'গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ' বিশ্বব্যাপী সফল কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বাস্তবায়িত ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচির ওপর গবেষণায় দেখা গেছে, কর্মসূচিতে অংশ নেওয়ার সাত বছর পরও পরিবারগুলো স্থিরগতিতে উন্নতি করে যাচ্ছে। চার বছর পর নারী অংশগ্রহণকারীদের আয়মূলক কর্মদিবস ২৫ শতাংশ এবং আয় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাত বছর পর তাঁদের বর্গা নেওয়া বা নিজস্ব জমি চতুর্থ বছরের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

অতিদারিদ্র্য হ্রাসে ‘গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ’ বা অতিদারিদ্র্য থেকে উত্তরণমুখী কৌশল বিষয়ে লন্ডন স্কুল অব ইকোনমিকস পরিচালিত গবেষণায় এসব তথ্য বেরিয়ে এসেছে।

‘গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ’ এমন একটি পদ্ধতি, যা অতিদরিদ্র পরিবারগুলোকে ভঙ্গুর আর্থসামাজিক অবস্থা কাটিয়ে উঠে উন্নয়নের মূলধারার সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। ব্র্যাক এই কৌশলের নিজস্ব একটি মডেল উদ্ভাবন করেছে, যা এর অতিদরিদ্র কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী পরিবারগুলোকে ধাপে ধাপে বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হয়, যার উদ্দেশ্য তাঁরা দুই বছরের মধ্যে চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে।

এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকাসহ দারিদ্র্যপীড়িত দেশে গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ ব্যবহার করে সরকারি-বেসরকারি সংস্থা ও দাতাগোষ্ঠীরা দারিদ্র্য বিমোচন কার্যক্রম পরিচালনা করছে। হন্ডুরাস, ঘানা, ইথিওপিয়া, ভারত, পাকিস্তান, পেরু ও ইয়েমেন এই সাতটি দেশে গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচের পরীক্ষামূলক বাস্তবায়নে দেখা গেছে ৭৫-৯৮ শতাংশ অংশগ্রহণকারী পরিবার অতিদারিদ্র্য থেকে সফলভাবে বেরিয়ে আসতে পেরেছে।

তথ্যসূত্র: অতিদরিদ্র কর্মসূচি, ব্র্যাক