউ গোল পাচ্ছিল না তখন দুটি দর্শনীয় গোল করি আমি। আমাদের বর্তমান কোচ গোলাম রব্বানী ছোটন আমার খেলা দেখে ভীষণ মুগ্ধ। তিনি আমাকে খুব¯স্নেহ করেন। ছোটন স্যারের আগে আমাদের কোচ ছিলেন জাপানের নরিও সুকিতাতে। তিনি অনুশীলনে আমার খেলা দেখে মুগ্ধ হয়েই নাকি আমাকে জাতীয় দলে নিয়েছিলেন।
আমি যেখানেই খেলি না কেন আমার খেলা দেখতে ছুটে আসেন বাবা। এবারও এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্ব দেখতে টাঙ্গাইল থেকে ঢাকায় এসেছিলেন তিনি। খেলা শেষে দেখি বাবার চেহারায় ক্লান্তির ছাপ। কিন্তু মুখটা ছিল হাসি হাসি। একগাল পান মুখে নিয়ে বাবা বললেন, ‘মাঠে বসে মেয়ের খেলা দেখলাম, এর চেয়ে আনন্দের আর কিছু নেই।’ আগের দিন গভীর রাতে রওনা দিয়েও বাবা সকালে সময়মতো পৌঁছাতে পারেননি স্টেডিয়ামে। ঢাকার যানজটে পড়ে খেলা শুরুর ৪০ মিনিট পর এসে ঢোকেন মাঠে। সারা রাত একটুও ঘুমাতে পারেননি। তবে সেই ক্লান্তি যেন কেটে গিয়েছিল আমার খেলা দেখে। বাবাকে খেলা দেখাব বলে টিকিট জোগাড় করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত নিজের পকেটের টাকা দিয়ে টিকিট কেটে মাঠে ঢোকেন বাবা। কারণ, সেদিন সকালে ছিল আমার খেলা। বাবা মাঠে পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে আমরা খেলতে নেমে গিয়েছিলাম। এ জন্যই টিকিট কিনেছিলেন বাবা।
ম্যাচ শেষে আমি ব্যস্ত ছিলাম সংবাদ সম্মেলনে। বাবার সঙ্গে তাই ভালোভাবে কথা বলতে পারিনি। পরে বাড়িতে গিয়ে বাবার সঙ্গে অনেক কথা বলেছি। খেলা নিয়ে মজার গল্প বলেছি।
আমি এখন আর বাড়িতে থাকি না। আমরা এখন বেশির ভাগ সময় থাকি ঢাকায়। এই মুহূর্তে বাফুফে ভবনের চারতলায় আমাদের আবাসিক ক্যাম্প চলছে। আমাদের সাফল্য দেখে এখন অনেক করপোরেট প্রতিষ্ঠান সাহায্য করতে এগিয়ে এসেছে। প্রথম আলো আমাদের দলের প্রত্যেক ফুটবলারকে মাসিক বৃত্তি দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমাদের এখন আর আগের মতো অত আর্থিক অনিশ্চয়তা নেই। আমাদের পড়াশোনার সব ব্যবস্থা করে দিয়েছে বাফুফে। এখন আমি নিশ্চিন্তে ফুটবল খেলি। নিজেকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি একজন বিশ্বমানের ফুটবলার হব। দেশের গণ্ডি ছাড়িয়ে আমাদের নাম ছড়িয়ে পড়বে বিদেশে। আমাদের বড় আপু সাবিনা খাতুন কিছুদিন আগে মালদ্বীপে ফুটবল লিগে খেলে এসেছেন। আমিও ভবিষ্যতে সাবিনা আপুর মতো দেশের বাইরে গিয়ে খেলতে চাই।
আমি স্বপ্ন দেখি, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। আগামী বছর অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে যদি সেরা তিনটি দলের মধ্যে থাকতে পারি তাহলে বয়সভিত্তিক বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যাব। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বিশ্বের দরবারে উড়বে বাংলাদেশের লাল-সবুজের পতাকা। মেয়েদের বিশ্বকাপ জিতে আমরাও ফিরব দেশে। সারা দেশের কোটি মানুষ তাকিয়ে বলবে, ‘দেখেছ, কৃষ্ণারা পেরেছে।’
আমি সেই দিনের অপেক্ষায় আছি।
(অনুলিখিত)
ক্রোড়পত্র সম্পাদক: আনিসুল হক * সমন্বয়ক: মাহফুজ রহমান