স্বপ্নের মধ্যে প্রতিবন্ধী বিদ্যালয়ের ঘণ্টার শব্দ বেজে ওঠে
>

সিরাজগঞ্জের নাটুয়ারপাড়া চরের প্রতিবন্ধী মানুষের স্বপ্ন সত্যি করার জন্য লড়াই করছেন প্রায় পাঁচ বছর ধরে। প্রতিবন্ধীদের অধিকার আদায় ও সচেতনতার জন্য এলাকার সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন তিনি।
তখন আমি নবম শ্রেণির শিক্ষার্থী। এক বিকেলে খেলা শেষে ঘরে ফিরেছি। দেখি, ছোট ভাই খোকন আমার পাঠ্যবইয়ের পাতা উল্টে ভেতরের ছবিগুলো দেখছে। সেদিনই প্রথম বিষয়টা অনুধাবন করি। খোকন লেখাপড়া করতে চায়। শিক্ষাবিহীন বেড়ে ওঠা খোকন শারীরিক প্রতিবন্ধী। আমার ছোট বোন নিলুফা ইয়াসমিন বুদ্ধিপ্রতিবন্ধী। বুঝে বা না–বুঝে আমার বিদ্যালয়ে যাওয়ার পথে তাকিয়ে থাকে নিলুফা। তখন থেকেই মনের মধ্যে একটা আগ্রহ জাগে। কিন্তু লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকায় আগ্রহটা মনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
২০০৮ সালে এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা শেষে যখন সময় পেতাম, অসুস্থ মায়ের সেবাযত্ন করতাম। ওই বছরের শেষে আমার মা মারা যান। মায়ের মৃত্যুর পর প্রতিবন্ধী ভাই খোকন ও বোন নিলুফার দায়িত্ব চাপে আমার কাঁধে। আমার বড় ভাইয়ের ছিল পৃথক সংসার। ফলে পরিবারে মায়ের শূন্যতা বিরাজ করত। বিশেষ করে প্রতিবন্ধী ভাই-বোন মাকে হারানোর অভাব বোধ করত। আমি তাদের সঙ্গ দিতে শুরু করি। একসঙ্গে খেলতাম, আনন্দ করতাম। খোকন ও নিলুফা আমার সঙ্গ পেয়ে খুশি থাকত সারাক্ষণ। ওদের সঙ্গে সময় কাটাতে গিয়ে বুঝতে পারি প্রতিবন্ধীরা কতটা অসহায়। এবার মনের মধ্যে আটকে রাখা স্বপ্নটার মুক্তি দিতে চাই।
সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের খাসসুরিবেড় চরে আমার বাড়ি। চরাঞ্চলের মানুষ স্বাভাবিকভাবেই বেশ অবহেলিত। তা ছাড়া পরিবেশগত কারণে চরাঞ্চলে প্রতিবন্ধীর সংখ্যা বেশি এবং বারবার নদীভাঙনের কারণে চরাঞ্চলের মানুষের আর্থিক সংগতি কম থাকে। নিজের প্রতিবন্ধী ভাই-বোনের জন্য কিছু করতে গিয়ে চরের অসচ্ছল পরিবারের প্রতিবন্ধীদের জন্য কাজ করার আগ্রহ জাগে। প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য কাজ করার পরিকল্পনা করি আমি।
২০১০ সালে আমি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করি। তখন আমি এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমার পরিবারে দারিদ্র্য ছিল। আর্থিকভাবে প্রতিবন্ধীদের জন্য আমার কিছু করার সুযোগও ছিল না। গ্রামের প্রতিবন্ধীদের একটা তালিকা তৈরি করি প্রাথমিকভাবে। এরপর তালিকা অনুসারে নিয়মিতভাবে যেতে শুরু করি ওই প্রতিবন্ধীদের বাড়িতে। তাদের খোঁজখবর নিই, সঙ্গ দিই, গল্প করি, খেলাধুলা করি। প্রতিবন্ধীদের একত্র করার চেষ্টা করি। কয়েকজন একত্র হলে আনন্দ পেত প্রতিবন্ধীরা। আমারও ভালো লাগত। আমাকে পেয়ে প্রতিবন্ধীরাও খুশি হতো। এতে আমার ভেতরেও উত্সাহ বাড়তে থাকে।

প্রতিবন্ধীদের ঘিরে আমার একটা জগৎ গড়ে ওঠে। এর বাইরে আমার কিছু করার সময় থাকে না। একদিন না গেলে প্রতিবন্ধীরা অভিমান করে। আমি এইচএসসি পরীক্ষা শেষ করি। তখন আমার ব্যস্ততা কম ছিল। প্রতিবন্ধীদের দেখতে গেলে তাদের অভিভাবকেরা অনেক সমস্যার কথা বলত। এসব সমস্যা সমাধান করার চিন্তা করি। বড় ভাইদের সহযোগিতা নিই। তারা বিভিন্ন পরামর্শ দেন। একপর্যায়ে প্রতিবন্ধীদের সমস্যা নিয়ে উপজেলা পরিষদে যাই। গ্রামের প্রতিবন্ধীদের সমস্যার কথা তুলে ধরি। সরকারি সহযোগিতার আশ্বাস মেলে। নিজের ও বড় ভাইদের পরিচিত বিত্তশালীদের কাছে সহযোগিতা কামনা করি। একটা সময় সহযোগিতা করতে শুরু করেন অনেকে। গ্রামের প্রতিবন্ধীদের সমস্যাগুলোর সমাধান হতে থাকে। পরিশ্রমের যখন প্রাপ্তি মেলে, তখন আরও বেশি ভালো লাগে। সেই ভালো লাগা থেকে নিজের ইউনিয়ন নাটুয়ারপাড়া চরের প্রতিবন্ধীদের একটা তালিকা তৈরি করি। তালিকার সঙ্গে আমার কর্মপরিধিও বৃদ্ধি পায়। আমার এ কাজে অন্যরাও আন্তরিকভাবে সহযোগিতা শুরু করেন।
২০১২ সালে আমি যমুনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করি। স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবক ও তরুণদের সমন্বয়ে গঠিত সংগঠনটি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছে। বর্তমানে কাজীপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া, চরগিরিশ, খাসরাজবাড়ী, তেকানি, নিশ্চিন্তপুর, মনসুরনগর এবং যুমনার পশ্চিম তীরের কাজীপুর সদর, শুভগাছা, গান্ধাইল, মাইজবাড়ী, চালিতাডাঙ্গা ও সোনামুখী ইউনিয়নে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। কাজীপুর উপজেলায় প্রায় ৫ হাজার ২০০ জন প্রতিবন্ধী আছে। এর মধ্যে শুধু চরাঞ্চলে আছে ২ হাজার ১০০ জন প্রতিবন্ধী।
আমার কর্মকাণ্ডে একপর্যায়ে অনেকেই আমাকে ‘পাগল’ বলে সম্বোধন করেছেন। অনেক উপহাস করেছেন। আবার বিভিন্ন অফিসে প্রতিবন্ধীদের কাজ নিয়ে গিয়েও বিব্রত হতে হয়েছে। অন্যের কাজ নিয়ে আমি কেন এসেছি? আমার কী লাভ? বিভিন্ন কথা শুনতে হয়েছে। এত কিছুর মধ্যেও নিজের স্বপ্নপূরণের সিদ্ধান্তে অটল ছিলাম। তবে স্থানীয় সমাজসেবক আমিনুল ইসলাম আমাকে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন। অনুপ্রেরণা জুগিয়েছেন আমার কাজে। এ ছাড়া সিরাজগঞ্জের জেলা প্রশাসক, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা, কাজীপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সমাজের বিত্তবান অসংখ্য মানুষ সহযোগিতা করেছেন। বিশেষ করে কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার ডাকে সাড়া দিয়েছেন। ইতিমধ্যে সরকারি ও বেসরকারি সহযোগিতায় চার শতাধিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে বেশ কিছু প্রতিবন্ধীকে কাপড় সেলাই করার প্রশিক্ষণ দিয়েছি আমরা। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। এ ছাড়া ১২টি ট্রাইসাইকেল বিতরণ, ঈদে উপহারসামগ্রী, শীতে কম্বল বিতরণ করা হয়েছে প্রতিবন্ধীদের মধ্যে।
নিজেকে আমি প্রতিবন্ধীদের মধ্যে বিলিয়ে দিয়েছি। প্রতিবন্ধীদের জন্যই সারাক্ষণ ভাবি। প্রতিবন্ধীদের কল্যাণ যেন আমার কল্যাণ। এ জন্য প্রত্যেক প্রতিবন্ধীর স্বপ্নপূরণের চেষ্টা চালাই। আমি স্বপ্ন দেখি, আমার মতো হাজারো তরুণ একদিন প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করবে। প্রতিবন্ধীদের পাশে দাঁড়াবে। প্রতিবন্ধীদের ইচ্ছাশক্তি প্রবল। তাদের মধ্য থেকে আমি বিষয়টি বুঝতে শিখেছি। কাজেই প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, তারা দেশের সম্পদ।
প্রতিবন্ধীদের পাশে একটু থাকতে পারলে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা যায়। তাহলেই প্রতিবন্ধীরা দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবে। প্রতিবন্ধীদের জন্য লেখাপড়া সুযোগ সৃষ্টি করতে হবে। এটা প্রতিবন্ধীদের শিশুদের জন্য আরও বেশি প্রয়োজন। প্রাথমিক শিক্ষা অর্জন করলে কারিগরি শিক্ষা লাভ করা অনেকটা সহজ হয়ে যায়। তাই এখন আমি প্রতিবন্ধীদের বিদ্যালয় প্রতিষ্ঠা, তাদের কর্মসংস্থান সৃষ্টি ও একটা প্রতিবন্ধী বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারলে নিজেকে সার্থক মনে হবে। আমার স্বপ্নের মধ্যেও প্রতিবন্ধী বিদ্যালয়ের ঘণ্টার শব্দ বেজে ওঠে।
(অনুলিখিত)