হুজুরের শিক্ষাদান পদ্ধতি সবাইকে মুগ্ধ করত
শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থীদের নিকট সমানভাবে শ্রদ্ধেয়। তবু প্রত্যেক শিক্ষার্থীর অন্তরে কোনো বিশেষ একজন শিক্ষকের জন্য একটি বিশেষ প্রগাঢ় ভক্তি ও শ্রদ্ধা সঞ্চিত থাকে। সেটি কেউ প্রকাশ করতে পারেন কেউ পারেন না। আমার জীবনে স্মরণীয় তেমনি একজন শিক্ষক আছেন, তিনি হলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাদের প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আ.ন.ম নোমান।
আমি যখন অষ্টম শ্রেণির ছাত্র তখন তাঁর সান্নিধ্য লাভ করি। অর্থাৎ অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় শ্রদ্ধেয় শিক্ষক আ.ন.ম নোমান আমাদের প্রতিষ্ঠান চট্টগ্রাম রাউজান ফতেহনগর অদুদিয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। তাঁর আদর্শ চরিত্র, কথা বলার ভঙ্গি, শিক্ষাদান পদ্ধতি মাদ্রাসার সকলকে দারুণভাবে মুগ্ধ করেছে।
২০১৩ সাল, আমরা জে.ডি.সি পরীক্ষার্থী ছিলাম। পরীক্ষায় সবার ভালো ফলাফল করার লক্ষে ক্লাসে পাঠদানের পাশাপাশি উনি ব্যক্তিগতভাবে নিঃস্বার্থে সকলকে পড়াতেন। বিশেষ করে আমার কথাই বলব, পরীক্ষা শুরু হওয়ার দুই মাস আগ থেকে প্রতিরাতে ১২টা পর্যন্ত ওনার রুমে নিয়ে পড়িয়েছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন আমার জন্য। নিজের ব্যক্তিগত কাজ বাদ দিয়ে আমাকে পড়াতে বসাতেন। তাঁর লক্ষ্য আমাকে জে.ডি.সি পরীক্ষায় GPA-5 পেতে হবে। পেয়েছিলামও। এই প্রাপ্তির পেছনের কারিগর ছিলেন স্যার নিজেই। জেডিসি পরীক্ষাই GPA-5 প্রাপ্তিতে হুজুরের কাছ থেকে মহামূল্যবান একটা ডায়েরি উপহার পেয়েছিলাম। সেই ডায়েরিটা এখন শুধু স্মৃতি হয়ে আছে। কারণ আমি যখন ১০ম শ্রেণিতে অর্থাৎ ২০১৫ সালের দিকে হুজুর নিজ এলাকাই চট্টগ্রাম লোহাগাড়ার কলাউজান রশিদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে আমাদের থেকে বিদায় নেন। হুজুরের বিদায়টা ছিল খুব কষ্টের। বিদায়ের পর কিছুদিন হুজুর নিজ থেকে অনেকবার আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। এরপর থেকে কোনো কারণে যোগাযোগ আর হয়নি, আর আমিও স্বার্থপরের মতো যোগাযোগ করিনি। এখন ২০১৮ সাল প্রায় তিন বছর হুজুরের সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখিনি। কিন্তু ভুলিনি সেই মহান ব্যক্তিকে, যুগ যুগ ধরে বেঁচে থাকবেন তিনি আমার হ্রদয়ের মণিকোঠায়।।

আ.ন.ম নোমান স্যার শুধু আমার প্রিয় শিক্ষকই নন, তিনি আমার অকৃত্রিম বন্ধু, নির্ভুল উপদেষ্টা এবং আমার জীবন গড়ার কারিগর। তিনি নিজের ব্যক্তিত্বকে বিন্দুমাত্র ক্ষুণ্ন করেন না। তাঁর মধ্যে আমি সত্য সুন্দরের পরম প্রকাশকে খুঁজে পেয়েছি। তিনি আমাকে যে স্নেহ-ভালোবাসা দিয়ে ধন্য করেছেন। সেই স্নেহ এবং ভালোবাসা আমার জীবন থেকে নিঃশেষ হয়ে যায়নি এবং যাবেও না। আমার হ্রদয় মুকুরে সেই ভালোবাসা দীপ্তিময় এক তারকারূপে শোভিত হয়ে থাকবে। স্নেহ-সহানুভূতি তিনি আমার হ্রদয়ের অত্যন্ত সন্নিকটে, কিন্তু তাঁর বিরাট ব্যক্তিত্ব আমার বুদ্ধি এবং নাগালের বাইরে। তিনি আদর্শ শিক্ষক, তিনি আমার শিক্ষাজীবনের অপরিসীম প্রেরণার উৎস। আমার মনের মণিকোঠায় তিনি চিরদিন অম্লান হয়ে থাকবেন।
লেখক: চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টে তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত।