স্যার জীবনের উদ্দেশ্য খুঁজতে উৎসাহ দিতেন
প্রতিটি মানুষের জীবনে একজন আদর্শ ব্যক্তি থাকেন। ওই আদর্শ ব্যক্তির ব্যক্তিত্ব, আচার-আচরণ, জীবনযাপন আমরা অনুকরণ করতে চাই। আমিও ব্যতিক্রম নই। আমার জীবনেও এমন একজন মানুষ আছেন যার কারণে আমার বদলে যাওয়া, এক নতুন আমি কে খুঁজে পাওয়া। তিনি আমার শিক্ষাগুরু খোরশেদুল আলম। তিনি উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল হিসেবে তিনি এলাকায় পরিচিত। তার জীবনের গল্প আমাকে অনুপ্রেরণা জোগাত। তার সংগ্রামী জীবন আমার কাছে আদর্শ।
খোরশেদুল আলম স্যার অত্যন্ত বন্ধুত্বসুলভ ছিলেন, কারণ প্রতিটি বিষয় তাঁর কাছে বিনা বাধায় শেয়ার করা যেত। স্যারকে কোনো সমস্যার কথা বললে তিনি তা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। তিনি সবসময় অনুপ্রেরণা জোগাতেন এবং সর্বোচ্চ চেষ্টা করতেন আমাদেরকে তার সেরাটা দিতেন। তিনি আমাদের মানুষের মতো মানুষ হওয়ার প্রেরণা দিয়েছেন, শুধু তাই নয় জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করেছেন। শিক্ষকদের মুখ্য কাজ যদি শিক্ষাদান হয়, আমি মনে করি স্যার আমাদের শিক্ষার পাশাপাশি জীবনের মূল উদ্দেশ্য খোঁজার উৎসাহ দিয়েছেন। আজ আমার এত দূর পর্যন্ত আসার মূলে রয়েছে স্যারের অবদান। স্যার আপনি সুস্থ থাকেন এটাই আমার একমাত্র প্রত্যাশা। কারণ আমাদের মতো অগণিত শিক্ষার্থী আপনার দিকেই তাকিয়ে আছেন। স্যার,আপনার অজান্তে কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দেবেন। ভাল থাকুক আমার প্রিয় শিক্ষক।
লেখক: চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক