স্বাধীন লেখালেখি

আমাকে বলা হয়েছে আমার অভিজ্ঞতা নিয়ে দু-চারটে কথা লিখতে, যেন আমি বাংলাদেশের তরুণদের কিছুটা অনুপ্রেরণা জোগাতে পারি। কিন্তু আমার ব্যক্তিগত ইতিহাসটা এতখানিই স্বতন্ত্র ধরনের যে তা শুনে কারও খুব একটা কাজে আসবে বলে আমার মনে হয় না। একটা কারণ তো আছেই যে যদিও আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমি বেড়ে উঠেছি মূলত পশ্চিমে। তারপরও যেহেতু আমি অন্যের সাহায্যে আসতে ইচ্ছুক–ধরনের এক মানুষ, তাই চেষ্টা করে দেখা যাক।
আমার পক্ষে সব মহলে সমাদৃত একটা উপন্যাস লেখা সম্ভব হয়েছে নিচের কয়েকটা পারিপার্শ্বিক অবস্থা বিদ্যমান ছিল বলেই। যেমন বিনা মূল্যের সরকারি সমন্বিত স্বাস্থ্যসেবা; ভালো মানের শিক্ষা, বাসস্থান, পানি ও পয়োনিষ্কাশন–সুবিধা; ভালো ভালো গ্রন্থাগার; পর্যাপ্ত খাবার; রাস্তার বিজলিবাতি ও সরকারি পরিবহনব্যবস্থা। আপনি হয়তো বলবেন, পশ্চিমের অন্যরাও তো এসব সুযোগ-সুবিধা পায়, কিন্তু তাদের সবাই তো আর ভালো করে না। সে ক্ষেত্রে মনে হচ্ছে, আমাকে আরও দু-একটা জিনিস এখানে যোগ করতে হবে, যেগুলো আমার অর্জন করা না কিংবা যেগুলো আমি পছন্দ করে নিইনি। যেমন আমার একটা মাঝারি মানের ভালো মাথা আর সেই সঙ্গে চির–অতৃপ্ত এক কৌতূহলপ্রবণতা এবং নাছোড়বান্দা এক স্বভাব, যে কারণে আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁরাও আমার ওপর বিরক্ত হয়ে ওঠেন। তবে আমার যে কিছু মেধা আছে, তা অস্বীকার করা প্রকারান্তরে সেসব মানুষকে নিন্দা জানানো হবে, যাদের কিনা তেমন কোনো সহজাত মেধা নেই। আমার কাছে উদ্ভট লাগে যে আমরা অনেকেই স্রেফ মেধাবী লোকের শাসনকে ন্যায়বিচার নিশ্চিত হওয়ার জন্য যথেষ্ট বলে ভেবে থাকি। বাস্তবে এর সোজা অর্থ, যেসব মানুষ স্বল্প প্রতিভা নিয়ে জন্ম নিতে ব্যর্থ হয়েছে তাদের নীরব এক মরিয়া জীবনযাপনের দিকে ঠেলে দেওয়া।
অবশ্যই জীবনে কঠোর পরিশ্রম একটা ব্যাপার। পরিশ্রম করার গুণাগুণ নিয়ে সম্ভবত আমার উচ্চ প্রশংসা করাই সংগত। কিন্তু কোটি কোটি বাংলাদেশি তো কঠোর পরিশ্রমই করে, এতটাই কঠোর, যা কিনা আমি কোনোকালে হয়তো জানতেও পারব না। তারা খেটে মরে স্রেফ জীবনযাত্রার ব্যয়টা মেটাতে, প্রাণনির্বাহ করতে, টিকে থাকতে। আমি অন্তত এর চেয়ে অশ্লীল আর কিছুর কল্পনা করতে পারি না, যেখানে দেখা যাবে আমি বলছি যে কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।
এখানে আরও একটা পারিপার্শ্বিক অবস্থার কথা বলতে হয়। গুরুত্বপূর্ণ এক অবস্থা, যা বিদ্যমান ছিল বলেই আমার উপন্যাস তার পাঠক খুঁজে পেয়েছে আর আমি কিছুটা সমৃদ্ধি অর্জন করতে পেরেছি। জিনিসটা ব্যাখ্যা করার জন্য একটু পেছনের দিকে যাওয়া যাক।
২০১৪ সালের এপ্রিলে ইন দ্য লাইট অব হোয়াট উই নো প্রকাশ হওয়ার পর থেকেই আমি অনেক পাঠকের মতামত পেয়ে আসছি। ওসব পড়ে এটুকু বুঝেছি যে তাদের অনেকেরই এ উপন্যাসের রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো ভালো লেগেছে। এই উপন্যাসে এর চরিত্রগুলোর মধ্য দিয়ে ক্ষমতার এবং অভিজাত শ্রেণির একটা সমালোচনামূলক বিশ্লেষণ করা হয়েছে। মতামত পাঠানো ওই পাঠকদের কেউ কেউ উপন্যাসটিতে বাস্তব পৃথিবীর কিছু মানুষকে আন্দাজ করতে পেরে জানতে চেয়েছেন যে বাস্তবের ওই চরিত্রগুলোর আদলেই আমি আমার কয়েকটা চরিত্র নির্মাণ করেছি কি না। এ বইতে হামিদ কারজাই, পারভেজ মোশাররফ এবং আরও কারও কারও সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে, আবার একই সঙ্গে এখানে কিছু কাল্পনিক চরিত্রও আছে, যারা বাস্তব পৃথিবীর মানুষদের দিয়ে অনুপ্রাণিত, যেমন ব্রিটিশ এস্টাবলিশমেন্টের কেউ কেউ। উপন্যাসটা প্রকাশিত হওয়ার পরপরই একজন পাঠক আমার কাছে জানতে চাইলেন যে এর এক কম গুরুত্বপূর্ণ ও কিছুটা অপ্রীতিকর চরিত্র—যার আগমন কেবল একটি দৃশ্যেই—বাস্তবের একজন সফল জ্যেষ্ঠ আইনজীবীর আদলে গড়া কি না। সেই আইনজীবীকে ওই পাঠক চেনেন এবং তিনি ধারণা করলেন যে আমিও সম্ভবত তাঁকে চিনি। তিনি আমাকে বলেছিলেন, আমার লেখায় স্রেফ ওই লোকের দৈহিক বিবরণ পড়েই যে তাঁর অমন অনুমান হয়েছিল, তা নয় (যেমন তাঁর অপেক্ষাকৃত মোটা মোটা হাত), বরং তিনি তাঁকে চিনতে পেরেছেন উপন্যাসে দুপুরে খাবারের সময় মানুষটার ছুরি-কাটা ব্যবহারের অভিজাত ভঙ্গিমার বিবরণ পড়ে। সেই পাঠক আমাকে জিজ্ঞাসা করলেন, ওই আইনজীবী যে গুণী এক পিয়ানোবাদক, তা আমি জানি কি না, খাবারের টেবিলে তাঁর আঙুলের ও রকম তুখোড় ব্যবহারের সেটা একটা ভালো ব্যাখ্যা হতে পারে। না, আমি তা জানতাম না। আমি স্রেফ খেয়াল করতাম যে কী রকম অপ্রত্যাশিত সুন্দর ভঙ্গিমায় তিনি তাঁর খাবার খান।
