
যার জন্য অনেক তরুণের বুকে জমে দীর্ঘশ্বাস, মডেল ও অভিনেত্রী সেই মেহজাবিন কার পাশে বসবেন বউ বেশে? সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা...
‘কেমন বর চান?’—বরাবরই এই প্রশ্ন এড়িয়ে গেছেন মেহজাবিন। নয়তো এতই ভাসা ভাসা উত্তর দিয়েছেন, যাতে ‘মানুষটার দুটো চোখ থাকবে, দুটো কান থাকবে, একটা নাক থাকবে...।’ এসব বৈশিষ্ট্যের চেয়ে খুব বেশি কিছু অনুমান করা যায় না। তবু, এটা–ওটা প্রশ্ন ছুড়ে দিয়ে আমরা তাঁর পছন্দটা বুঝতে চেষ্টা করি।
‘ভালো, শিক্ষিত হতে হবে।’ এই হলো মেহজাবিনের প্রথম শর্ত। ‘ভালো’—শব্দটার আরও একটু ব্যাখ্যা প্রয়োজন। এ সময়ের ব্যস্ত এই অভিনেত্রী মনে করেন, ভালো মানুষ সে–ই, যে নিজের মা–বাবার কাছে ‘আদর্শ সন্তান’। আর শিক্ষিত? মেহজাবিন বলেন, ‘গুছিয়ে কথা বলাটা জানতে হবে।’ পর্দায় তাঁর নায়কেরা কখনো কাব্যের ঢঙে কথা বলেছেন, কেউ সহজ কথা একটু ঘুরিয়ে বলতে অভ্যস্ত, কারও কথা আবার একদম সোজাসাপ্টা। নাটকে অভিনয়ের সুবাদে নানা ধরনের চরিত্র যাঁর দেখা হয়ে গেছে, কথা দিয়ে তাঁকে মুগ্ধ করা সহজ নয়!
মনে মনে জীবনসঙ্গীর যে ছবিটা মেহজাবিন এঁকেছেন, সে দেখতে কেমন? পাকানো গোঁফ, নাকি খোঁচা খোঁচা দাড়ি? এইট প্যাক অ্যাবস, নাকি হ্যাংলা–পাতলা শরীর? ঝাঁকড়া–এলোমেলো, নাকি একদম ‘গুডবয়’ ধাঁচে বাঁ পাশে সিঁথি করা চুল? বাঁক খেয়ে আসা আউট সুইঙ্গার বলের মতো প্রশ্নটা দেখেশুনে ছেড়ে দিলেন মেহজাবিন, ‘ওভাবে আসলে কখনো ভাবিনি।’ বলে সঙ্গে যোগ করলেন, ‘দেখতে কেমন হবে, সেটা পরের কথা। তবে তাকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে।’ আচ্ছা! ক্যামেরার সামনে বা পেছনে কাজের ক্ষেত্রে সৃজনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছেন, এমন কেউও তাহলে হতেই পারেন? সেটা অবশ্য লাক্স তারকা নিশ্চিত করে বলতে পারছেন না। প্রেম করে বিয়ে নাকি বিয়ে করে প্রেম—এই প্রশ্ন তাঁর কাছে ‘ডিম আগে না মুরগি আগে’র মতো। কোনোটাতেই তাঁর আপত্তি নেই। প্রেম করে বিয়ে হতে পারে, আবার বাবা–মায়ের পছন্দ করা ছেলেটির পাশেও বউয়ের সাজে দেখা যেতে পারে মেহজাবিনকে।
‘সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া–অভিমান তো থাকবেই। তবে আমার শান্তিপ্রিয় জীবন পছন্দ। আমি খুবই আবেগপ্রবণ। আমাকে খুব বুঝতে হবে।’ বলছিলেন তিনি। অতএব ‘এত্তগুলো’ আবেগ সামলে চলার দায়িত্বটাও নিতে হবে তাঁর সঙ্গীকে। সেসব নাহয় বোঝা গেল, কিন্তু শুভ কাজটা হচ্ছে কবে? মেহজাবিন জানালেন, ‘২০২০ সালের মধ্যে।’