'আমি না ঘুমালে পুরো নম্বর পাইতা না'

আমার প্রিয় শিক্ষক অনেকেই আছেন।তাঁদের মধ্যে সব থেকে প্রিয় আমার গণিতের স্যার। তাঁর নাম সুভাষ কুণ্ড। এমন ভালো শিক্ষক জীবনে কোনো দিন পাইনি। ২০০৭ সালে আমি ক্লাস নাইনে উঠলাম। আম্মু একজন অঙ্কের স্যার ঠিক করলেন। আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম তাই পড়াশোনার প্রবল চাপ ছিল।
যথারীতি নির্দিষ্ট দিন স্যার পড়াতে এলেন বাসায়। স্যারের মুখে একটা হাসি থাকত সব সময়। তিনি একটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পাশাপাশি কিছু ছাত্রছাত্রী পড়াতেন। আমি গণিত খুব ভয় পেতাম। স্যার আমাকে অনেক সুন্দর করে বোঝানো শুরু করলেন সব কঠিন বীজগণিত ও পাটিগণিত। তিনি আমাকে কখনো বকা দিতেন না। হোমওয়ার্ক যা দিতেন, সারা দিন ধরে সেগুলো শেষ করতাম। যদি কোনো দিন সম্পূর্ণ শেষ না করতাম, সেই দিন স্যার কষ্ট পেতেন। তাই যত কষ্টই হোক সব অঙ্ক করে রাখতাম। আমার বান্ধবী জুঁইও স্যারের কাছে পড়ত।
কিছু মজার ঘটনা আছে সুভাষ স্যারকে নিয়ে। স্যার প্রতিদিন ১৫ নম্বরের পরীক্ষা নিতেন এবং সময় বেঁধে দিতেন। সময় শেষ হলে খাতা নিয়ে নিতেন। কঠিন অঙ্ক মেলানো সম্ভব হতো না ওই অল্প সময়ে। একদিন স্যার অনেক ক্লান্ত ছিলেন। পড়াতে এসে ঘুমিয়ে গেলেন চেয়ারে বসেই। আমি এক ঘণ্টা সময় পেয়েছিলাম, তার মধ্যেই সব অঙ্ক মিলিয়ে ফেলেছিলাম। স্যার ঘুম ভেঙে যাওয়ার পর আমাকে বললেন, ‘ঘুমিয়ে গেছি তো আমাকে ডাকবে না?’ দেখলেন অঙ্ক সব পেরেছি। তখন সুভাষ স্যার বললেন, ‘আমি না ঘুমালে পুরো নম্বর পাইতা না।’
আরেকটি ঘটনা আমার মনে পড়ে। আমি একদিন স্যারকে বলেছিলাম, লেখাপড়া মনে রাখা অনেক কঠিন। স্যার বলেছিলেন, ‘ধুর, বোকা মেয়ে। মোটেও না। ঠিক আছে দুদিনের মধ্যে অ, আ, ক, খ ভুলে দেখাবা!’
এভাবেই আমাকে অনুপ্রেরণা দিতেন স্যার। তাঁর কাছে গণিত শিখে আমি অনেকবার সর্বোচ্চ নম্বর পেয়েছি স্কুলে। সর্বশেষ স্কুল মডেল টেস্টে আমি ১০০ তে ১০০ পেয়েছিলাম। স্যারের খুশি তখন দেখার মতো ছিল। এরপর শুরু হয়ে গেল এসএসসি পরীক্ষা। উচ্চতর গণিত পরীক্ষার আগে আমার দাদু মারা যান। স্যারকে ফোন দিয়ে খবরটা দিয়েছিলাম। আর তিনি আমাকে বলেছিলেন, ‘নিজের ওপর ভরসা রাখো। দেখবা তোমার পরীক্ষা ভালো হবে।’ ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল জিপিএ-৫ পেয়েছি। প্রত্যেকটা বিষয়ে এ প্লাস পেয়েছিলাম।
পরবর্তীতে আমার ছোট বোনও স্যার এর কাছে পড়ত। হঠাৎ স্যার অসুস্থ হলেন। একদিন স্যার এসে জানালেন যে, তাঁর হৃদ্যন্ত্রে সমস্যা আছে। আমি তখন খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। স্যারকে বললাম, খুলনা মেডিকেলে চলে আসেন একদিন। স্যার বলেছিলেন, ‘দেখি, ডাক্তার ওষুধ দিয়েছে সাত দিনের। খেয়ে দেখি। তারপর ভালো না হলে যাব।’ ওই দিন আমরা দুই বোন মিলে স্যারকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়েছিলাম। এই ছিল শেষ দেখা।
তারপর হঠাৎ করে স্যার আসেন না, ফোনও ছিল বন্ধ। পরিচিত এক আন্টি ফোন দিয়ে জানালেন, স্যার মারা গেছেন হার্ট অ্যাটাকে। ২০১৫ সালের ২০ জুলাই স্যার মারা যান। স্যার এভাবে চলে যাবেন—আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না। আমার এই শোক কাটতে অনেক দিন লেগেছে।
স্যারের এর দুটি ছোট ছোট ছেলে ছিল। জানি তাদের ওপর দিয়ে ঝড় গেছে। যেখানে থাকবেন, অনেক ভালো থাকবেন স্যার। জীবনের সব সাফল্যে আমি আমার স্যারকে ফোন দিতাম, দোয়া চাইতাম। স্যারকে আর ফোন করে বলা হলো না যে, আজ আমি ডাক্তার হয়েছি। স্যার বলতেন, ‘ডাক্তার হলে ভুলে যাবে না তো? স্যারের সিরিয়ালটা আগে দিয়ো কিন্তু।’
স্যার, আমি আপনাকে সব সময় স্মরণ করি। আপনার সব ছাত্র-ছাত্রী বড় বড় জায়গায় রয়েছে। তাঁদের মাঝে বেঁচে থাকবেন আপনি, বেঁচে থাকবে আপনার স্মৃতি। আমার স্যারকে স্মরণীয় করে রাখতেই এই লেখা।
লেখিকা: চিকিৎসক