'মা, তুমি আমার পোলারে বাঁচাইছ'

২০১৩ সালের নভেম্বর, পেট্রল বোমার সহিংসতার দিন তখন। রোজ কিছু মানুষ পুড়ছে। বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়, সকালে মারা যায় অনেক। আমি কাজ করি আর জড়িয়ে যাই একেকটা পরিবারের গল্পে।
এমনই একদিন, ২১ নভেম্বর। তোফাজ্জল নামের নয় বছরের শিশুর তিনটি আঙুল ঝলসে যায় ককটেল বোমায়। তোফাজ্জলের বাবা লুঙ্গি বিক্রি করে। মা রান্না করে মানুষের বাড়িতে বাড়িতে। চিকিৎসার টাকা নেই। পঙ্গু হাসপাতালের বারান্দায় মা–ছেলে কাঁদছে। আমি গিয়েছিলাম খবর আনতে। প্রিয় ক্যামেরাটা বের করে কয়েকটা ছবি তুললাম। পরদিন পত্রিকার শেষ পাতায় ছবি ও নিউজ ছাপা হলো। ছবিটি সাড়া জাগাল।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক নিজ উদ্যোগে আমার হাতে বেশ কিছু টাকা তুলে দিলেন। আমি হাঁটব না দৌড়ে যাব বুঝতে পারছি না । এমন সময় আমাদের বিশেষ প্রতিবেদক জাহাঙ্গীর আলম গাড়িতে করে আমাকে পৌঁছে দিলেন। তোফাজ্জলের মায়ের হাতে টাকা তুলে দিলাম। তিনি আমার মাথায় হাত দিয়ে অনেকক্ষণ ধরে কাঁদলেন। জীবনে একটা কিছু করতে পেরেছি এমন আনন্দ নিয়ে সেদিন ফিরলাম।
শুধু তোফাজ্জল নয়, এক বছরের শিশু লিমা, সুমি, রাকিব, মুরাদ—অনেকের গল্প আমি লিখলাম, সেই সঙ্গে তাঁদের ছবিও তুললাম। ওদের সঙ্গে পারিবারিক একটা বন্ধনই তৈরি হয়ে গেল। গত ঈদেও তোফাজ্জলের মা আমাকে ফোন দিয়ে বলেন, ‘মা, তুমি আমার পোলারে বাঁচাইছ।’ জীবনের এই পাওয়াগুলোর মূল্য আমার কাছে অনেক। এ জন্য আমি আমার কাজকে ভালোবাসি। আমার ছবি, আমার লেখা সংবাদ—এসবই তো আমার জন্য বিশেষ পুরস্কার।

গত ৮ ফেব্রুয়ারি ‘বাবার যত্ন’ শিরোনামে রাজধানী পাতায় একটি ছবি ছাপা হয়। এই ছবিতে দেখা যায়, ফুটপাতে মা নেই। ছোট্ট মেয়ে আমেনাকে বাবা আনোয়ার হোসেন ফুটপাতে মাথায় শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে চুলে তেল দিয়ে আবার বেঁধে দিচ্ছেন। ছবিটি প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বেসরকারি অনেক সংস্থা তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিল।
২০১৩ সালের ১৬ এপ্রিল প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয় ‘নারীর জন্য এ কেমন ব্যবস্থা’ শিরোনামে ঢাকা মেডিকেলে ফরেনসিক বিভাগে ধর্ষণের চিকিৎসা করেন পুরুষ চিকিৎসকেরা। এই সংবাদের পরিপ্রেক্ষিতে সংসদে আলোচনা হয়। দ্রুত সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য মন্ত্রাণালয় সব হাসপাতালের ফরেনসিক বিভাগে দুজন করে নারী চিকিৎসক নিয়োগ দেয়।
কিশোরী ও প্রতিবন্ধী কিশোরীদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক ১৮ ডিসেম্বর। এই ছবিতে দেখা যায় ক্রাচে ভর দিয়ে আত্মবিশ্বাসে বল চালিয়ে গোল করে দলনেতা শাকিলা জাফর।
এমন হাজারো বাধা পেরিয়ে নারী এগিয়ে যাচ্ছে। এমন ছবির পেছনে থাকে অনেক আজানা গল্প। বিভিন্ন সময় হাত কাঁপে রক্ত দেখে। কখনো চোখে পানি থেমে থাকতে চায় না। একবার মোহাম্মাদপুর বস্তিতে আগুনের ছবি তুলছি, হঠাৎ পেছন থেকে কে যেন ধাক্কা দিয়ে ক্যামেরা কেড়ে নিতে চাইল। আমি তো ভ্যাবাচেকা খেয়ে গেলাম। পরে বুঝলাম তার ছেলে মারা গেছে, তাই রাগে–ক্ষোভে সে আমাকে বাধা দেয়।
প্রায় তিন বছর ধরে সাংবাদিকতা করছি। মোটরবাইক চালিয়ে এখন আমি কাজে বের হই। আমার পরিবার থেকে প্রথমে বাধা ছিল আমি মোটরবাইক চালাতে পারব না। বিশেষ করে আমার মা। কিন্তু আমার আপনজনেরা আমাকে সাহস দিয়েছে। প্রায়ই বাইক নিয়ে ঝামেলা হয়। মাঝপথে টায়ার নষ্ট, হাওয়া কমে যায়। তারপরও ঢাকা শহরে রাস্তায় পাবলিক বাসে চলাফেরা করার মতো কষ্ট কমেছে।
নারীর কাজ, পুরুষের কাজ বলে এখনো আলোকচিত্রীর পেশাকে বিভাজন করতে চান অনেকে। তবে এ ক্ষেত্রে টিভি চ্যানেলগুলোও এগিয়ে আছে। আনেক নারী টিভি ক্যামেরা পারসন হিসেবে কাজ করছেন।
আমার হাতে ক্যামেরা দেখে অবাক হয় অনেকে। কাছে এসে জিজ্ঞেস করে আপনি কোন পত্রিকার।
সংবাদ চিত্র সংগ্রহে বেশির ভাগ জায়গায় একাই যেতে হয়। বুড়িগঙ্গা থেকে রেলস্টেশন সবখানে একটা নারী ক্যামেরা হাতে কী করেন? এটা দেখতে ভিড় জমায় লোকেরা। এমন পরিস্থিতিতে এড়ানো খুব বিপত্তিকর। বাজারঘাট সবখানে নারীকে নারীরূপে দেখবে এমনটাই চিরায়ত নিয়ম হয়ে আছে। রাজধানীতে একটু সহজ হলেও ঢাকার বাইরে প্রত্যন্ত গ্রামে আলোকচিত্রী নারীদের কাজ করাটা এখনো বেশ কঠিন।