
ঈদের গল্প নিয়ে বলতে গেলে প্রথমেই আসে কেনাকাটার কথা। আমার শাড়ি কেনার অতীতের অভিজ্ঞতাগুলো অতুলনীয়। মনে পড়ে, ঈদের আগে আগে স্বামীকে নিয়ে বাজারে যেতাম শাড়ি কিনতে। শাড়ি দেখছি। হঠাৎ দেখা গেল, পাশের একজন মেয়ের হাতে একটি শাড়ি। তিনি দেখছেন। তখন মনে হতো, ওই শাড়িটির চেয়ে সুন্দর শাড়ি দুনিয়ায় দ্বিতীয়টি নেই। উৎকণ্ঠা নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতাম, তিনি কখন দোকানির হাতে শাড়িটি ফেরত দেবেন। হাত থেকে শাড়িটি রাখামাত্র তা লুফে নিতাম। দেরি হলে ইচ্ছা হতো, তাঁর হাত থেকে শাড়িটি ছিনতাই করে নিই। আর যদি শাড়িটি কিনে ফেলতেন, তখন মনে হতো, বুঝি সবই হারালাম। সেটা ছিল এক কঠিন মনস্তাত্ত্বিক যুদ্ধ। এমন অভিজ্ঞতা অনেকবার হয়েছে। সেই মধুর অভিজ্ঞতা এখন খুব একটা হয় না। সেই আনন্দও পাই না।
ঈদ সব সময়ে আনন্দের। পৈতৃক ভিটার সঙ্গে মানুষের যেমন নাড়ির সম্পর্ক, ঈদও অনেকটা সে রকম। পরিবারের সব সদস্যের মধ্যে মেলবন্ধন হিসেবে কাজ করে। যে যেখানেই থাকুন না কেন, সবাইকে এক জায়গায় এনে দেয়। মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন—সবার সঙ্গে দেখা হয়ে যায়।
ছোটবেলায় ভালো লাগত মুরব্বিদের পায়ে সালাম করে তাঁদের কাছ থেকে সেলামি পাওয়া। এসব হিসাব কষতে শুরু করতাম, সেলামির টাকা দিয়ে কী করা যায়। তবে বেশির ভাগ সময় সেলামির টাকা দিয়ে শুধুই আইসক্রিম খেয়েছি।
ছোটবেলার ঈদে পারিবারিক কোনো দায়দায়িত্ব ছিল না। নতুন জামা পেতাম। সকালে নতুন জামা পরে বন্ধুদের বাসায় বেড়াতে বের হতাম। বন্ধুদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বাসায় যখন ফিরতাম, ততক্ষণে পেট ভর্তি। খেতে আর ইচ্ছা করত না।
আশির দশকের শুরুর কথা। কৈশোরের ঈদ ছিল কিছুটা ভিন্ন রকম আনন্দের। সেই বয়সে কিছুটা সংসারি হয়ে উঠতে হয়। বাড়ির কাজে মাকে সহযোগিতা করতে হয়। তবে একটি বিষয় খুব মজার ছিল। ঈদের আগের দিন থেকে মেহেদিগাছ খোঁজার অভিযান শুরু হতো। যে করেই হোক মেহেদি পাতা আনা হতো। তারপর রাতে সেটা শিল–পাটায় বেটে হাতে মাখার আয়োজন চলত। যে যত বেশি সুন্দর আলপনা আঁকতে পারত, সবার কাছে তার কদর ছিল বেশি। কখনো কখনো রাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়তাম রং পাকা করার জন্য। সকালে ধুয়ে ফেলতাম। এখন অবশ্য দিন পাল্টে গেছে। মেহেদিপাতা সংগ্রহ করে শিল–পাটায় বাটতে হয় না। বাজারে তৈরি মেহেদি পাওয়া যায়। গাছের মেহেদিপাতা এখনো ভালো মনে হয়।
বিয়ের পর নব্বই দশকের শুরুতে ঈদের আনন্দের ধরনে কিছুটা পরিবর্তন আসে। স্বামীকে সঙ্গে নিয়ে দোকান থেকে দোকান, মার্কেট থেকে মার্কেেট ঘুরে বেড়াতাম। শাড়ি কেনা ছিল অন্যতম কাজ। সেই শাড়ি কেনার কাজ যখন শেষ হতো, ততক্ষণে ঈদের আগের সন্ধ্যা। শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ বানানো ছিল দ্বিতীয় চ্যালেঞ্জ। রাতেই দরজির কাছে গিয়ে হাত-পা ধরার মতো অবস্থা করতে হতো। চাঁদরাতে সওদা করার মতো অবস্থা। যেকোনো মূল্যে পরের দিন সকালের মধ্যেই ব্লাউজ চাই। শেষ পর্যন্ত বাড়তি টাকা দিলে দরজিরা রাজি হতেন।
সেই সময়ে কেনাকাটার জন্য আমরা নিউমার্কেটে যেতাম। এখন আর নিউমার্কেটে ছুটতে হয় না। কারণ, ঢাকা শহরে অনেক মার্কেট। সেখানে তৈরি পোশাক পাওয়া যায়। দরজিকে ডিজাইন বুঝিয়ে দিয়ে ফরমাশ করে জামা বানাতে হয় না। অথচ মনে আছে, আমার মা ঈদের আগে থেকে বিভিন্ন ম্যাগাজিন ঘাঁটাঘাঁটি করে আমার জন্য ডিজাইন পছন্দ করতেন। তারপর দরজির কাছে গিয়ে সেটা বুঝিয়ে দিয়ে আসতেন। একবার দেখা গেল, দরজির পাঠানো প্যাকেটে আমার জামা নেই। ঈদের বাকি তখন মাত্র এক দিন। আমার মন প্রচণ্ড রকম খারাপ হয়ে গেল। তখন বয়স মাত্র ছয় কি সাত। মন খারাপ করারই বয়স। রাতে অবশ্য জামাটি পাওয়া গেল। ভুলে আরেকজনের প্যাকেটে চলে গিয়েছিল।

ছোটবেলার সেই দিনগুলো হারিয়ে গেছে। এখন আমার পুরো সংসারের দায়িত্বই নিজেকে সামলাতে হয়। এক অর্থে আনন্দের চেয়ে দায়িত্ব নিয়ে বেশি ভাবতে হয়। স্বামী-সন্তান, আত্মীয়স্বজনের ঈদ কীভাবে সুন্দর হবে, সেদিকে বেশি লক্ষ রাখতে হয়। সবার জন্য কেনাকাটা করতে হয়। আজকাল ছেলেমেয়েদের চাহিদা অনেক বেশি। রুচিবোধও ভিন্ন। দেখতে হয়, কারও মন খারাপ হলো কি না। অন্যরা সবাই খুশি হলেই নিজে আনন্দ পাই। আগে মা-বাবা যা–ই কিনে দিতেন, মেনে নিতাম। এখন ছেলেমেয়েদের নিজেদের পছন্দকে গুরুত্ব দিতে হয়। অবশ্য এখন মানুষের কেনার ক্ষমতাও বেড়েছে। তাই উপহার আদান-প্রদান বেড়েছে।
আজকাল ছেলেমেয়েরা অনেক বেশি আধুনিক। বিজ্ঞাপন দেখে তারা আগেই ঠিক করে ফেলে কোন পোশাকটি কিনবে। অনেকে বাজারে না গিয়ে অনলাইনেও ফরমাশ দিয়ে দিচ্ছে। পছন্দের পোশাকটি ঘরে এসে যাচ্ছে। যাদের সামর্থ্য আছে, তারা আরও বেশি শৌখিন। ঈদের দিন বৃষ্টি হলে সেই আবহাওয়া ধরে পোশাক পরে। টিপ, লিপস্টিকের রংও বদলে যায়।
অতীতে ঈদের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক ছিল সীমিত। গরু-ছাগল বা সেমাই চিনি কেনা পর্যন্ত। এখন ঈদের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক বিস্তর। ব্যবসায়ীরা ঈদকে কেন্দ্র করে পসরা সাজান। সে জন্য তাঁরা পরিকল্পনামাফিক পুঁজি বিনিয়োগ করেন। ঈদের এক মাস আগে থেকে পত্রপত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন দিতে শুরু করেন। এতে করে ব্যবসায় প্রতিযোগিতা বেড়েছে। বেশির ভাগ দোকানই এক দরে বিক্রি করে। বিষয়টি ক্রেতাদের জন্য স্বস্তিরও বটে। কিন্তু এতে একটি সুন্দর বিষয় হারিয়ে গেছে। মনস্তাত্ত্বিক টানাপোড়েনের সুখানুভূতি অনেকাংশেই হারিয়ে গেছে।
স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ
চেয়ারপারসন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন