'এল'-ভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু

আগের কয়েকটি বছর ধরে অর্থনীতিবিদেরা একটি দীর্ঘ প্রতীক্ষিত পুনরুদ্ধারের স্বরূপ বয়ান করার জন্য বর্ণমালা হাতড়ে বেড়াচ্ছেন। একটি আশাবাদী ‘ভি’ দিয়ে শুরু হয়ে তা ধাবিত হয়েছে নিম্নমুখী ‘ইউ’র উদ্দেশে, আর শেষ হয়েছে হতাশাজনক ‘ডব্লিউ’ দিয়ে। কিন্তু বর্তমানে একটি গভীরতর শঙ্কা অর্থনীতিবিদের পেশাটির পেছনে লেগে আছে: যে ভীতিকে ‘এল আকৃতির’ পুনরুদ্ধারজনিত ভীতি বলা যায়।
বিগত পাঁচ বছরের বাজে অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে উন্নত দেশগুলোর অর্থনীতির জন্য ২০১৩ সালকে একরকম ভালোই বলা যায়। ইউরোজোন কৌশলগত দিক থেকে মন্দা কাটিয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমেছে। জাপান একটি দীর্ঘ ঝিমুনি কাটিয়ে উঠেছে, একই সঙ্গে ২০১১ সালের ভূমিকম্পজনিত সুনামির ধাক্কাও সামলে উঠেছে।
একটু গভীরে খতিয়ে দেখলে মনে হবে, আমরা একটি খাদের কিনারে দাঁড়িয়ে আছি। এ বছরের তৃতীয় প্রান্তিকে এসে বছর-বছর ভিত্তিতে জিডিপি সংকুচিত হয়েছে, কেবল গ্রিস বা পর্তুগালের মতো পরিচিত দেশ নয়; ইতালি, স্পেন, নেদারল্যান্ড ও চেক রিপাবলিকেও একই ঘটনা ঘটেছে। আরও কিছু দেশ যেমন ফ্রান্স ও সুইডেনে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় জিডিপি প্রবৃদ্ধির হার কমে এসেছে। এর মানে, মাথাপিছু আয় কমেছে।
তদুপরি বছরের শেষের দিকে শ্রমবাজারের অবস্থাও খারাপ হয়েছে। নভেম্বর পর্যন্ত জার্মানিতে বেকারের সংখ্যা পর পর চার মাস একটানা বেড়েছে। শিল্পায়িত দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা ভালো। কিন্তু বেকারত্বের হার সেখানে বছরজুড়ে কমলেও এখন তা ৭ শতাংশ। বেকারত্বের মধ্যকার চাকরিহীনতার পরিমাণ অসম্ভব রকম বৃদ্ধি পেয়েছে, বর্তমানে তা মোট বেকারত্বের ৩৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। এতে দক্ষতার ভিত্তি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পূর্বাবস্থায় ফেরত যাওয়া কঠিন হয়ে উঠবে।
জাপানের পুনর্জাগরণ বহুপ্রতীক্ষিত তারল্য ঘাটতি মেটানোর কারণেই সম্ভব হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সরকার তার প্রতিশ্রুত গভীর কাঠামোগত সংস্কারের পথে না হাঁটলে এই ঊর্ধ্বগতির স্থায়িত্ব খুবই স্বল্পস্থায়ী হবে।
এসব উন্নয়ন সত্ত্বেও কয়েকজন অর্থনীতিবিদ শিল্পায়িত দেশগুলোতে দীর্ঘায়িত শ্লথ প্রবৃদ্ধির আশঙ্কা করছেন। তবে তা খুব একটা হালে পানি পায়নি, লোকেরা তাদের নৈরাশ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করছে। তবে নৈরাশ্যবাদীদের একদম হাত গোনার বাইরে রাখা যাচ্ছে না।
এল আকৃতির পুনরুদ্ধারজনিত ভীতির একটা যৌক্তিকতা রয়েছে। আধুনিক প্রযুক্তির বদৌলতে উদীয়মান অর্থনীতির দেশগুলো বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশ করতে পেরেছে। বড় ধরনের নীতিগত উন্নয়ন না ঘটলে তা ধনী দেশগুলোর ওপর দীর্ঘ আসর ফেলতে পারে। তবে নতুনত্বেও কিছু নমুনা দেখা যাচ্ছে।
এর বদলে আসলে বাজারে অর্থনীতিবিদদের পেশাগত সংকট রয়েছে। এতে উন্নত অর্থনীতিগুলোর সংকট পরস্ফুিট হয়ে ওঠে। প্রযুক্তিগত পরিবর্তন ও নিরন্তর বিশ্বায়নের কারণে তা ঘটেছে। ফলে বিগত ৫০ বছরে পুরো অর্থনীতির চেহারার খোলনলচে পাল্টে গেছে। কিন্তু নীতিপ্রণেতাদের চিন্তা এর সঙ্গে খাপ খাওয়াতে পারেনি।
কেন এই সংকট সৃষ্টি হয়েছে? একটা সম্ভাবনা এমন যে, যেসব কারণে উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিতে অতি সাবধানী হয়ে উঠছেন, সেই একই কারণে নীতিপ্রণেতারা রক্ষণশীল হয়ে উঠছেন। বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ লিওরা ক্ল্যাপার ও ইনেসা লাভ তাদের এক গবেষণাপত্রে দেখিয়েছেন, আর্থিক সংকটের প্রধান ফলাফল হচ্ছে এর কারণে উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিতে উৎসাহী হচ্ছেন না। তাঁরা দেখিয়েছেন, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তেজিভাব থাকার পর নতুন ফার্মের সংখ্যা ব্যাপকভাবে কমে এসেছে। যুক্তরাজ্যে নতুন নিবন্ধিত সীমাবদ্ধ দায়বিশিষ্ট কোম্পানির সংখ্যা ২০০৭ সালে ছিল সাড়ে চার লাখ, ২০০৮ সালে তা হয় তিন লাখ ৭২ হাজার আর ২০০৯ সালে এসে তা কমে দাঁড়ায় তিন লাখ ৩০ হাজার।

