'তোমাকে লড়াই করতে শিখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বি এ এফ শাহীন কলেজের কলেজ শাখার বাংলা বিভাগের প্রভাষক আবুল বাসার। ছবি: লেখক
বি এ এফ শাহীন কলেজের কলেজ শাখার বাংলা বিভাগের প্রভাষক আবুল বাসার। ছবি: লেখক

জীবনে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য বাবা-মা’র পর যে মানুষটির অবদান সব থেকে বেশি, তিনি হলেন আমার প্রিয় শিক্ষক আবুল বাসার স্যার। তিনি বি এ এফ শাহীন কলেজের কলেজ শাখার বাংলা বিভাগের প্রভাষক।

স্যারের ভালোবাসা ও শাসন পেয়েছি নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এত সহজ করে জটিল অংশগুলো বুঝিয়ে দিতেন যে, বিষয়টির প্রতি ভয় কাটার সঙ্গে সঙ্গে স্যারের প্রতি শ্রদ্ধাও বাড়তে থাকে। বাংলা বিষয়ের নানা বিষয় নিয়ে আলোচনায় অনেক কিছু জানতে পারতাম তাঁর কাছ থেকে। তিনি সব সময় অভাব-অনটনে থাকা মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতেন। পড়ায় মন না বসলে সৃজনশীলতার দক্ষতা ও কৌশলে ছড়া বা গল্পের আকারে এমনভাবে বুঝিয়ে দিতেন, যা কোনো দিনও ভোলা যাবে না।

রিদওয়ান ইসলাম
রিদওয়ান ইসলাম

মন খারাপ বা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করলে, স্যার সব সময় মন ভালো করার চেষ্টা করতেন। তিনি ক্লাসের সবার প্রিয়, এমনকি অভিভাবকদের কাছেও আদর্শ ও নিষ্ঠাবান শিক্ষক হিসেবে পরিচিত। কলেজ শাখার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরবও অর্জন করেছেন তিনি।

আবুল বাসার স্যার সব সময় আমাকে বলতেন, ‘তোমাকে ধৈর্য ধরতে হবে। প্রতিজ্ঞা থাকতে হবে।’ যখন আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা হলেই বলতেন একটি কথা। তা হলো—‘অবহেলা করে খুব সহজে সফল হওয়া যায় না। সাফল্যের জন্য প্রতি মুহূর্তে ব্যর্থতার সঙ্গে যুদ্ধ করতে হবে। এক শ জনের সঙ্গে তোমাকে লড়াই করতে শিখতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে অন্যরা তোমাকে অনুসরণ করে। যত বাধা আসুক না কেন, হাল ছেড়ে না দিয়ে লেগে থাকতে শেখো।’

যশোরের বি এ এফ শাহীন কলেজ
যশোরের বি এ এফ শাহীন কলেজ

স্যারের ওই কথাগুলো আমার সব সময়ই মনে পড়ে। তাই জেদ করে পড়াশোনা করে আজ আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভর্তি হতে পেরেছি। এখন আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। এখনো প্রতিটি কাজে স্যারের কথাগুলো মনে পড়ে। ওই কথাগুলো ভেবে কাজটি ঠিকঠাক মতো করতে সাহস পাই। স্যারের সেই উৎসাহ ও উপদেশের জন্যই জীবনের প্রতিটি মুহূর্তে সাফল্যের মুখ দেখছি।

আমার প্রিয় শিক্ষকে জানাই আমার সালাম ও শ্রদ্ধা। কামনা করি তাঁর দীর্ঘ সুস্থ জীবন।

লেখক: স্নাতক শিক্ষার্থী