এবার ভেবে দেখা যাক, বাংলাদেশের কিছু সত্যিকারের মানুষকে টেনে আনা কোনো উপন্যাস, এমন এক উপন্যাস, যেখানে ঢাকার অভিজাত লোকজন ও তাদের ক্ষমতাকে সমালোচনার চোখে দেখা হয়েছে, তেমন একটা উপন্যাস বাংলাদেশে কতটা ভালো করত? সেটা কল্পনা করে নেওয়া কোনো কঠিন কাজ নয়। মতপ্রকাশের স্বাধীনতা বাংলাদেশে আক্রমণের মুখে এবং তা সব দিক থেকেই। সেখানে এখন মনীষাভরা কোনো গবেষণায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দৃঢ়তার সঙ্গে তুলে ধরার জন্য আদালত সাংবাদিকদের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দণ্ডিত করেন; করপোরেট বিজ্ঞাপনদাতাদের সাবধান করে দেওয়া হয় প্রধান সংবাদপত্রগুলোয় বিজ্ঞাপন দেওয়া থেকে দূরে থাকতে; ব্লগারদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয় শাস্তির কোনো ভয় ছাড়াই; আর পত্রিকার সম্পাদকেরা গভীর রাতে সেখানে হুমকিতে ভরা ফোন কল পান। এই আগের বাক্যগুলো পৃথিবীর অন্য কোনো প্রান্তে বসে লেখা ছাড়া কারও পক্ষে কি বাংলাদেশে বসে সম্ভব? এর চেয়ে ভালো কিছু বাংলাদেশিদের প্রাপ্য। স্বাধীনভাবে লেখালেখি করা আর সেই লেখা প্রকাশ করতে পারা, এবং স্বাধীনভাবে বাস করতে পারা তাঁদের অধিকার।

এ কথার মানে আবার এই নয় যে পৃথিবীর অন্যত্র যেন মতপ্রকাশের স্বাধীনতা তেজের সঙ্গে বেড়ে চলেছে। সহজেই আমরা এখানে বলতে পারি রাশিয়া, সৌদি আরব ও চীনের মতো দেশগুলোর কথা, যেসব দেশে মতপ্রকাশের স্বাধীনতা কোনো দিনও কোনো নিষ্ঠুর আকাশকুসুম কল্পনার থেকে বেশি কিছু ছিল না; কিংবা বলতে পারি পশ্চিমের ডাকসাইটে মিডিয়া করপোরেশনগুলো কী কী প্রকারে পৃথিবী সম্বন্ধে তাদের ধান্দার জন্য জরুরি একধরনের ভাষ্যকেই তুলে ধরে থাকে। কিংবা বলতে পারি শার্লি এবদোর মতো প্রতিষ্ঠানগুলোর ওপরে ইসলামি জঙ্গিদের আক্রমণের কথাও। থাক, অত কথা আমার না বললেও চলবে। আমার প্রধান প্রকাশকেরা—ফারার, স্ট্রস অ্যান্ড জিরো—আমেরিকান, আর আমার উপন্যাসটা লেখা হয়েছে মূলত নিউইয়র্ক রাজ্যের উত্তরে বসেই। এর প্রথম প্রকাশও আমেরিকাতে; ব্রিটেনে এর প্রকাশ তার এক মাস পরের কথা, যার ফলে ব্রিটিশ প্রকাশনার আগেভাগেই বইটার ভাগ্যে জুটে যায় কিছুটা আগাম চলৎশক্তি অর্জন করে নেওয়ার এক সুযোগ। ঘটনাচক্রে, আমেরিকার প্রধান সাহিত্য সমালোচকেরা এ বইয়ের অনেক প্রশংসা করে তাঁদের আলোচনা লেখেন, আর সেটাই সম্ভবত ব্রিটেনের বিশেষ বিশেষ মহল থেকে বইটার ব্যাপারে আমরা যেমন আশঙ্কা করছিলাম, তেমন কোনো নেতিবাচক প্রতিক্রিয়ার সংঘটনকে থামিয়ে দেয়। লেখক-শিল্পীরা চীনের মতো নানা দেশে অন্যায্য রাজনৈতিক ও সামাজিক চাপ থেকে নিরাপদে নেই। কিন্তু পশ্চিমে সেন্সরশিপ কী রকম ভদ্রজনোচিতভাবে কাজ করে, সেটা যে কেউ দেখতে অস্বীকার করে যান, তা আমি বলব স্রেফ তাঁদের বালসুলভ চিন্তা কিংবা ঔদ্ধত্য।
তো, আমি কীভাবে জীবনে এতদূর পৌঁছাতে পেরেছি, তার বিবরণের সঙ্গে এসব কথার যোগ কোথায়? হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই উপন্যাসটা কীভাবে সফল হলো, তখন আমাকে বলতেই হবে এটার বিষয়বস্তু যে বাংলাদেশের ক্ষমতাশালী রাজনৈতিক বা সামরিক শ্রেণি নয় এবং এটার প্রথম প্রকাশ যে বাংলাদেশে হয়নি, এতে আমার উপকার হয়েছে। আমি ভেবে ব্যথিত হই বাংলাদেশে বিরাট প্রতিভাবান অনেক লেখক আছেন, তাঁদের অনেক আকাঙ্ক্ষা সুন্দর সব গল্প-উপন্যাস প্রকাশ করার, কিন্তু তাঁরা তা করতে পারছেন না ভয়ে—স্রেফ বইয়ের বিক্রি, পুরস্কার বা সমালোচকদের সুনজর পাওয়ার চেয়ে অনেক কিছু, অনেক বেশি কিছু হারিয়ে ফেলার ভয়ে। আমার উপন্যাসের প্রথম ঘরের বাইরে পা রাখাটা ঘটেছে এমন এক সমাজে, যেখানে অপেক্ষাকৃত বেশি এক মুক্তমনা পরিবেশ বিদ্যমান। যেটুকু সাফল্যই আমার এসেছে না কেন, তার কিছুটার জন্য হলেও আমি এই সরল সত্যটুকুর কাছে ঋণী।
এসবের পরেও এই ঐতিহাসিক সত্য আমার মনে ঠিকই বল এনে দেয় যে অনেক অপরূপ সব সুন্দর লেখা যেভাবেই হোক নিজেদের শিকড় গেড়ে নিতে পেরেছে এবং প্রস্ফুটিত হয়েছে, ঠিক সেসব গাছের মতো যারা শিলা-পাথর ভেঙে বেরিয়ে এসে ওপর দিকে ডালপালা মেলে ধরে। আবার রাশিয়া, চীন, দক্ষিণ আমেরিকা, ইরান ও আফ্রিকায় নিপীড়নমূলক শাসনব্যবস্থায় লেখকেরা তাঁদের স্বাধীনভাবে কথা বলার অধিকারের জন্য লড়েছেন; যেখানে তাঁরা জিততে পারেননি, সেখানে তবু ওই লড়াইকে তাঁরা আলিঙ্গন করে গেছেন। আর তা প্রায়ই ভয়ংকর সব পরিণতির মুখোমুখি দাঁড়িয়েই। এ কথা খাটে পশ্চিমের কিছু নারীর বেলাতেও, আর আমেরিকার কিছু কৃষ্ণাঙ্গ লেখক ও ইউরোপের কিছু উত্তর-ঔপনিবেশিক লেখকের ক্ষেত্রেও। চূড়ান্ত বিশ্লেষণে আমাকে এটা বিশ্বাস করতেই হয়—তাঁদের সফলতা দিয়েছে এই সত্যটুকু যে তাঁরা চেষ্টা করে যাওয়ার মতো যথেষ্ট সাহসী মানুষ।
ইংরেজি থেকে অনুবাদ: মাসরুর আরেফিন
লেখক পরিচিতি
জিয়া হায়দার রহমানের জন্ম সিলেটে, যুক্তরাজ্যে বেড়ে উঠেছেন। প্রথম বই ইন দ্য লাইট অব হোয়াট উই নো বিশ্বব্যাপী সমাদৃত। চলতি বছর পেয়েছেন যুক্তরাজ্যের সবচেয়ে পুরোনো সাহিত্য পুরস্কার জেমস টেইট ব্ল্যাক মেমোরিয়াল প্রাইজ।
সেসব কীর্তিগাথা শোনাচ্ছেন দেশের মুখ উজ্জ্বল করা কয়েকজন প্রবাসী: