'ওই ব্যাটা, নাম কী?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মুসলিম হাই স্কুল। ছবি: লেখক
চট্টগ্রামের মুসলিম হাই স্কুল। ছবি: লেখক

সময়টা ১৯৮৯ সাল। বাবা কাল বড় স্কুলে নিয়ে যাবে, তাই রাত থেকে ঘুম নেই। আমার মনে আছে, ঘুম থেকে উঠেছিলাম কাকডাকা ভোরে। যদিও আমার স্কুল শুরু হওয়ার সময় সকাল ১১টায়। যাচ্ছিলাম চট্টগ্রামের মুসলিম হাই স্কুলে। রিকশা করে যেতে যেতে কত কি যে ভাবছিলাম, তার ইয়ত্তা নেই। কারা আমার বন্ধু হবে, কাদের সঙ্গে খেলব, স্যাররা ভয়ানক রাগী কিনা—এসব ভালো লাগা ও যাতনার কথা ভাবতে ভাবতে হেডমাস্টার স্যারের রুমে পৌঁছে গেলাম বাবা ও আমি। খানিক আলাপ শেষে, এক পিয়ন এসে নিয়ে গেল আমাকে। বাবার দিকে তাকিয়ে ছিলাম আমি। বাবা একখানা চুমু খেয়ে বলেছিলেন, ‘যা।’

গিয়েই চক্ষু চড়কগাছ। আমারই মতো কত ছাত্র! সবাই কেমন ভিতু ভিতু চোখে ফ্যালফ্যাল করে এদিক-সেদিক তাকাচ্ছে। ‘ওই ব্যাটা, নাম কি?’ এটিই ছিল আমাকে স্যারের প্রথম সম্ভাষণ। আমাদের সবার প্রিয় স্যার তিনি, আমাদের কাশেম স্যার।

স্যার ছিলেন ছোটখাটো মানুষ। সাদা পাঞ্জাবি ছিল ওনার খুব পছন্দের পোশাক। কিন্তু এই মানুষটাকে ভয় পেত না, এমন একজন ছাত্রকেও পাওয়া ছিল অসম্ভব। পরীক্ষার হলে স্যার থাকলেই আমরা বুঝে যেতাম যে, আজ আর দেখাদেখি চলবে না।

সপ্তাহে প্রতি বৃহস্পতিবার আমাদের একটি ক্লাস থাকত, বিচিত্রা ক্লাস। যেমন নাম, ঠিক তেমনই। অনেক বিচিত্র আনন্দপূর্ণ ঘটনায় ক্লাসটি কেটে যেত। কেউ কৌতুক বলত, কেউ গান গাইতো, কেউবা আবৃত্তি করত। আমি গাইতাম গান। আমার গাওয়া গান স্যার খুব পছন্দ করতেন। স্যারের সব থেকে ভালো লাগার ছিল অবসকিউর ব্যান্ডের ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’ গানটি। আমাকে প্রায়ই গাইতে হতো এই গান।

একদিন আমি কি মনে করে অবসকিউরের অন্য আরেকটা গান গাইলাম। গানটি ছিল ‘খোদা তোমায় ডাকব যখন।’ আমি গাইছিলাম, অমনি হঠাৎ আমার পিঠে বেতের বাড়ি। আমি তো ব্যথায় কাতর। স্যার বলে উঠলেন, ‘তুই ব্যাডা প্রতিদিন এক কি গান গাস? আর গান জানোস না।’ অথচ আমি সেই দিনই নতুন গান গাইলাম! আমি ছটফট করতে করতে বললাম, ‘স্যার, এটা তো নতুন।’ স্যার আশ্চর্য হয়ে বলেছিলেন, ‘আগে বলবি না?’ আমার পাল্টা জবাব, ‘আমি কি আর বলার সুযোগ পেয়েছি? আপনি তো মার শুরু করে দিলেন।’ গানের প্রতি স্যারের এই অনুরাগ আমাদের আরও কয়েকজনকে অনুপ্রাণিত করেছে গান গাইতে, শুনতে ও শোনাতে।

স্যার সব সময়ই আমাকে খুব আদর করতেন। মাথায় হাত বুলাতেন। এসএসসি পরীক্ষার ফলাফল যখন জানাতে গিয়েছিলাম স্যার বুকে টেনে নিয়েছিলেন। এখন ভাবি, স্যারদের অনুপ্রেরণা, শিক্ষা, উপদেশ, মায়া, মমতা, বিচার, শাসন—সব মিলিয়ে আমি ও আমরা।

শিক্ষকদের অনেকেই আজ বেঁচে নেই। কিন্তু আমাদের কাশেম স্যারেরাই জাতি ও দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর এবং স্বপ্নদ্রষ্টা। এ রকম হাজারো কাশেম স্যার মিলেই আজকের বাংলাদেশ।

লেখক: বেসরকারি চাকরিজীবী