স্যারের প্রেরণায় বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি মফস্বল থেকে উঠে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আমার মাধ্যমিক কেটেছে চর লরেঞ্চ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। যেটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অবস্থিত। যার অনুপ্রেরণায় আজকের অবস্থানে আছি, সেই প্রিয় নুরুল ইসলাম বি. এস. সি স্যার আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। ছোট বেলা থেকেই ভালো ছাত্র হিসেবে সুনাম ছিল। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতেই বৃত্তি পেয়েছিলাম। মাধ্যমিক বিদ্যালয়ে আসার পরও সাফল্যের ধারা অব্যাহত ছিল। কিন্তু সাফল্যের আতিশয্যে গা ভাসিয়ে অতি আত্মবিশ্বাসী হয়ে পড়ি। লেখাপড়ায় ঢিলেমি, খেলাধুলায় সময় ব্যয়ের কারণে নবম শ্রেণি থেকেই পিছিয়ে পড়তে শুরু করি। যদিও এর আগে দ্বিতীয় হয়নি কখনও কিন্তু নবম আর দশম শ্রেণিতে রোল নম্বর দ্বিতীয় হয়ে যায়।

মফস্বলের ভালো ছাত্ররা কোনো বিষয়ে পড়বে এটা চোখ বুজে বলে দেওয়া যায় বিজ্ঞান, কিন্তু এ ধারণাটাই সবচেয়ে বড় ভুল। ছোট বেলায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা অতি রঙিন মনে হয়, যেদিকেই যার কাছেই যাবেন, বলবে বড় হয়ে কম হতে চাও, ডাক্তার না ইঞ্জিনিয়ার?
কখনো ভাবে না এ ছেলেটা বা মেয়েটা কোনো বিষয়ে আগ্রহী, কীসে সে ভালো করবে। আমার বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। যদিও তিনি কখনো কিছু চাপিয়ে দেন না আমাকে।
যাই, হোক আমি কখনও বড়দের মুখের ওপর বলতে পারিনি আমি ডাক্তার হতে চাই না বরং সাহিত্য, রাজনীতি আমাকে বেশি টানে।
এস. এস. সি নির্বাচনী পরীক্ষায় আমি বড়সড় একটা ধাক্কা খাই, ক্লাসের দ্বিতীয় সেরা হয়ে সাধারণ গণিতে পেয়েছি মাত্র ৩৯! মেধাক্রমে ৭ম হয়ে ভেঙে পড়েছি অনেকটা, বন্ধুরা সবাই ভালো করেছে আমার চেয়েও। সবার আর আমার মাঝে ততদিনে দূরত্ব তৈরি হয়ে গেছে। গণিতে কম দক্ষতা থাকায় প্রায়শই আমার বন্ধুরা জটিল কোনো সমাধান নিয়ে আমাকে ছাড়াই আলোচনা করত। আমার মনে হতে লাগল ওরা আমাকে এড়িয়ে চলছে, আমি খারাপ ছাত্র হয়ে গেছি। প্রচণ্ড হতাশা ঘিরে ধরে, নিজেও ওদের থেকে সরে যাই।

আমাকে সব শিক্ষকেই চিনতেন ভালো করে, খারাপ ফলাফলের কারণে সবার মাঝে প্রশ্ন তৈরি হয়, তখন নুরুল ইসলাম স্যার আমার গণিত পেপার সবাইকে দেখিয়ে বললেন, ‘এ ছেলেকে ছোট বেলা থেকেই মনোযোগী দেখি, ক্লাসেও নিয়মিত, প্রাইভেট পড়তে খুব সকালে আসে আর বিকেলে যায়, কি শিখেছে, গণিতের মূল ভিত্তিটাই নাই ওর মধ্যে’। এ ঘটনা আমার কাছে একটা শিক্ষা হয়ে আসে।

স্কুল ছুটির পর সবাই চলে গেলে আমি স্যারের কাছে বসে থাকি। স্যার আমাকে স্নেহ করতেন, স্যারকে বলি, এসএসসি পরীক্ষার আগের সময়টাতে আমি আপনার কাছে আবারও পড়তে চাই, আপনি আমাকে সময় দেন। স্যার প্রথমে না করেছিলেন, কিন্তু পরে ঠিকই ডেকে পাঠালেন পড়ানোর জন্য। বাকি কয়েক মাসে আমার মনে আছে ছুটির পর সবাই চলে গেলেও আমি বসে থাকতাম, সাথে আনোয়ার নামে আমার আরেকটা বন্ধু থাকত। স্যার আমাদেরকে পড়ানোর চেয়ে বেশি করে অনুপ্রেরণা দিতেন, অঙ্কের ভিতটা এমনভাবে কেটে গিয়েছিল যে বুঝতেই পারিনি।

পরীক্ষার শুরুর আগে আমি আবারও আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করি, প্রচুর পড়াশোনা করেছি। পরীক্ষাও খুব ভালো দিয়েছিলাম, ফলে রেজাল্ট ভালো হয়েছিল এমনকি সব বন্ধুদের চেয়েও ভালো করেছিলাম। স্যার শুধু পড়াতেন না মোটিভেশন বলতে যা বোঝায় সবটাই ওনার কাছে পেয়েছি। ধর্মীয় শিক্ষার জন্য উপদেশ দিতেন আজও স্যারের সব কথা আমার স্পষ্ট কারণে বাজে। নামাজ পড়তাম স্যারের পেছনে। স্যার বলতেন, ‘যা কিছু চাও স্রষ্টার কাছে, মধ্যরাতে নামাজ থেকে চাইবে, চোখের পানি ফেলবে, তিনি ফেরাবেন না’। সত্যিই, সেটাই পেয়েছিলাম।

স্যার নিজ জীবনের গল্প বলতেন, ওনার মেডিকেল পড়ুয়া সন্তানের কথা বলতেন, প্রকৃত লেখাপড়ার স্বাদ পেতে হলে যে বিশ্ববিদ্যালয়ে আসতে হয়, একথাটা স্যারের কাছেই প্রথম শুনেছিলাম, আর নিজেকে কল্পনা করতে শুরু করি আমিও একদিন বিশ্ববিদ্যালয়ে পড়ব। স্কুলের পর্ব শেষ করে কলেজে গেলেও মাঝে মাঝে স্যারের কাছে যেতাম, আমার বাকি দুই বন্ধু রাসেল আর শাহাদাত সাথে থাকত। তিনজনকেই স্যার স্নেহ করতেন, আমার মনে হতো আমাকে বেশি স্নেহ করতেন। পরামর্শগুলো শোনার জন্য অপেক্ষা করত হতো, কারণ স্যার অনেকগুলো ব্যাচ পড়াতেন। এভাবে কলেজ জীবনেও স্যারের ছায়া ছিল আমাদের ওপরে।

কলেজ শেষ করে প্রথমবার বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার চেষ্টায় সফল হতে পারিনি, তখনও স্যারের কাছে চলে গিয়েছিলাম, স্যার বিশ্বাস করতে পারেন নি আমরা তিনজন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারিনি। স্যার দ্বিতীয়বার সর্বোচ্চ চেষ্টার জন্য বলেছিলেন, নিজের প্রতি তাড়না অনুভব হতো আমাকে পারতেই হবে। মাঝের এক বছর বাবার কাছ থেকে খবর নিতেন, আর বলতেন চেষ্টা চালিয়ে যেতে।

দ্বিতীয়বারে আমার স্বপ্ন পূরণ হয়, বিশ্ববিদ্যালয় নামক জায়গায় নিজেকে স্থান করিয়ে নিতে পেরেছি। আমার বাকি দুই বন্ধুও ভালো জায়গায় ভর্তি হয়ে যায়। গ্রামে গেলে স্যারের সঙ্গে দেখা করি। যেদিনই সামনে পেয়েছেন অত্যন্ত খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে বলেছেন, ভবিষ্যতে আরও বড় হতে হবে, নিজের কল্পনার চেয়েও বড়। প্রিয় নুরুল ইসলাম স্যার আমার দেখা, আমার জীবনের সেরা শিক্ষক, ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন।

লেখক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী