২০১৪ সালে ইরান যা চায়

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে আমি বাস্তববাদ আর ইসলামি প্রজাতন্ত্রের আদর্শের মধ্যে ভারসাম্য আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আর ইরানি ভোটারদের সমর্থনে বড় ব্যবধানে জয়ী হয়েছিলাম। যে জনসমর্থন আমি পেয়েছি, তার গুণের জোরে আমি কাণ্ডজ্ঞান ও পরিমিতিবোধের প্রতি দায়বদ্ধ। আমার সরকারের সব নীতির গোড়ায় রয়েছে এই দায়বদ্ধতা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত নভেম্বরে জেনেভায় যে অস্থায়ী চুক্তি হলো, তারও চালিকাশক্তি ছিল ওই প্রতিশ্রুতি।
পররাষ্ট্রনীতির ব্যাপারে, অবশ্যই, আমার সরকার উগ্র অবস্থান থেকে সরে আসছে। আমাদের প্রতিবেশী ও আন্তর্জাতিক শক্তি যারা আছে, তাদের সঙ্গে আমরা কার্যকর ও গঠনমূলক কূটনৈতিক সম্পর্ক চাই। চাই পারস্পরিক আস্থা সৃষ্টিতে নজর দিতে। আর এভাবেই আমাদের পররাষ্ট্রনীতিকে স্বদেশের অর্থনৈতিক উন্নয়নের সাপেক্ষ করে তুলতে পারব। এ লক্ষ্যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও আমরা উত্তেজনা লাঘবে কাজ করে যাব। এতে চিরাচরিত ও নতুন অংশীদারদের সঙ্গে আমাদের বন্ধন আরও জোরদার হবে। এর জন্য অবশ্যই স্বদেশে জনমত গঠন ও স্বচ্ছ গন্তব্য নির্ধারণের প্রয়োজন হবে। আশার কথা, ইতিমধ্যে এ ব্যাপারে কাজ এগিয়ে যাচ্ছে।
যখন আমরা সংঘাত ও রেষারেষি এড়াব, তখন আমরা একই সঙ্গে আমাদের বৃহত্তর স্বার্থ অর্জনের জন্যও সক্রিয় থাকব। কিন্তু যে দুনিয়া ক্রমশই আরও নিবিড় সম্পৃক্ততা ও পরস্পর নির্ভরশীলতার দিকে ঝুঁকছে, সেখানে চ্যালেঞ্জ মোকাবিলা কেবল রাষ্ট্রগুলোর মধ্যে আরও সহযোগিতা ও সক্রিয় যোগাযোগের মাধ্যমেই সম্ভব। বড় শক্তিগুলোসহ কোনো রাষ্ট্রই তাদের বিভিন্ন চ্যালেঞ্জ কেবল নিজের ক্ষমতায় কার্যকরভাবে মোকাবিলা করতে পারে না।
উন্নয়নশীল ও উত্থানশীল অর্থনীতিগুলো যেভাবে প্রতিযোগিতার গতিতে বিকশিত হচ্ছে, তাতে মনে হচ্ছে, তাদের সবার সম্মিলিত অর্থনৈতিক ওজন উন্নত বিশ্বকে ছাপিয়ে যাবে। এই গতিতে এগোলে আজকের উন্নয়নশীল ও উত্থানশীল দেশগুলো ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট জিডিপির ৬০ শতাংশ অধিকার করবে। ২০০০ সালের চেয়ে এই মাত্রা ৪০ শতাংশ বেশি। তা যদি হয়, তাহলে বিশ্বমঞ্চে তারা আগের চেয়ে আরও জোরালো অবস্থান নিতে সমর্থ হবে।
এ রকম এক রূপান্তরের কালে ইরানও তার বৈশ্বিক ভূমিকাকে জোরদার করতে পারে। এ বছরের নির্বাচনে সক্ষম ভোটারদের ৭৫ শতাংশ ভোট দিয়েছে। আমাদের ধর্মাশ্রিত গণতন্ত্র যে পরিপক্ব হচ্ছে, এটা তার প্রমাণ। ইরানের প্রাচীন সংস্কৃতি ও সভ্যতা, দীর্ঘ রাষ্ট্রীয় ধারাবাহিকতা, ভূরাজনৈতিক অবস্থান, আঞ্চলিক উত্থান-পতনের মধ্যেও অটুট সামাজিক স্থিতিশীলতা এবং উচ্চশিক্ষিত তরুণ প্রজন্মের ভরসায় আমরা ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাস নিয়ে তাকাতে পারছি, আশা করছি বিশ্বপটে আমাদের জনগণের আরও বড় ভূমিকার। সেটা হবে এমন এক ভূমিকা, যাকে বিশ্বের কোনো ক্ষমতাধরই উপেক্ষা করতে পারবে না। আর ইরানের জনগণ তা পাওয়ার যোগ্য।
আমরা একই সঙ্গে ভাবছি, কীভাবে আমরা ইউরোপ ও উত্তর আমেরিকার রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক পুনর্গঠন ও শক্তিশালী করতে পারি। এর জন্য প্রয়োজন উত্তেজনার প্রশমন এবং অর্থনৈতিক বন্ধনসহ সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন করা।