২০১৩ সালের প্রথমার্ধে চীনের প্রবৃদ্ধির হার ছিল কম, হ্রাস পেয়েছিল কল-কারখানার ব্যস্ততা
২০১৩ সালের প্রথমার্ধে চীনের প্রবৃদ্ধির হার ছিল কম, হ্রাস পেয়েছিল কল-কারখানার ব্যস্ততা

অত্যন্ত আগ্রহোদ্দীপক বিষয় হচ্ছে, সবচেয়ে উন্নত অর্থনীতির দেশগুলো—যারা আর্থিক বাজারের ওপর নির্ভরশীল—সেসব দেশে এই পতন সবচেয়ে ব্যাপক হলেও, লেখক যে ৯৫টি দেশের ওপর গবেষণা করেছেন, সেখানেও এই পতন লক্ষ্য করা যাচ্ছে। কারণটা খুঁজে পাওয়া কঠিন নয়: মন্দার সময় আমরা সাবধানি হয়ে যাই। নতুন উদ্যোগের কণ্টকাকীর্ণ পথে না হেঁটে আমরা তখন চেনা পথেই হাঁটা শুরু করি। বর্তমান বিশ্ব অর্থনীতি যখন খুব দ্রুত পাল্টে যাচ্ছে, সেই সময়ে এটা আসলেই দুর্ভাগ্যজনক।
অর্থনীতিবিদ ও নীতিপ্রণেতাদের অতি সাবধানী দৃষ্টিভঙ্গির একটি গালগপ্পমার্কা নিদর্শন হচ্ছে, তাঁরা নাকি সাক্ষ্যের অভাবকে বিশ্লেষণধর্মী সৃজনশীলতা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার দিকে রূপান্তরিত করছেন। নীতি প্রণয়নে আমরা অবশ্যই প্রাপ্ত তথ্য-প্রমাণের ওপর নির্ভর করব। অপরিচিত ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রজ্ঞা ও তত্ত্বের যুগলবন্দীর ওপর ভরসা করতে হবে। যথেষ্ট তথ্যের দ্বারা সিদ্ধ নয়—এ অজুহাতে কোনো নতুন নীতিকে প্রত্যাখ্যান করা আমাদের সেই একই বৃত্তে ঘুরপাক খাওয়ানোর শামিল।
এই সমালোচনার গলদটা বুঝতে হলে অনুমান করুন, তত্ত্ব ও কিছু ধারণার ভিত্তিতে কেউ একজন সুপারিশ করল, নতুন নীতি হিসেবে ‘এক্স’ গ্রহণ করা হোক। যদিও এখানে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নেই যে তা ঠিকঠাক কাজ করবে। এখন ধরুন ‘ওয়াই’ এই ‘এক্স’ নীতির বিরোধিতা করেছে। যদি এখানে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকে যে ‘এক্স’ কাজ করবে না, তাহলে এমন কোনো তথ্যও নেই যে ‘ওয়াই’-এর তত্ত্ব কাজ করবে। তথ্যের অভাবে যদি ‘এক্স’ না করা বাঞ্ছনীয় হয়, তাহলে সেই একই কারণে ‘ওয়াই’ করাও বাঞ্ছনীয় নয়। কিন্তু এটাই হচ্ছে বৈপরীত্য। কারণ ‘এক্স’ ও ‘ওয়াই’ কোনোটাই না করে থাকা সম্ভব নয়।
এই ধারাবাহিকতাহীন যুক্তি ব্যবহারের প্রাবল্য দেখে মনে হয়, এখানে বর্তমান অবস্থা টিকিয়ে রাখার ব্যাপারে বিশেষ আগ্রহ এবং একই সঙ্গে নতুন নীতি সৃজনের বিরুদ্ধে পক্ষপাতও রয়েছে। বর্তমানে প্রয়োজন হচ্ছে যে বিশেষ প্রণোদনার বলে বিগত আড়াই শতাব্দীজুড়ে অর্থনীতির বিকাশ ঘটেছে, সেই বলে বলীয়ান হয়ে নতুন বিশ্লেষণধর্মী চিন্তনের বিকাশ ঘটানো। ওপরে উল্লিখিত কারণেই মহামন্দার সময় বড় রকমের নীতি-পরিবর্তন ঘটেছে।
এ-জাতীয় সৃজনশীল চিন্তনের অনুপস্থিতিতে অর্থনীতিবিদদের পেশা এক অচলাবস্থার মধ্যে ঢুকে গেছে। ফলে অর্থনীতিবিদ ও নীতিপ্রণেতারা ‘এল’ভীতি নিয়ে পরস্পরের বিরুদ্ধে কামান দাগাচ্ছেন।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
অনুবাদ: প্রতীক বর্ধন