'মামা, ক্লাস কোথায় হবে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখকের সঙ্গে শিক্ষক তৌহিদুল আলম। ছবি: লেখক
লেখকের সঙ্গে শিক্ষক তৌহিদুল আলম। ছবি: লেখক

‘মামা, ক্লাস কোথায় হবে?’ সাদা প্যান্ট ও হলুদ শার্ট পরা একজনকে জিজ্ঞেস করা হয়েছিল। জিজ্ঞেস করেছিল আমাদের ব্যাচের একজন ভালো নিরীহ ছাত্র। এহেন প্রশ্ন করায় ওই ব্যক্তিও উত্তেজিত হয়ে কি জানি বলেছিলেন! সবকিছু মনে নেই। কিছুক্ষণ পরই ক্লাস শুরু হলো। এলেন ওই ব্যক্তিটিই যাঁকে প্রশ্ন করা হয়েছিল। দেখি তিনিই আমাদের স্যার। আমাদের সবার চোখ তো তখন কপালে!

মেডিকেল কলেজের প্রথম বর্ষের প্রথম দিককার ঘটনা এটি। সেদিন ক্লাসে এসে বোর্ডের কোনায় চক দিয়ে স্যার নিজের নাম লিখেছিলেন। টি আলম, অ্যাসোসিয়েট প্রফেসর। পরে জেনেছিলাম টি আলম মানে তৌহিদুল আলম। স্যারের নাম শুনলেই সবার চোখমুখ ঝকমক করে উঠত। স্যার খুব সুন্দর পড়াতেন। হাসিয়ে অস্থির করে তুলতেন সবাইকে। নিজে আবার হাসতেন না! আমাদের ব্লাড এবং রেনাল সিস্টেম পড়িয়েছিলেন খুব সহজ করে। কোনো জটিলতা পছন্দ করতেন না তিনি। অনেক জটিল জিনিস হাসতে হাসতে এমনভাবে বলতেন, বিস্ময়ে তাকিয়ে থাকতে হতো। প্রথম দিনের ওই ঘটনা স্যার ভুলে গিয়েছিলেন। তবে সেই ছাত্রকে কিন্তু প্রায়ই পড়া ধরতেন!

প্রথম বর্ষে মেডিকেলে সবারই কষ্ট হয়। এক অ্যানাটমির প্যারা। তার ওপর আইটেম, কার্ড, ইয়ার ফাইনাল নানা ঝামেলা। সবাই নানা হতাশায় পড়ে। স্যারের ক্লাসে সেই হতাশা আর থাকে না। মেডিকেল সায়েন্সকে আপন মনে হয়, কাছের মনে হয়। স্যার খুব পছন্দ করতেন তাঁর নিজের একজন শিক্ষককে। তাঁর শিক্ষকের নাম ছিল অধ্যাপক আবদুল হাই। তিনি ফিজিওলজির নামকরা অধ্যাপক ছিলেন। হাই স্যার ম্যানচেস্টার থেকে পিএইচডি করেছিলেন। ইউরিয়া শোষণ নিয়ে হাই স্যারের গুরুত্বপূর্ণ কাজ ছিল। সেই সময়ের বিখ্যাত বইয়ে হাই স্যারের নাম ছিল। তিনি নাকি পান খেতেন খুব। হাই স্যারের পড়ানো ছিল অসাধারণ। টি আলম স্যার তাঁকেই অনুসরণ করতেন। আমরা হাই স্যারকে পাইনি। তবে আরও কয়েকজনের কাছে হাই স্যারের গল্প শুনেছি। হাই স্যারের গল্প শুনে আমি টি আলম স্যারের মধ্যেই হাই স্যারকে খুঁজে পেতাম।

স্যারের একবার হার্ট অ্যাটাক হলো। আমরা দেখতে গিয়েছিলাম। অনেকেই কান্নাকাটি করছিল। রাজশাহী মেডিকেলের প্রায় সবাই দেখতে এসেছিলেন তাঁকে। তখন হৃদ্‌রোগ বিভাগ ছিল ১৯ নম্বর ওয়ার্ডে। এত ভিড় ছিল সেখানে যে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। সবার দোয়া আর ভালোবাসায় স্যার সুস্থ হয়ে উঠলেন। তারপর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন। চিকিৎসা শেষে আবার তিনি ফিরে এলেন আমাদের মাঝে। সবাই স্যারকে কি পরিমাণ ভালোবাসে, সেদিন আমি বুঝেছিলাম। স্যার ক্লাসে এত মজা করতেন। একদিন বললেন, ‘সবাই উত্তরাধিকারসূত্রে পায় গাড়ি, বাড়ি, জমি। আর আমি পেয়েছি হৃদ্‌রোগ।’