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে নতুন কোনো চিড় ধরাতে না দিয়ে এ পথে আমরা যাত্রা শুরু করতে পারি। একই সঙ্গে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে উত্তেজনা দুটি দেশের সম্পর্ক নষ্ট করছে, তা দূর করার প্রয়াসও আমরা নিয়ে চলেছি। তার পরও, ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্রকে নিয়ে যে অবিশ্বাস ও সন্দেহ ইরানিদের মনে তাড়া করে ফিরেছে, তা হয়তো আমরা ভুলতে পারব না। তবু আমরা নজর দিতে চাই বর্তমানে, দৃষ্টিকে করতে চাই ভবিষ্যৎমুখী। এর অর্থ, সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে দুটি দেশেই সক্রিয় ক্ষমতাগোষ্ঠীর হাতে চালিত হওয়ার বদলে তাদেরই চালনা করা।
আমাদের চোখে, যৌথ স্বার্থ ও চাহিদা পূরণে সহযোগিতার মাধ্যমে আমাদের অঞ্চলে বিরাজমান উত্তেজনা প্রশমন সম্ভব। এর অর্থ, যুক্তরাষ্ট্রের ভেতরে এবং এ অঞ্চলে যারা নিজেদের কূটস্বার্থ লুকাতে আন্তর্জাতিক মনোযোগ অন্যদিকে সরাতে চায়, চায় ইরানের আঞ্চলিক ভূমিকাকে ঠেকিয়ে রাখতে—তাদের মোকাবিলা করতে হবে। আমাদের পারমাণবিক কর্মসূচি বিষয়ে সমঝোতার মাধ্যমে স্থায়ী চুক্তি হওয়ার বিরোধিতা করে তারা আসলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের অচলাবস্থা থেকে ফায়দা তুলতে চায়।

সংকীর্ণ হানাহানি, গোষ্ঠীবিবাদ এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের সম্ভাব্য ক্ষেত্র হয়ে ওঠার বিরুদ্ধে আমাদের অঞ্চল আগের চেয়ে বেশি সংগ্রাম করে যাচ্ছে। পাশাপাশি, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার এ অঞ্চলের মানুষকে বহুদিন তাড়া করে ফিরবে। আমরা বিশ্বাস করি, এ রকম পরিস্থিতিতে মধ্যপন্থী মনোভাব এ অঞ্চলের ঘটনাধারাকে গঠনমূলক ও ইতিবাচক খাতে বয়ে নিয়ে যেতে পারে।
কোনো সন্দেহ নেই যে প্রতিবেশী দেশগুলোর অস্থিতিশীলতা এ অঞ্চল ও বিশ্বের বহু দেশকে অসুবিধায় ফেলে। দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য তাই আমাদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই। গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে ইরান এ লক্ষ্যে এগিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত। সমাধানের কোনো সুযোগই আমরা বেহাত করতে চাই না। তাই যারা ইরানকে হুমকি হিসেবে দেখিয়ে এর আঞ্চলিক ও বৈশ্বিক নির্ভরযোগ্যতাকে খাটো করতে চায়, এ অঞ্চল এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের অবশ্যই থামতে হবে।
সিরিয়ার মানবিক বিপর্যয়ের ঘটনায় এবং তিন বছর ধরে দেশটির জনগণ যে ভয়ানক দুর্ভোগের মধ্যে দিন অতিবাহিত করছে, তাতে আমি প্রচণ্ডভাবে মর্মাহত। রাসায়নিক অস্ত্রের বীভৎসতার শিকার হওয়া জাতি হিসেবে, আমার সরকার সিরীয় সংঘাতে এর ব্যবহারের শক্ত নিন্দা করেছে। আমি একই সঙ্গে উদ্বিগ্ন যে গত নব্বইয়ের দশকে আমাদের পূর্ব সীমান্তে যেমন হয়েছিল, তেমনি করে সিরিয়ার কিছু কিছু অংশ আজ চরমপন্থী মতাদর্শের উর্বরভূমিতে এবং সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে আরও বহু দেশ উদ্বিগ্ন। সিরিয়ায় টেকসই রাজনৈতিক সমাধান খোঁজার জন্য তাই দরকার সহযোগিতা ও যৌথ উদ্যোগ।
তাই আমরা খুশি যে ২০১৩ সালে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিপরীতে কূটনীতিই জিতেছে। এ পথেই আমাদের এগিয়ে যেতে হবে এবং বুঝতে হবে যে সিরিয়ায় আজ সমন্বিত আঞ্চলিক ও বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। আঞ্চলিক ও বাইরের শক্তিগুলোর সঙ্গে সিরিয়া প্রসঙ্গে আমরা আন্তরিক আলাপ-আলোচনায় ভূমিকা রাখতে প্রস্তুত। এখানেও আবার আমাদের দেখতে হবে, এমন কোনো আলোচনা করা যাবে না, যাতে কারোরই কোনো লাভ নেই।
সাম্প্রতিক দশকগুলোতে ব্যাপকভাবে আলোচিত ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিষয়েও এটা সত্য। অচিরেই ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলল বলে নব্বইয়ের দশকের শুরু থেকে একের পর এক করা সব ভবিষ্যদ্বাণীই ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। ঝগড়াটে ভয়কাতুরেরা এই পুরো সময়জুড়ে ইরানকে মধ্যপ্রাচ্য ও বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে গেছে।
কে সেই উসকানিদাতাদের সর্দার এবং কেন তারা এসব হুজুগ তোলে, তা আমরা সবাই জানি। আমরা এ-ও জানি, ফিলিস্তিনের ভূমিতে অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিন ভূখণ্ড দখলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়লে দৃষ্টি সরাতে তারা ইরানের পরমাণু বোমার প্রসঙ্গ নিয়ে হইচই শুরু করে। এ ধরনের ভুয়া হুজুগ তবু চলছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের হিসাব বলছে, ইরান এখনো পরমাণু বোমা বানানোর সিদ্ধান্ত নেয়নি।
আসলেই আমরা পরমাণু বোমা বানানোর জন্য কাজ করছি না। আমাদের শীর্ষ নেতা আয়াতুল্লাহ্ আলী খামেনি ফতোয়া জারি করে তো বলেই দিয়েছেন, পরমাণু বোমার গবেষণা, উৎপাদন ও মজুত এবং এর ব্যবহার ইসলামি চিন্তাধারার বিপরীত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এমনকি আমরা কখনো পরমাণু বোমা বানাব বলেও চিন্তা করিনি। কারণ, এ ধরনের বোমা আমাদের জাতীয় নিরাপত্তা স্বার্থের হানি ঘটাবে। সুতরাং ইরানের নিরাপত্তানীতিতে পরমাণু বোমার কোনো স্থান নেই। ইরান হয়তো পরমাণু বোমা বানাবে, এমনকি এমন ধারার অনুমানও আমাদের নিরাপত্তা ও সার্বিক জাতীয় স্বার্থের পরিপন্থী।
নির্বাচনী প্রচারাভিযানে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, ক্ষমতার সবটুকু দিয়ে আমি আমাদের পরমাণু-জ্বালানি কর্মসূচি প্রশ্নের আশু সমাধান করব। এই প্রতিজ্ঞা পূরণে এবং সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে উন্মোচিত দরজাকে কাজে লাগিয়ে আমার সরকার পারস্পরিক সমঝোতাভিত্তিক স্থায়ী সমাধানে সম্ভব সব কিছুই করবে। গত নভেম্বরের অন্তর্বর্তীকালীন চুক্তির ধারাবাহিকতায় আমাদের পরমাণু-জ্বালানি কর্মসূচিকে সম্পূর্ণ স্বচ্ছ করতে পি-৫+১সহ (নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যদেশ ও জার্মানি) অন্যদের সঙ্গে আমরা কাজ করে যেতে প্রস্তুত।
যে শান্তিপূর্ণ পারমাণবিক সামর্থ্য আমরা অর্জন করেছি, তার ব্যবহার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুরক্ষানীতির অধীনেই হবে এবং তা আন্তর্জাতিক আণবিক জ্বালানি সংস্থার (আইএইএ) মাধ্যমে বহুপক্ষীয় তদারকির জন্য উন্মুক্ত থাকবে। গত কয়েক বছরে এটাই হয়ে আসছে। এভাবেই আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র নিয়ে নিঃসংশয় হবে। পারমাণবিক জ্বালানির সুফল পাওয়ার অধিকার আমরা কখনোই ত্যাগ করব না। কিন্তু যেকোনো অস্পষ্টতা দূর করায় কিংবা এই কর্মসূচি নিয়ে যেকোনো যৌক্তিক প্রশ্নের উত্তর দিতে আমরা তৈরি আছি।
লাগাতারভাবে চাপ দিয়ে যাওয়া, কবজি মোচড়ানো, ভয় দেখানো এবং ইরানকে তার প্রয়োজনীয় জিনিস—প্রযুক্তি থেকে শুরু করে ওষুধ ও খাদ্যদ্রব্য—থেকে বঞ্চিত রাখা কেবল সমঝোতার আবহাওয়াকেই বিষাক্ত করে তুলবে এবং এগিয়ে যাওয়ার শর্তগুলোকে নষ্ট করবে।
২০১৩ সালে আমরা যেমন দেখিয়েছি যে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আন্তরিকভাবে জড়িত হতে এবং আলোচকদের সঙ্গে সৎ মনে দর-কষাকষিতে প্রস্তুত। আমাদের আশা, আমাদের প্রতিপক্ষরাও সমাধানের এই খোলা জানালার সুযোগ নিতে তৈরি আছে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
অনুবাদ: ফারুক ওয়াসিফ