'স্যারের হাঁটা = আমাদের দৌড়'

২০১১ সালের জানুয়ারি মাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ক্লাস আরম্ভ হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। দেখলাম, একজন শিক্ষক দৌড়ে ক্লাসে ঢুকলেন (স্যারের হাঁটা = আমাদের দৌড়)। বলছি আমার প্রিয় শিক্ষক অধ্যাপক এম. খলিলুর রহমান খানের কথা। যেমন স্যারের হাঁটার গতি, তেমনি পড়ানোর ধরন। কথা-বার্তা, চাল-চলন, আচার-আচরণে স্যার অনন্য। আমার কম কথা বলার স্বভাবের কারণে স্নাতকে পড়ার সময় স্যারের সঙ্গে খুব বেশি কথা বলা হয়নি।

আমি ম্যাটেরিয়ালস সায়েন্সে আগ্রহী ছিলাম। তাই স্নাতক পাশ করে স্যারের ল্যাবে থিসিস করা শুরু করলাম। স্যার আমার থিসিস সুপারভাইজার ছিলেন না। তারপরও তিনি আমার নিয়মিত খবর নিতেন, দিক-নির্দেশনা দিতেন। আমার থিসিস প্রকল্পটি ছিল বিভাগে নতুন। ফলে সেটি বেশ চ্যালেঞ্জিং ছিল। অন্যদিকে যন্ত্রপাতির অভাবে কাজ ফলপ্রসূ হচ্ছিল না। আমাদের ব্যাচে আমি ছিলাম সবচেয়ে দুর্বল। তাই স্যার আমার দিকে বেশ খেয়াল রাখতেন। ওই সময় বিভাগের একটি অনুষ্ঠানে স্যারকে ‘বেস্ট রিসার্চার অব দ্য ইয়ার’ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে স্যারকে অনুভূতি ব্যক্ত করতে বলা হয়েছিল। স্যারের শেষ কথাটি ছিল, ‘যন্ত্রপাতির অভাবে আমার এক ছাত্র কাজ করতে পারছে না। আমার এই প্রাইজমানি বিভাগের চেয়ারম্যানের হাতে তুলে দিচ্ছি। স্যার যেন দ্রুত যন্ত্র কেনার ব্যবস্থা করেন।’
স্যারের অকৃত্রিম উৎসাহ ও অনুপ্রেরণা নিয়েই উচ্চশিক্ষায় পা বাড়িয়েছি। স্যারের উপদেশগুলো সব সময় স্মৃতিতে দোলা দিয়ে যায়।

স্যার, আপনার প্রতি অনেক অনেক শুভকামনা। আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি।
লেখক: ইরাসমাস মুন্ডুস স্কলার, কেমিক্যাল ন্যানো ইঞ্জিনিয়ারিং বিভাগ, এইক্স-মারসী বিশ্ববিদ্যালয়, ফ্রান্স