'আমি কামরুজ্জামান হতে চাই'

গত বছরের শেষের দিক। হঠাৎ এলাকার এক বড় ভাই ফোন দিয়ে জানালেন, একটা চাকরির অফার আছে। তিনি একটা আইটি প্রতিষ্ঠানে ট্রেইনার হিসেবে আছেন। অন্য একটি ভালো চাকরি পাওয়ার কারণে ওই চাকরিটা তিনি ছেড়ে দেবেন। তার শূন্যস্থান পূরণের জন্যই আমাকে ফোন দেওয়া। তিনি আমাকে জানিয়েছিলেন, পরবর্তী মাসে আমাকে জয়েন করতে হবে। শুনে আমি তো মহা খুশি। কারণ আমার ইচ্ছা আমি কামরুজ্জামান স্যারের মতো হব। সবকিছু বাদ দিয়ে সারা দিন রাত বসে বসে ভাবতে লাগলাম—স্যার কীভাবে ক্লাস নিতেন, কীভাবে কথা বলতেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি।
যদিও সেই চাকরিতে আমি যোগ দিতে পারিনি। মোটামুটি নিজেকে প্রস্তুত করে ওই বড় ভাইকে ফোন দিয়ে জানতে পেরেছিলাম, ওনার প্রতিষ্ঠান অন্য আরেকজনকে নিয়ে ফেলেছে। যাই হোক, আসল কথায় আসি।
আমার ভালো লাগার শিক্ষকের তালিকা অনেক বড়। কিন্তু কামরুজ্জামান স্যার আমার কাছে অনুকরণ করার মতো একজন ব্যক্তিত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান ফারাজি। পড়াশোনার বাইরেও শিক্ষার্থীদের নানা বিষয়ে নানাভাবে তিনি সাহায্য করেন। কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে ছুটে চলে যায় তাঁর কাছে। তিনি খুব মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং খুব সহজেই সমস্যাগুলোর সমাধান করে দেন। আমরাও প্রায়ই নানা আবদার নিয়ে ছুটে যেতাম তাঁর কাছে, কখনই তাঁর মুখ থেকে না শব্দটা শুনিনি।
শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতেই কামরুজ্জামান স্যার বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিসিএস ক্যাডার হয়েও শিক্ষকতাকে ভালোবেসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন তিনি। এ ছাড়াও তাঁর পছন্দের তালিকায় আছে আরও দুটি জিনিস। অসম্ভব বই পাগল একজন মানুষ তিনি। আর সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন।

ইউল্যাব থেকে বিবিএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ-তে ভর্তি হয়েছিলাম। প্রথম ক্লাসটি ছিল শুক্রবার বেলা তিনটায়। সবাই নির্দিষ্ট সময়ের কিছু আগেই ক্লাসে এসে উপস্থিত হয়েছিল। নতুন নতুন মুখ, আলাপ-পরিচয় আর স্যারের জন্য অপেক্ষা। ঠিক তিনটায় জিনস প্যান্ট ও পাঞ্জাবি পরা একজন সুদর্শন যুবক ক্লাসে ঢুকলেন। তাঁর আত্মবিশ্বাস মাখা কণ্ঠস্বরের সম্বোধনে আমরা সবাই নড়েচড়ে বসলাম। বুঝতে সময় লাগল না যে, ইনিই আমাদের শিক্ষক। সেই দিন স্যারকে দেখে যে মুগ্ধতা তৈরি হয়েছিল, স্যারের সম্পর্কে জানার পর তা দিন দিন আরও বেড়েছে।
একজন শিক্ষক যদি তাঁর চারিত্রিক গুণাবলি বা ব্যক্তিত্ব দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সক্ষম হোন, তবে তিনি খুব সহজেই শিক্ষার্থীদের মধ্যে তাঁর জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সফল হবেন। অন্যের দৃষ্টি আকর্ষণ করে, নিজের বলা কথার ওপর অন্যকে মনোযোগী করে তুলবার ক্ষমতা সবার থাকে না। কামরুজ্জামান স্যারের সেই ক্ষমতা আছে। তাঁর জীবনাদর্শ, তাঁর দেওয়া উপদেশ আমার মতো অনেক শিক্ষার্থীর কাছেই বেদবাক্যের মতো।
এমবিএ-র প্রথম ক্লাসে স্যার সবাইকে জিজ্ঞেস করেছিলেন যে, আমাদের জীবনের লক্ষ্য কি? সে দিন কি বলেছিলাম আমার মনে নেই। কারণ কিছু একটা বলা প্রয়োজন বলেই মুখ খুলেছিলাম। সত্যিকার অর্থে হয়তো তখন পর্যন্ত আমার জীবনের কোনো লক্ষ্যই ছিল না। কিন্তু এখন আমি জানি লক্ষ্যটি কী। আমি কামরুজ্জামান হতে চাই।
লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়