এমডি ক্লাসের প্রথম পর্বে স্যারকে আবার পেলাম। তত দিনে স্যার অধ্যাপক হয়ে গেছেন। আমাদের নিউরোফিজিওলজি পড়ালেন সেই আগের মতো করে। গল্পের মতো করে বলা। কোনো দুর্বোধ্যতা নেই। দুর্ভাগ্য যে তাঁর বেশি ক্লাস পাইনি। তবে এ সময় স্যার ধর্মের দিকে অনেকটা ঝুঁকে পড়েছিলেন, কোরআন হাদিসের বিভিন্ন কথা বলতেন। স্যার কীভাবে এত ভালো পড়াতেন—একদিন তাঁর এক কথাতে আমি বুঝেছিলাম। স্যার যখন পিজিতে পড়াশোনা করতেন, তখন বিভিন্ন শিক্ষকের ক্লাসে গিয়ে বসে থাকতেন। সেখান থেকে স্যার অনেক কিছু শিখেছিলেন। বড় বড় মহানুভব শিক্ষকদের সংস্পর্শে এসেছিলেন তিনি। আর স্যারের নিজের গুণ তো ছিলই। সব মিলিয়ে অসাধারণ শিক্ষক হতে পেরেছিলেন টি আলম স্যার।

পরীক্ষক হিসেবে স্যার খুব কড়া ছিলেন না। প্রশ্ন করতেন সহজভাবে। ভুল উত্তর দিলে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন। ভয় লাগত। চলাফেরা এবং পোশাকের ব্যাপারে খুব সাধারণ ছিলেন তিনি। বেসরকারি মেডিকেল কলেজেও স্যার পড়িয়েছেন। সেখানেও খুব জনপ্রিয় ছিলেন তিনি। স্যারের ক্লাস কেউ মিস দিত না।

পাশ করে প্রায় সাড়ে তিন বছর গ্রামে ডাক্তারি করে একদিন রাজশাহীর সাহেব বাজারে বইয়ের দোকানে গিয়েছি। দেখি স্যার বসে আছেন। কাছে গিয়ে পরিচয় দিতেই চিনতে পারলেন। বসে অনেকক্ষণ গল্প করেছিলাম তাঁর সঙ্গে। স্যার খুব স্বল্প সময়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। অনেক স্মৃতিচারণ করলেন। স্যারকে তৃপ্ত মনে হলো। তিনি সারা জীবন সহজ-সরলভাবে জীবন কাটিয়েছেন, কারও ক্ষতি করেননি। নির্লোভ মনের এসব মানুষ শেষ দিন পর্যন্ত ভালো ও তৃপ্ত থাকবেন, তা বলাই বাহুল্য।

কিছুদিন আগে আবার সাহেব বাজারের সেই দোকানে বই কিনতে গিয়েছিলাম। স্যারের খবর জিজ্ঞেস করলাম। শুনলাম স্যারের শরীর ভালো যাচ্ছে না। তবে মাঝে মাঝে সেই বইয়ের দোকানে আসেন। সাধারণ মানুষের সঙ্গেও স্যার খুব সহজভাবে মিশে যেতে পারতেন। শ্রেণি বৈষম্যের বিষয়টি তাঁর মধ্যে নেই।

দোয়া করি স্যার যেন আরও অনেক দিন বেঁচে থাকেন। স্যারের একটা ক্লাসও যাঁরা করেছে, তাঁরা স্যারকে কেউ ভুলতে পারবেন না। স্যারের প্রতি ভালো লাগাটা এখনো প্রথম ভালো লাগার মতোই থেকে গেছে। ভালোবাসি স্যারকে। অন্তরের অন্তঃস্থল থেকে স্যারের প্রতি শ্রদ্ধা রইল।

লেখক: মেডিকেল অফিসার, মানসিক হাসপাতাল, পাবনা