'ভাষা না বুঝলেও ভালোবাসা বোঝে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে বেড়াতে এসে ফুফু দিনা জহুরার সঙ্গে
বাংলাদেশে বেড়াতে এসে ফুফু দিনা জহুরার সঙ্গে

‘চুপচাপ, শান্ত মেয়েটা আমাদের ভাষা বোঝে না। কথা শুনে শুধু হাসে। কেউ বসলেই তার কোল ঘেঁষে বসে। ভাষা না বুঝলেও ও আমাদের ভালোবাসাটা বোঝে।’ রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিপুরের বাড়িতে বসে এভাবেই ছোটবেলার রিতার কথা স্মরণ করছিলেন তাঁর বড় ফুপু দিনা জহুরা। রিতা, মানে অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণজয়ী মার্গারিতা মামুন। বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক। তাঁর বাবা আবদুল্লাহ আল মামুন ১৯৮৩ সালে রাশিয়ায় পড়াশোনা করতে গিয়ে সেখানেই বিয়ে করে স্থায়ী হন। এরপর প্রতিবছরই দেশে আসতেন, তবে ছেলেমেয়ে বড় হওয়ার পর পরিবারের সবাইকে নিয়ে আর আসা হয়নি।
গত সোমবার তাঁর গ্রামের বাড়ি কাশিপুরে গিয়ে দেখা যায়, আম বাগানের ভেতরে তাঁদের পৈতৃক বাড়িটা এখন পড়েই আছে। সেখানে থাকার কেউ নেই। লাগোয়া পাশের বাড়িতে মামুনের বড় বোন দিনা জহুরা মাঝেমধ্যে থাকেন। আবার নিজের ছেলেমেয়ের কাছে বেড়াতে যান কখনো। সেদিন খোঁজ নিয়ে জানা গেল, তিনি বাড়িতেই আছেন।
তখন সন্ধ্যা হয়ে এসেছে। রিতার বাবা আবদুল্লাহ আল মামুনের স্মৃতিবিজড়িত বাড়িতে সুনসান নীরবতা। পাশেই বড় পুকুর। বাসার সামনে থেকে একটা বাঁধানো সিঁড়ি পুকুরে নেমে গেছে। পাশেই পারিবারিক কবরস্থান। সুন্দর বাঁধানো। সেখানে মামুনের বাবার কবর রয়েছে।
কথা হলো মামুনের বড় ভাই এ এস এম খসরুর (৬৬) সঙ্গে। জানালেন, ১৯৯১ সালে তাঁর মেয়ের বিয়েতে এবং ১৯৯৮ সালে ছেলের বিয়ের অনুষ্ঠানে মামুন সপরিবারে এসেছিলেন। ছেলের বিয়ের সময় ছোট্ট রিতাও এসেছিল। বলছিলেন, ‘ছোট মেয়েটা আমাদের ভাষা বুঝতে পারত না, শুধু হাসত। কে কী বলছে, ওর বাবা ওকে বুঝিয়ে দিত।’
দিনা জহুরা বললেন, ‘রিতার মা-ও খুব ভালো মেয়ে। অন্য ভাইয়ের বউয়েরা সবাই আমাকে বড় আপা বলে ডাকে, এটা সে-ও বুঝে নেয়। আমাকে বড় আপা সম্বোধন করে সে “খারাশো” বা এ ধরনের একটা শব্দ বলত। আমি তো আর বুঝতে পারি না। মামুনকে বললাম, বউ আমাকে “খারাশো” বলছে কেন। মামুন বুঝিয়ে দিল “তুমি খুব ভালো”, তাই বলছে।’
জানা গেল, আবদুল্লাহ আল মামুন দেশে এলে বেশির ভাগ সময় ঢাকায় মেজো বোন জিনাত আরার বাসায় থাকতেন। তখন পরিবারের সবাই জড়ো হতেন সেখানে। মুঠোফোনে যোগাযোগ করলে জিনাত আরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বললেন, ‘রিতা একেবারে আমাদের বাঙালি মেয়ের মতো। আমাদের অন্য ভাইবোনের ছেলেমেয়েদের সঙ্গে খেলত। ছোটবেলায় ওর বাবা প্রতিবছর নিয়ে আসত। তখন কিছু বাংলা শিখেছিল। কক্সবাজার বেড়াতে গিয়েছিল। রাশিয়া থেকে ওর বাবাকে দিয়ে ফোন করে পরিবারে সবার খোঁজ নিত। ওর দাদি যখন হাসপাতালে ছিলেন, তখন প্রতিদিন ফোন করত।’
আবদুল্লাহ আল মামুন মারা গেছেন গত আগস্টের ২৬ তারিখ। ভাইবোনদের মধ্যে সবার ছোট তিনি। পরিবারের সবাই তাই এখনো শোকাহত। দিনা জহুরা বললেন, ‘মামুনের ফোন খোলা আছে কি না, জানার জন্য আমার ছেলে জাহিদুল ইসলাম আজ (সোমবার) ফোন করেছিল। ফোনটা খোলা আছে। রিতার মা আন্না ধরেছিল। অনেক কথা বলেছে। আমার ছেলে রাশিয়ান ভাষা জানে না। বারবার মামুনের নাম বলেছে, এইটুকু সে বুঝতে পেরেছে।’