
বারবারা ট্রিনফি ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নির্বাহী পরিচালক। বিশ্বব্যাপী সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা বিষয়ে কাজ করে থাকে আইপিআই। সাক্ষাৎকার নিয়েছেন আয়েশা কবির
প্রথম আলো: গণমাধ্যমের বর্তমান সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে কিছু বলবেন? বৈশ্বিক পরিসরে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, সেগুলোসহ।
বারবারা ট্রিনফি: পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই। প্রতিটি দেশ, গণমাধ্যম ও সাংবাদিক ভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেন। কিন্তু আমরা এর মধ্যে একটি প্রবণতা চিহ্নিত করতে পারি। বড় একটি উদ্বেগ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আইপিআই গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করে। কারণ, আমরা মনে করি, স্বাধীন সাংবাদিকতার জন্য গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে মূল কথা।
আমাদের অন্যতম মৌলিক কাজ হচ্ছে সংবাদপত্র, গণমাধ্যম ও সাংবাদিকতা, যাতে সমাজে মানুষের শ্রদ্ধা অর্জন করে, সেটা নিশ্চিত করা। সমাজে তার যে ভূমিকা রয়েছে, সে যেন তা পালন করে। এটাই আজকের দিনের বড় চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জিং কাজটা করার জন্য সমাজে সাংবাদিকদের যে বিশ্বাসযোগ্যতা থাকা দরকার, সেটা তাঁদের নেই। এর কারণ হচ্ছে, সাংবাদিক বা পেশা হিসেবে সাংবাদিকতার সমাজে যে সমর্থন থাকা দরকার, সেটা নেই। সমাজের এই সমর্থন না থাকার কারণ বহুবিধ হতে পারে। কখনো কখনো অভিযোগ ওঠে, সাংবাদিকেরা ক্ষমতার একটু বেশি কাছাকাছি থাকেন। আবার কখনো কখনো সাংবাদিকেরা নৈতিকতা মেনে চলছেন না বলেও অভিযোগ ওঠে। কিন্তু যা হওয়ার, তা-ই হয়। সংবাদপত্রের কণ্ঠ রোধ করার জন্য সরকার একটা অস্ত্র পেয়ে যায়।
সমাজের কেউ যদি গণমাধ্যম ও সাংবাদিকের অধিকার রক্ষার ব্যাপারে সচেতন না হয়, তাহলে অপরাধী চক্র ও সরকার সহজেই সাংবাদিকদের চুপ করিয়ে দিতে পারে। এটা এক বড় চ্যালেঞ্জ।
গণমাধ্যমের স্বাধীনতা হরণের ব্যাপারে কথা বলা ক্রমশ কঠিন হয়ে উঠছে। একসময় আইন দিয়ে এটা করা হতো। এখন সেসব আইনের অনেকগুলোই উঠে গেছে। কিন্তু তা সত্ত্বেও সাংবাদিকেরা আজও একই ধরনের চাপের মুখে আছেন। কারণ, অন্যান্য আইন দিয়ে সাংবাদিকদের হাত-পা বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে।
আজারবাইজান, তুরস্ক ও জাম্বিয়ায় সন্ত্রাসবিরোধী আইন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। সাইবার অপরাধ আইন নিয়েও আমরা উদ্বিগ্ন। কারণ, এটা নতুন ধরনের অপরাধ। আমরা যখন বিভিন্ন সরকারের সঙ্গে কথা বলি, তখন আমাদের বলা হয়, এটা সাংবাদিকদের জন্য নয়। যারা অনলাইনে অপরাধ করে, তাদের জন্য এ আইন করা হয়েছে। কিন্তু দেখা গেল, এই আইন ব্যবহার করে সমালোচনামূলক সাংবাদিকতার রাশ টেনে ধরা হলো। বিচার বিভাগও সব জায়গায় স্বাধীন নয়।
তবে এসবের ওপর রয়েছে অর্থনৈতিক চাপ। কখনো কখনো বিজ্ঞাপনদাতারা সরকারের পথে হাঁটতে চায়। ফলে গণমাধ্যমের ওপর অনেক চাপ পড়ে। কারণ, আপনার তো আয়ের অন্য পথ নেই।
এখন আমাদের মতো সংগঠন সচেতনতা বাড়াতে কাজ করতে পারে। আমরা সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে কাজ করে এটা নিশ্চিত করতে পারি যে এ সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। এ সমস্যা মোকাবিলার একটি তরিকা হচ্ছে গণমাধ্যমের সংহতি বাড়ানো। প্রথমত, এটা নিশ্চিত করতে হবে যে গণমাধ্যমগুলো যেন একে অপরের সঙ্গে লড়াই না করে। এতে যারা গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায়, তারা সুযোগ পেয়ে যাবে। সাংবাদিকেরা আক্রান্ত হলেই এই নেটওয়ার্ক সমর্থন নিয়ে পাশে দাঁড়াবে। ধরুন, এমন কোনো দেশে সাংবাদিকেরা যদি আক্রান্ত হন, যেখানে পুলিশের ওপর আস্থা রাখা যায় না, সেখানে সাংবাদিকেরা সহকর্মীদের দ্বারস্থ হবেন। এতে সাংবাদিকেরা সাহস পাবেন।
প্রথম আলো: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের গণমাধ্যম নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এ ব্যাপারটা কীভাবে দেখছেন?
বারবারা ট্রিনফি: বাংলাদেশ সম্পর্কে বিশেষভাবে বলতে পারি। কারণ, প্রায় ১০ বছর ধরে আমি দুই বছর অন্তর ঢাকায় আসছি। এখানে সবচেয়ে ইতিবাচক ব্যাপার হচ্ছে, এখানে গণমাধ্যম একটি শিল্প হিসেবে গড়ে উঠছে। তথ্যের উৎস বাড়ছে। এটা ভালো।
তবে আপনি যদি একটু গভীরে যান, তাহলে দেখবেন, এ দেশের সমাজটা গভীরভাবে বিভক্ত হয়ে গেছে। ফলে এখানে এমন ধরনের সাংবাদিকতা হচ্ছে, যেটা ঠিক রাজনৈতিক শক্তির কবল থেকে স্বাধীন নয়। তাই এখানে সব সময়ই কথা হয়, গণমাধ্যম হয় সরকারপন্থী, না হয় সরকারবিরোধী। এটা আমাদের এই পেশার জন্য মারাত্মক ব্যাপার। কারণ, গণমাধ্যমকে স্বাধীন হতে হবে, তার পক্ষে সরকারপন্থী বা সরকারবিরোধী হওয়া সাজে না।
তারপর সরকারের চাপ তো আছেই। আবার অর্থনৈতিক চাপও আছে। আমি শুনলাম, এখানকার সম্প্রচারমাধ্যমের মালিকদের মূল লক্ষ্য হচ্ছে নিজেদের ব্যবসা-বাণিজ্য বাড়ানো, ভালো সাংবাদিকতা করা নয়। তাঁরা এটাকে নিজেদের অন্য ব্যবসার মতো একটি ব্যবসা হিসেবেই দেখে থাকেন। তাই এখানে সম্পাদকীয় স্বাধীনতার অতটা মূল্যায়ন নেই। কথা হচ্ছে, সাংবাদিকদের যেমন সরকারের চাপ থেকে মুক্ত হতে হবে, তেমনি অর্থদাতাদের চাপ থেকেও মুক্ত থাকতে হবে।
এক টেলিভিশনের একজন মালিক আমাকে বলেছিলেন, বাংলাদেশে ভালো ব্যবস্থাপক নেই। আমি আশা করি, এখানে একদল পেশাদার গড়ে উঠবে। তাদের বুঝতে হবে, ভালো ব্যবস্থাপনার একটি অংশ হচ্ছে মালিকদের কাছ থেকে সম্পাদকীয় স্বাধীনতা আদায় করার জন্য লড়াই করা। হ্যাঁ, বিনোদন অনুষ্ঠানে মালিকদের কিছু প্রভাব সহ্য করা যেতে পারে, কিন্তু সংবাদে হাত দেওয়া যাবে না। এখন থেকে পাঁচ বছরের মধ্যে সম্প্রচারমাধ্যমের ব্যবস্থাপকেরা কি এমন জায়গায় যেতে পারবেন, যেখানে তাঁরা নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করতে পারেন? এটাই আমার আশা।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার একটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতি সরকারের পতন ঘটাতে পারে। এটা একটা ব্যবস্থাকেই ধসিয়ে দিতে পারে। গণমাধ্যম স্বাধীন না হলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়।
বাংলাদেশে বর্তমানে শক্তিশালী সরকার রয়েছে। এর একটা বড় সুবিধা হলো, সরকারের ভয় পাওয়ার কারণ নেই। তাই তার উচিত, নিজের কাজের সমালোচনা করতে দেওয়া। এতে তারই লাভ। আইপিআই মনে করে, এটা বাংলাদেশের অবস্থা পরিবর্তনের সবচেয়ে ভালো সময়। এই সরকার এটা করতে পারে। কিন্তু এর জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার।
প্রথম আলো: তাহলে তো সমালোচনা ও অনুসন্ধান করার সুযোগ দিতে হলে সরকারকে উচ্চ নৈতিক অবস্থান থেকে কথা বলতে হবে।
বারবারা ট্রিনফি: অবশ্যই, সরকার, প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে বলতে হবে, আমরা চাই গণমাধ্যম আমাদের সমালোচনা করুক। সরকারের কাজ খতিয়ে দেখুক। তাদের ভয় পাওয়ার কারণ নেই। তারা যখন বলবে, আমরা গণমাধ্যমের এই অনুসন্ধান চাই, যেটা সমাজে জরুরি, তখনই অন্য সব প্রতিষ্ঠানসহ স্থানীয় সরকারকে তা মেনে নিতে হবে। এটা সব সময়ই এক বড় চাপ। বাংলাদেশ এই মুহূর্তেই এটা করতে পারে।
সাইবার অপরাধ আইনের বিষয়ে যখন তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তখন তাঁকে বলেছিলাম, বাংলাদেশ এমন এক আইন করতে পারে, যা এই অঞ্চলের জন্য আদর্শ হতে পারে। এতে সত্যিই বোঝা যাবে, বাংলাদেশ এ ক্ষেত্রে প্রতিবেশীদের তুলনায় এগিয়ে আছে। এটা করার জন্য রাজনৈতিক শক্তি আপনাদের আছে। এখন দরকার শুধু রাজনৈতিক সদিচ্ছার।
সরকারের সঙ্গে আমরা বৈরী সম্পর্কে যেতে চাচ্ছি না। এটা আইপিআইয়ের কাজ নয়। এটা সাংবাদিকদের কাজ, সমালোচনা ও অনুসন্ধান করা। এ মুহূর্তে আমাদের কাজ হচ্ছে সরকারকে এটা দেখানো যে তারা সরকারকে আধুনিক গণতান্ত্রিক সরকারে রূপান্তরিত করতে পারে।
আমরা ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছি। একই সঙ্গে আমরা সাংবাদিকদের উৎসাহিত করছি। প্রথম আলো ও ডেইলি স্টার-এর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তারা সব চাপ উপেক্ষা করে কাজ করে যাচ্ছে। তারা বিস্ময়কর কাজ করছে। এই চাপ কমানোর ক্ষেত্রে আমরা যা করতে পারি তা করছি, কিন্তু শেষমেশ সরকারকে তো ভোটারদের কথা বিবেচনা করেই কাজ করতে হয়। ফলে এটা আপনাদের ওপর—বৃহত্তর সমাজের জন্য সঠিক কাজটা করার জন্য সরকারকে যে চাপ দেওয়ার, তা আপনারা দিন।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ
বারবারা ট্রিনফি: আপনাকেও ধন্যবাদ।