হাঁসফাঁস-পাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুর্নিশ করেছি তাকে; গোপনে গোপনে ঘেন্না, ভয়!
আমাদের মন-দেহ নিয়ে কারা করছে নয়ছয়?
অভ্যর্থনাকক্ষ ভিড়ে-ঠাসা ঘাট, দিনরাত ওঠানামা
ব্যাধি, ব্যাধ আর নিরাময়—অসম বিরোধনামা।

স্বাস্থ্যবান হলো শুধু শীতাতপ ওষুধ-দোকান
চেকবই হারালো খেই, মাথার ওপরে বজ্র খানখান
নার্সের যৌবন দর্শনীয়! চোখ কাড়ে হাসির বুনট
ওটি-রুমে ছুরিকাঁচি ছেড়ে কসাই গুনেছে নোট!
শখে এসে কেউ ফিরল না; মাসভর শুকোয় আপেল
টেস্টফেস্ট যতি টানছে না, কিছু পাশ কিছু ফেল

কেন শুধু শুধু দুষছো—কী দারুণ বাহারি বাজার
আমাদের এত এত বাড়ি ঠাসাঠাসি হাজারে হাজার
সাইনবোর্ড লাগেনি বলে হাসপাতাল মানছ না!
জীবন্মৃতদের ভান ও অ-সুখগুলো কেন গুনছ না?