'কাছাখোলা' ছাত্রের গণিত পড়ার দরকার নেই

আমার ছেলেবেলা কেটেছে থানা সদর থেকে ১৭ কিলোমিটার দূরের একটি প্রান্তিক গ্রামে। গ্রামের স্কুলেই প্রাথমিক এবং নিম্নমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছি। প্রাইমারি স্কুল এবং হাইস্কুল ছিল একেবারে বাড়ির কাছে। গ্রামে শিক্ষিত মানুষের সংখ্যা কম। বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফলে ক্লাসের ‘ভাল’ ছাত্রের বাইরেও শিক্ষকদের কাছে একটু বাড়তি স্নেহ পেয়েছি বরাবরই। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেছি নড়াইলের লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ে। বিজ্ঞান বিভাগের জন্য খুব স্বল্প কয়েকজন লেখকের বই ছিল। গণিতের বই ছিল আরও সীমিত। গণিত বইয়ের লেখক হিসাবে সুপরিচিত ছিলেন এ কে এম হক, হারুনুর রশীদ, এস ইউ (সুরুজ উদ্দীন) আহমেদ। ছাত্রকালে এইসব না দেখা বিদ্বান মানুষের একটা অবয়ব মনের পর্দায় আঁকা ছিল। দীর্ঘদেহী, রাশভারী প্রকৃতির একটা ম্যুরাল গেঁথে ছিল মনে।
আমরা যখন উচ্চমাধ্যমিক পাশ করি তখন সিএ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) হওয়ার একটা জোয়ার চলছিল। সেই জোয়ারে আমিও সিদ্ধান্ত নিলাম কমার্স বিভাগে ডিগ্রি পাশ কোর্সে পড়ব। সেই হিসেবে ডিগ্রি ভর্তির খোঁজ খবর রাখি, আর কোথাও ভর্তির খবর রাখিনি। পাস কোর্সে ভর্তির সময় এসে গেল। আমি ভর্তির জন্য লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ে গেলাম। ভর্তির কাগজপত্র ঠিকঠাক করে টাকা জমা দিয়ে উপাধ্যক্ষ গাজী আজিজুর রহমান (গাজী স্যার) স্যারের কাছে গেলাম অনুমতি নিতে। তিনি আমার নানাভাইয়ের ছাত্র ছিলেন। আমাকে খুব স্নেহ করতেন। পাস কোর্সে ভর্তির কাগজপত্র দেখে তিনি খুব চটে গেলেন। অনার্স না পড়ে পাসকোর্স পড়তে যাওয়ায় আমার নির্বুদ্ধিতার জন্য যথেষ্ট তিরস্কার করলেন। তখন সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তিনি আমার কাগজপত্র রেখে দিয়ে সরাসরি খুলনা পাঠিয়ে দিলেন বি এল কলেজে ভর্তি হওয়ার সময় আছে কি না তার খবর নিতে। খুলনা এসে জানতে পারলাম আবেদন করার সময় এখনও আছে তবে প্রায় শেষের দিকে। অর্থনীতি বিষয়টি আমার ভাল লাগত। সিদ্ধান্ত নিলাম অর্থনীতিতেই অনার্স পড়ব। অর্থনীতি বিভাগে আবেদন করলাম। সেই সঙ্গে গণিতেও। উভয় বিভাগে পরীক্ষাও দিলাম। অর্থনীতিতে ভর্তি হতে পারব এমন একটা আত্মবিশ্বাস থেকে গণিতে তেমন আগ্রহ করে খোঁজ নেয়নি। খুব ক্যাজুয়ালি গণিত বিভাগের নোটিশ বোর্ড দেখতে গিয়ে দেখি লিখিত পরীক্ষার ফলাফল অনেক আগেই দেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষাও নেওয়া শেষ। একজন শিক্ষককে বিষয়টা বললাম। তখন দুপুর গড়িয়ে গেছে। স্যার বললেন, ফলাফল চূড়ান্ত হয়ে গেছে, এখনই চূড়ান্ত ফলাফলের নোটিশ দেওয়া হবে। তবুও যাও, হারুন স্যারকে বল। দেখো তিনি কিছু করতে রাজি হন কি না। আমি স্যারকে জিজ্ঞাসা করে জানলাম তিনিই গণিত বইয়ের লেখক হারুনুর রশীদ। আমি অন্তত স্যারকে একবার তাকে দেখার আগ্রহ নিয়েই বিভাগে ঢুকে সালাম দিলাম। দেখলাম বিভাগীয় প্রধানের চেয়ারের প্রায় পেটের মধ্যে একজন বসে আছেন। আমার কল্পনার সেই দীর্ঘদেহী অবয়বের সঙ্গে কোনো মিল নেই! আমি প্রায় সম্মোহিতভাবে স্যারের সামনে দাঁড়িয়ে আমার কথা বললাম। স্যার সোজা আমার দিকে তাকিয়ে বললেন, এ রকম ‘কাছাখোলা’ ছাত্রের গণিত পড়ার কোনো দরকার নেই। আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। খানিকক্ষণ পর বেরিয়ে যাওয়ার জন্য স্যারের অনুমতি চাইলাম। স্যার বললেন, যাচ্ছ কোথায়? বসো। স্যার খাতাপত্র বের করে একটু আমার লিখিত পরীক্ষার নম্বর দেখে মনে হয় একটু সদয় হলেন বলে মনে হলো। কঠিন চোয়াল একটু নরম হলো। তারপর টুকটাক দু’একটা কথা জিজ্ঞেস করে চূড়ান্ত ফলাফলের নোটিশে মনোনীত রোল নম্বরের তালিকায় একটি কাকপদ বসিয়ে আমার রোলটা লিখে বললেন, যাও! কাল ভর্তি হবা। স্যারকে দেখে সম্মোহিত হয়ে নাকি তাঁর ধমকের ভয়ে নাকি ‘কাছাখোলা’ অপবাদ ঘুচাতে অর্থনীতি বিভাগের কথা ভুলে গেলাম, তা আর মনে নেই। ভর্তি হয়ে গেলাম গণিতেই।
গণিত বিভাগে অল্প সংখ্যক শিক্ষার্থী হওয়ায় আমরা শিক্ষকদের ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছি। হারুন স্যারের হাঁটার স্টাইল, ক্লাসে দাঁড়ানোর ভঙ্গি, লেখার ধরন সব কিছুতেই একটা নিজস্বতা ছিল। স্যার আমাদের মনে এতটাই রেখাপাত করেছিলেন যে, ৩০-৩২ বছর পরেও তার প্রতিটা পদক্ষেপ চোখের সামনে অমলিন হয়ে জেগে আছে এবং থাকবে।
সহযোগী অধ্যাপক হিসাবে হারুন স্যার বিভাগীয় প্রধান ছিলেন। ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি এমন দরদ আমি আগে আর কোনো শিক্ষকের মধ্যে দেখিনি। কলেজ বন্ধে তিনি অতিরিক্ত ক্লাস নিতেন। সেই সময়ে ভাল বই খুব অপ্রতুল ছিল। সেমিনার কক্ষও তেমন সমৃদ্ধ নয়। স্যারের নিজের বেশ কিছু উপযোগী বই ছিল। আমরা সে সব বই অবলীলায় ব্যবহার করেছি। বই দিতে তিনি কখনও কার্পণ্য করেননি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র সংগ্রহ করে বই আকারে বাঁধাই করে রেখেছিলেন। সেই প্রশ্নের বইগুলো সমাধান এবং চর্চা করার জন্য স্যার আমাদের দিতেন।
স্যারকে নিয়ে যে সব স্মৃতি তা বলতে গেলে শেষ হবে না। স্যার অসাধারণ কথক। খুব সাধারণ একটা ঘটনা এমন চমৎকার করে উপস্থাপন করতে পারেন যে, শ্রোতারা বিমুগ্ধ হয়ে শোনেন, ক্লান্ত হন না। ক্লাসে তিনি কখনও ১ মিনিট পরে ঢুকেছেন এমন কথা মনে পড়ে না। তাঁর ক্লাস কখনও একঘেয়ে মনে হতো না। হয় ক্লাসের শুরুতে, না হয় শেষে, কখনও মাঝ খানে গল্প শোনাতেন। নিজের অভিজ্ঞতাই বেশি শোনাতেন। শুনে মনে হতো, জগতের সব কৌতূহল উদ্দীপক, উপভোগ্য ঘটনা যেন স্যারের সামনেই ঘটে। দিন তারিখ আবহাওয়াসহ এমন নিখুঁত বর্ণনা আমি খুব কম মানুষকেই করতে শুনেছি। স্যার প্রখর স্মৃতিশক্তির অধিকারী। অনেক তুচ্ছাতিতুচ্ছ ঘটনাও তিনি অবিকল মনে রাখতে পারেন।
সেমিনারে বই কেনার ব্যাপারে স্যারের অগাধ আগ্রহ ছিল। তিনি প্রায়ই বলতেন একটা বইয়ের এক পৃষ্ঠাও যদি কাজে লাগে তাহলে সেই বই কিনে ফেলতে হবে। একটা বইয়ের আয়ুষ্কাল ১০০ বছর হলে আর প্রতিবছর ১০ জন ছাত্রও যদি ওই এক পৃষ্ঠা পড়ে তাহলে বইটা হাজার পৃষ্ঠার বই হয়ে ওঠে। বইয়ের মূল্যটাও এভাবেই হিসাব করতেন।
স্যার সাহিত্য, সংস্কৃতির একজন উত্তম অনুরাগী মানুষ। তাঁর ঘরে দেখেছি বিখ্যাত সব উপন্যাস কবিতা পরিপাটিভাবে সাজানো। তিনি একবার গণিত বিভাগে বসন্তবরণ উৎসব আয়োজনের প্রস্তাব করেন। যে কথা সেই কাজ। স্যারের তত্ত্বাবধানে অনেকদিন ধরে আমাদের রিহার্সাল হয়েছিল। অনুষ্ঠানটি আমরা সফলভাবে শেষ করতে পেরেছিলাম। সমগ্র আয়োজনের পুরোটাই আমাদের গণিত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছিল।
বরাবরই শ্রেণিকক্ষ পছন্দ করতেন স্যার। একবার তিনি অধ্যক্ষ হিসাবে পদায়ন পান কুষ্টিয়ার আমলা কলেজে। তিনি তখন খুব ক্ষুব্ধ হন অধ্যক্ষ পদে পদায়ন করায়। যত দূর মনে পড়ে তাৎক্ষণিক বিমুক্তির আদেশ হয়েছিল। প্রশাসনিক পদ হিসাবে অধ্যক্ষ পদটি একটি কাঙ্ক্ষিত পদ। অথচ স্যার আমাদের ক্লাসে এসে ঘোষণা দিলেন যে তিনি চাকরি ছেড়ে দেবেন। তিনি সদর্পে বললেন, আমি কী খয়রাত করে খাই যে আমাকে চাকরির ভয় দেখায়ে আদেশ করে? অধ্যক্ষ পদ চালাতে থানার দারোগাই যথেষ্ট। আর ক্লাস চালাতে এই হারুনুর রশীদকেই দরকার। অবস্থা এমন হয়ে গেল যে চাকরি ছাড়ার প্রতিজ্ঞায় অনড়। এই অবস্থা দেখে বিকেল বেলা আমরা কয়েকজন ছাত্র স্যারের গোবরচাকার বাড়ি গেলাম বুঝিয়ে স্যারকে অধ্যক্ষ হতে রাজি করতে। অনেক রাত পর্যন্ত আমরা স্যারের সঙ্গে ছিলাম। একটু নরম হয়েছেন মনে হলো। অবশেষে স্যার সেখানে যোগদান করতে আমলা গেলেন। ফিরে এসে আমলা কলেজের গল্পও শোনালেন স্যারের সরস বর্ণনায়। পরে খুলনা পাবলিক কলেজ প্রতিষ্ঠিত হলে সেখানে প্রথম অধ্যক্ষ হিসাবে নিয়োগ পান। সেখানেও অধ্যক্ষ হিসাবে স্বল্প সময়ে খুলনার পাবলিক কলেজকে অন্যতম একটি প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাতে সক্ষম হন।
আমি শিক্ষকতা পেশায় যোগদান করার পর প্রথম পদায়ন হয় লালমনিরহাট সরকারি কলেজে। ১৯৯৬ সাল। একদিন দেখি একটি খামে স্যারের চিঠি এসে হাজির। শুভেচ্ছা জানিয়েছেন। ছাত্র হিসাবে একজন শিক্ষকের চিঠি পেয়ে আমি খুবই আবেগ আপ্লুত হয়েছিলাম। ২০০৩ সালের দিকে আমি খুলনায় বি এল কলেজে যোগদানের পর স্যারের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ হয়। স্যার একদিন বললেন গণিত শিক্ষকদের নিয়ে একটি সংগঠন করা যায়। শ্রেণি পাঠদানে উপভোগ্য এবং সহজবোধ্য করে উপস্থাপনের জন্য কর্মশালা করা যেতে পারে। অনেক আয়োজন করে খুলনা বিভাগের গণিত শিক্ষকদের নিয়ে ২০০৮ সালে গঠন করা হয় ‘গণিত ফোরাম খুলনা’ নামের শিক্ষাবিষয়ক সংগঠন। সে সংগঠন বিগত ১০ বছর ধরে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় দিনব্যাপী কর্মশালা আয়োজন করে আসছে। স্যারের নেতৃত্বেই বছরে একবার খুলনা বিভাগের গণিত শিক্ষকদের নিয়ে ‘খুলনা গণিত সম্মেলন’ আয়োজন করে আসছে গণিত ফোরাম খুলনা। গণিত ফোরাম খুলনা ছাড়াও বি এল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনে নেতৃত্ব দিয়েছেন। মাত্র কয়েক বছরের প্রচেষ্টায় বিএল কলেজের অভ্যন্তরে বি এল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সুদৃশ্য দ্বিতল ভবন নির্মাণ করে প্রায় অসাধ্য সাধন করেছেন। কোনো ছাত্রের বা সহকর্মীর বা বন্ধুর অসুস্থতার খবর পেলেই এই বয়সেও ছুটে যান দেখতে। এই ৮৪-৮৫ বছর বয়সেও স্যার মননে এবং সামর্থ্যে একজন যুবকের মতোই বিচরণ করেন। কোনো সভায় এক মিনিট পরে পৌঁছেছেন এমন রেকর্ড কারও জানা আছে বলে মনে হয় না। অন্তত আমি দেখিনি। তিনি যে স্কুলের ছাত্র ছিলেন সেখানে সাবেক ছাত্রদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। যত দূর মনে পরে সংগঠনের নাম দিয়েছিলেন ‘ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন’। স্যার সত্যিই একজন চিরতরুণ ওল্ড বয়।
পড়া, লেখা এবং সংগঠন এই তাঁর প্রিয় কাজ। এখনও বই লেখার প্রয়োজনে প্রচুর পড়াশোনা করেন। বাংলা ইংরেজি মিলিয়ে প্রায় ৩৫টি বই লিখেছেন। তার অধিকাংশই শ্রেণি পাঠ্য। গণিতের ইতিহাস এবং গণিতের মৌলিক বিষয় নিয়ে কয়েকটি পুস্তিকা লিখেছেন। পৃথিবীর বিখ্যাত শতাধিক গণিতবিদদের জীবনীভিত্তিক ‘গণিত আকাশের উজ্জ্বল তারকাপুঞ্জ’ নামে চমৎকার তথ্যবহুল একটি বই লিখেছেন। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় বইটি প্রকাশিত হয়েছে। এ বইয়ে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর থেল্স থেকে হাল আমলের প্রফেসর জামাল নজরুল ইসলাম পর্যন্ত বিখ্যাত গণিতবিদদের জীবনী এবং তাদের কাজ সম্পর্কে সাধারণ ধারণা সন্নিবেশিত হয়েছে।
শিক্ষক হিসাবে হারুণ স্যার সৌভাগ্যবানও বটে। বি এল কলেজে শিক্ষকতার সুবাদে দক্ষিণাঞ্চলে তাঁর অসংখ্য ছাত্রছাত্রী আছে। তাঁর ব্যক্তিত্ব, পাণ্ডিত্য, সাংগঠনিক দক্ষতা এবং একনিষ্ঠতার কারণে তিনি সকলের শ্রদ্ধাভাজন হতে পেরেছেন। অধ্যাপক সুব্রত মজুমদার, অধ্যাপক শিশির ভট্টাচার্য, অধ্যাপক মাজহারুল ইসলামসহ অনেক বিখ্যাত অধ্যাপক স্যারের ছাত্র ছিলেন। আমি সৌভাগ্যবান যে অনিচ্ছা সত্ত্বেও গণিতে ভর্তি হয়ে এমন একজন শিক্ষক, পণ্ডিত, সংগঠক, নিয়মানুবর্তী এবং সর্বোপরি একজন উঁচু মাপের মানুষের দীর্ঘ সাহচর্য পেয়েছি। প্রিয় শিক্ষকের নাম ছোট হয়ে আসে। তিনি এখনও সেই ছোট নামেই আমাদের ‘হারুন স্যার’।
লেখক: যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক